মেক্সিকো-পর্তুগাল ম্যাচের আগে গ্যালারি থেকে পড়ে দর্শকের মৃত্যু
ঐতিহাসিক আসতেকা স্টেডিয়ামের নতুন পথচলা শুরুর উৎসবের আবহেই নেমে এলো বিষাদের ছায়া।
উপলক্ষটি ছিল উৎসবের। মেক্সিকো ও পর্তুগালের প্রীতি ম্যাচ দিয়ে ঐতিহাসিক আসতেকা স্টেডিয়াম সংস্কারের পর চালু হচ্ছে আবার। গর্বের স্টেডিয়ামে নতুন পথচলায় মেক্সিকানরা ভিড় করেছিলেন গ্যালারিতে। চারপাশে ছিল আনন্দের জোয়ার। এর মধ্যেই হুট করে নেমে এলো বিষাদের ছোঁয়া। জানা গেল, গ্যালারি থেকে পড়ে মারা গেছেন এক দর্শক।
নিরাপত্তা কর্মকর্তারা জানান, ম্যাচ শুরুর কিছুক্ষণ আগে বক্স সিট এলাকা থেকে পড়ে ওই ব্যক্তি প্রাণ হারান।
অনেক ইতিহাসের স্বাক্ষী এই স্টেডিয়ামকে নতুন করে সাজিয়ে তোলা হয়েছে এবারের বিশ্বকাপের জন্য। প্রথমবারের মতো এক মাঠে তিনটি বিশ্বকাপের ম্যাচ আয়োজন করে আরেকটি ইতিহাস গড়ার অপেক্ষায় এই মাঠ। ফুটবল বিশ্বে আসতেকা নামে পরিচিত হলেও নাম পরিবর্তন করে এখন এটির নাম বানোর্তে স্টেডিয়াম। আগামী ১১ জুন বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচ ও উদ্বোধনী অনুষ্ঠান হবে এই মাঠেই।
সংস্কারের জন্য প্রায় দুই বছর বন্ধ থাকার পর মেক্সিকো-পর্তুগালের এই ম্যাচ দিয়ে আবার যাত্রা শুরু হলো এই মাঠের। সেখানেই এমন দুর্ঘটনার হানা।
কর্তৃপক্ষ অবশ্য জানিয়েছে, মারা যাওয়া লোকটি মাতাল ছিলেন। কাঠামোর বাইরের অংশ বেয়ে দ্বিতীয় তলার বক্স সিট থেকে প্রথম তলায় লাফ দেওয়ার চেষ্টা করলে তিনি নিচতলায় পড়ে যান।
ম্যাচটি গোলশূন্য ড্র হয়।
