ঢাকা, সেপ্টেম্বর ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সপ্তাহের চতুর্থ দিন ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচক পতন হলেও লেনদেন সামান্য বেড়েছে।
বুধবার বেলা সাড়ে ১০টায় লেনদেন শুরুর পরপরই ডিএসইর সাধারণ সূচক উঠতে শুরু করে। তবে এরপর লেনদেন এগোতে থাকে ওঠানামার মধ্য দিয়ে।
দিনশেষে সূচক দাঁড়ায় ৪ হাজার ৭৩২ পয়েন্ট, যা আগের দিনের চেয়ে ৪২ পয়েন্ট কম।
এদিন হাতবদল হয় ১ হাজার ১৭২ কোটি টাকার শেয়ার ও মিউচুয়াল ফান্ড, যা আগের দিনের চেয়ে প্রায় ১৯ কোটি টাকা বেশি। এর মধ্যে দাম বাড়ে ১১১টি শেয়ারের, কমে ১৪৯টির এবং অপরিবর্তিত ছিল ১৩টির দাম।
এর আগে মঙ্গলবার ডিএসই সূচকে যোগ হয় ৩৭ পয়েন্ট; হাতবদল হয় ১ হাজার ১৫৩ কোটি টাকার।
সপ্তাহের দ্বিতীয় দিন সোমবার ডিএসইর সাধারণ সূচক ৬৩ পয়েন্ট কমে গেলেও তার আগের দিন সূচক ১২১ পয়েন্ট ওঠে।
গত সপ্তাহে ডিএসইর সাধারণ সূচক মোট ২৪৭ পয়েন্ট বাড়ে। দৈনিক গড় লেনদেন ছিল ১ হাজার ১১৭ কোটি টাকা। তার আগের সপ্তাহে ডিএসই সাধারণ সূচক বাড়ে ১০৭ পয়েন্ট।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এফএফএস/জেকে/১৫১২ ঘ.
bdnews24