২০ সেপ্টেম্বর ২০২৬, ০৪ আশ্বিন ১৪৩৩

রক্ষণে আর্জেন্টিনাকে উন্নতির তাগিদ দিলেন রোমেরো

ডিফেন্ডার ক্রিশ্চিয়ান রোমেরো মনে করেন, বিশ্বকাপে ভালো করতে হলে রক্ষণে উন্নতি করতেই হবে তাদের।

রক্ষণে আর্জেন্টিনাকে উন্নতির তাগিদ দিলেন রোমেরো
আর্জেন্টিনার দুই ডিফেন্ডার লিসান্দ্রো মার্তিনেস (বাঁয়ে) ও ক্রিশ্চিয়ান রোমেরো। ছবি: রয়টার্স

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Jul 2026, 02:03 PM

Updated : 11 Sep 2026, 03:38 PM

নকআউট পর্বে দুই ম‍্যাচে চার গোল হজম করাটা মানতে পারছেন না ক্রিশ্চিয়ান রোমেরো। বিশ্বকাপে এগিয়ে যেতে রক্ষণে উন্নতির তাগিদ দিয়েছেন আর্জেন্টিনার এই ডিফেন্ডার। 

কোয়ার্টার-ফাইনালে সুইজারল‍্যান্ডের মুখোমুখি হবে আর্জেন্টিনা। ১২ জুলাই খেলা শুরু হবে বাংলাদেশ সময় ৭টায় (এএম)। 

গ্রুপ পর্বে তিন ম‍্যাচে কেবল একটি গোল হজম করেছিল আর্জেন্টিনা। শেষ বত্রিশে কেইপ ভার্ডে ও শেষ ষোলোয় মিশরের বিপক্ষে দুটি করে গোল হজম করে বিশ্ব চ‍্যাম্পিয়নরা। এই ব‍্যাপারটা ভাবাচ্ছে রোমেরোকে। 

“আমরা ভালো করছি, যদিও নিশ্চিতভাবেই এখানে কিছু বিষয়ে উন্নতি প্রয়োজন। আমাদের সাম্প্রতিক ম‍্যাচগুলোতে আমরা চার গোল হজম করেছি। গোল হজম আমাদের ভাবায়।

“এর বাইরে আমরা সবসময়ই দলের প্রয়োজনে নিয়োজিত আছি, নিজেদের সেরাটা দিতে এবং কোচের নির্দেশ অনুযায়ী খেলতে প্রস্তুত আছি।”

আলজেরিয়া ও অস্ট্রিয়ার বিপক্ষে কোনো গোল হজম করেনি আর্জেন্টিনা। জর্ডানের বিপক্ষে হজম করে এক গোল। নকআউট পর্বে ৩-২ ব‍্যবধানের দুই জয় রক্ষণ নিয়ে উদ্বেগ জাগিয়েছে। 

সতীর্থদের আরও মনোযোগী থাকার তাগিদ দিয়েছেন আরেক সেন্টার ব‍্যাক লিসান্দ্রো মার্তিনেস। 

“আমরা গোল খাওয়া পছন্দ করি না। আমাদের অবশ‍্যই আরেকটু বেশি মনোযোগী হতে হবে। আমরা গোলগুলো এড়াতে পারি। এটা খেলার অংশ। এটা ভালো যে, টুর্নামেন্টের এই পর্যায়ে এমন ঘটল।”