২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পুঁজিবাজারের ‘অর্থ পাচার’ তদন্ত হচ্ছে

পুঁজিবাজার সংশ্লিষ্ট কয়েক ব্যক্তির অর্থ পাচারের অভিযোগ খতিয়ে দেখতে একটি কমিটি করেছে দুদক। সালাহউদ্দিন ওয়াহিদের প্রতিবেদন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Sep 2012, 01:51 PM

Updated : 24 Aug 2022, 12:13 PM

ঢাকা, সেপ্টেম্বর ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পুঁজিবাজার সংশ্লিষ্ট কয়েক ব্যক্তির অর্থ পাচারের অভিযোগ খতিয়ে দেখতে একটি তদন্ত কমিটি গঠন করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। বৃহস্পতিবার পাঁচ সদস্যের এ কমিটি করা হয় বলে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানিয়েছেন কমিশনের চেয়ারম্যান গোলাম রহমান। তিনি বলেন, “শেয়ারবাজার সংশ্লিষ্ট কিছু ব্যক্তি মানি লন্ডারিং করেছে বলে আমরা অভিযোগ পেয়েছি। তা খতিয়ে দেখার জন্যই তদন্ত করা হচ্ছে।” ২০১০ সালের ডিসেম্বর থেকে পুঁজিবাজারে ধস শুরু হলে কৃষি ব্যাংকের চেয়ারম্যান খন্দকার ইব্রাহিম খালেদকে প্রধান করে একটি তদন্ত কমিটি গঠন করা হয়। ওই কমিটির প্রতিবেদনে শেয়ার বাজার কারসাজির বেশ কয়েকটি ঘটনার উল্লেখ করে এ বিষয়ে আরো তদন্ত করতে এসইসিকে পরামর্শ দেয়া হয়। এরপর এসইসির তদন্তে পুঁজিবাজার সংশ্লিষ্ট কয়েকজনের অর্থ পাচারের তথ্য পাওয়া যায় বলে সংবাদ মাধ্যমে প্রকাশিত প্রতিবেদনে বলা হয়। প্রধান বিরোধী দল বিএনপি দাবি করে আসছে, পুঁজিবাজার থেকে কয়েক হাজার কোটি টাকা বিদেশে পাচার হয়েছে এবং এতে সরকারি দলের নেতাদের সংশ্লিষ্টতা রয়েছে। সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (এসইসি) সুপারিশের ভিত্তিতে এ তদন্ত করা হচ্ছে কি না- জানতে চাওয়া হলে দুদক চেয়ারম্যান বলেন, “মানি লন্ডারিং সংক্রান্ত যে কোনো অপরাধ দুদকের তফসিলভুক্ত। এ বিষয়ে কমিশনারের সঙ্গে এসইসির কথা হয়েছে।” নাম প্রকাশে অনিচ্ছুক এক দুদক কর্মকর্তা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, কমিশনের উপপরিচালক হারুন অর রশিদের নেতৃত্বাধীন এই কমিটির দলের অন্য সদস্যরা হলেন মনিরুল ইসলাম, হাফিজুর রহমান, রেজাউল ইসলাম তরফদার ও তাজুল ইসলাম। সদস্যরা সবাই দুদকের উপসহকারী পরিচালক। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসডব্লিউ/আরবি/এমআই/২১০৫ ঘ.