২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

দুই বছরের জন্য নিষিদ্ধ স্প্যানিশ ফুটবল প্রধান

আচরণবিধি ভঙ্গের দায়ে ৩৩ হাজার ইউরো জরিমানাও করা হয়েছে পেদ্রো রোচাকে।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Jul 2024, 12:00 AM

Updated : 26 Aug 2026, 10:01 AM

মোরাতা-ইয়ামালদের ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপ জয়ের দুই দিন পরই স্প্যানিশ ফুটবল ফেডারেশনে (আরএফইএফ) দেখা দিয়েছে অস্থিরতা। আচরণবিধি ভঙ্গের দায়ে ফেডারেশনের সভাপতি পেদ্রো রোচাকে দুই বছরের জন্য নিষিদ্ধ করেছে স্পেনের প্রশাসনিক ক্রীড়া আদালত (টিএডি)।

আদালত মঙ্গলবার এই রায় দেয়। এর আগে ‘খুব গুরুতর অসদাচরণের’ জন্য রোচার বিরুদ্ধে তদন্ত শুরু করেছিল টিএডি।

গত বছরের অগাস্টে মেয়েদের বিশ্বকাপ ফাইনালের পুরস্কার বিতরণী মঞ্চে স্পেনের ফরোয়ার্ড জেনিফার এরমোসোর ঠোঁটে চুম্বনের প্রেক্ষিতে চাপের মুখে পরের মাসে পদত্যাগ করেন আরএফইএফ-এর তখনকার সভাপতি লুইস রুবিয়ালেস। এরপর অন্তর্বর্তীকালীন সভাপতি হিসেবে দায়িত্ব নেন রোচা। গত এপ্রিলে সভাপতি হিসেবে নিয়োগ পান তিনি। 

আরএফইএফ-এর ব্যবস্থাপনা কমিটির সভাপতি হিসেবে রোচার একমাত্র অফিসিয়াল দায়িত্ব ছিল নতুন সভাপতি নির্বাচনের জন্য নির্বাচন পরিচালনা করা। দায়িত্বে থাকাকালীন সাধারণ সম্পাদক আন্দ্রেউ কাম্পস-সহ আরএফইএফ সিনিয়র সদস্যদের বরখাস্ত করাসহ নিজের ক্ষমতার বাইরে সিদ্ধান্ত নেন রোচা।

সভাপতির পদ থেকে অপসারণের পাশাপাশি ৩৩ হাজার ইউরো জরিমানাও করা হয়েছে তাকে।

বার্লিনে গত রোববার রাতে ইউরোর ফাইনালে ইংল্যান্ডকে ২-১ গোলে হারিয়ে রেকর্ড চতুর্থ শিরোপা জয়ের পর সোমবার দেশে ফেরে স্পেন দল। পরদিনই এলো টিএডি-এর এই রায়।

দুর্নীতির অভিযোগে রোচা ও সাবেক সভাপতি রুবিয়ালেসের বিরুদ্ধে আলাদা একটি স্প্যানিশ বিচার বিভাগীয় তদন্তও হয়েছে এই বছরে।