‘আপাতত’ ইউভেন্তুসের দায়িত্বে মনতেরো
মৌসুমের বাকি অংশে মাস্সিমিলিয়ানো আল্লেগ্রির শুন্যতা পূরণ করবেন এই কোচ।
বাজে আচরণের দায়ে মাস্সিমিলিয়ানো আল্লেগ্রিকে বিদায় করে দেওয়ার পর তার উত্তরসূরির নাম জানাল ইউভেন্তুস। মৌসুমের বাকি অংশে জন্য পাওলো মনতেরো ডাগআউটে থাকবেন বলে জানিয়েছে সেরি আ’র ক্লাবটি।
গত বুধবার রাতে ইতালিয়ান কাপের ফাইনাল চলাকালে এবং পরে বাজে আচরণ করেন আল্লেগ্রি। কোচের আচরণ মেনে নিতে না পেরে শিরোপা জয়ের দুই দিন পর তাকে বহিস্কার করে ইউভেন্তুস।
আতালান্তাকে ১-০ গোলে হারিয়ে শিরোপা জেতা ম্যাচের শেষ দিকে ম্যাচ অফিসিয়ালদের কটূক্তি করেও ক্ষান্ত হননি আল্লেগ্রি। ইতালিয়ান সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, খেলা শেষে ম্যাচ অফিসিয়াল, ইউভেন্তুসের স্টাফ এবং একটি সংবাদপত্রের পরিচালকের সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়েন তিনি।
ইউভেন্তুসের বয়সভিত্তিক দলের কোচ মনতেরো। তিনি মূলত সামলান অনূর্ধ্ব-১৯ দলকে। সেরি আ’য় সিনিয়র দলের বাকি আছে আর দুই ম্যাচ। আগামী সোমবার বোলোনিয়া ও আগামী ২৬ মে ঘরের মাঠে তারা মুখোমুখি হবে মোনসার।
মৌসুমে মাত্র এই দুই ম্যাচ বাকি থাকায় আপাতত মনতেরোর কাঁধেই দায়িত্ব তুলে দেওয়ার সিদ্ধান্ত রোববার জানিয়েছে ইউভেন্তুস। ৫২ বছর বয়সী মনতেরো ক্লাব ক্যারিয়ারে ইউভেন্তুসের হয়ে খেলেছেন ১৯৯৬ থেকে ২০০৫ সাল পর্যন্ত। চার বার সেরি আ চ্যাম্পিয়ন হওয়ার অভিজ্ঞতাও আছে উরুগুয়ের এই সাবেক ডিফেন্ডারের।
মনতেরোর নিয়োগ দেওয়ার বিবৃতিতে তার জন্য শুভকামনাও জানিয়েছে ইউভেন্তুস।
“পাওলো ইউভেন্তুসের একজন কিংবদন্তি, প্রথমত মাঠের খেলোয়াড় হিসেবে এবং দীর্ঘদিন ধরে ক্লাবের ডিএনএ ধারণ করাদের একজন তিনি। শুভকামনা পাওলো!”
সেরি আর টেবিলে এ মুহূর্তে ৩৬ ম্যাচে ৬৭ পয়েন্ট নিয়ে চতুর্থ স্থানে আছে ইউভেন্তুস।
