ঢাকা, সেপ্টেম্বর ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পুঁজিবাজারে তালিকাভুক্ত বিএসআরএম স্টিলের উদ্যোক্তার শেয়ার বিক্রি বন্ধে নিয়ন্ত্রণ সংস্থার হস্তক্ষেপ চেয়েছে ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই)।
বুধবার এসইসিকে এ বিষয়ে ‘ব্যবস্থা গ্রহণের জন্য’ একটি চিঠি পাঠিয়েছেন ডিএসইর প্রধান নির্বাহী কর্মকর্তা মুশাররফ হোসেন।
গত ২০ দিনের মধ্যে তিনটি নোটিসে এক কোটি শেয়ার বিক্রির ঘোষণা দেয় বিএসআরএম স্টিলের উদ্যোক্তা ‘এইচ আকবরআলী অ্যান্ড কোম্পানি লিমিটেড’। বুধবারের বাজার মূল্যে এ শেয়ারের দাম প্রায় ৯১ কোটি টাকা।
এ বিষয়ে আপত্তি জানিয়ে ডিএসইর চিঠিতে বলা হয়েছে, “আমরা পরীক্ষা-নিরীক্ষা করে জানতে পেরেছি অতীতে কোম্পানিটির শেয়ার দর শীর্ষে ওঠার পর উদ্যোক্তা পরিচালক ঘনঘন শেয়ার বিক্রি করেছেন।”
২০১০ ও ২০১১ সালে বিএসআরএমের উদ্যোক্তার শেয়ার বিক্রির তথ্য দিয়ে বলা হয়েছে, “বর্তমানে পুঁজিবাজার যখন স্থিতিশীলত হচ্ছে এবং শেয়ারের মূল্য ও লেনদেনের পরিমাণ যখন বাড়ছে তখনই বিএসআরএমের উদ্যোক্তারা বিপুল পরিমাণে শেয়ার বিক্রি শুরু করেছে। একটি কোম্পানির উদ্যোক্তার এ ধরণের কর্মকাণ্ড স্থিতিশীল বাজারকে ক্ষতি করে।”
এসইসিকে শেয়ার বিক্রি বন্ধের আবেদন জানিয়ে চিঠিতে বলা হয়েছে, “এইচ আকবরআলী অ্যান্ড কোম্পানি লিমিটেডের শেয়ার বিক্রি বন্ধে হস্তক্ষেপ এবং এ বিষয়টি তদন্ত করে দেখার আবেদন জানাচ্ছি।”
চিঠিতে উদ্যোক্তা-পরিচালকদের শেয়ার বিক্রির কারণে পুরো বাজার যাতে প্রভাবিত না হয় সেজন্য তাদের শেয়ার ‘শুধুমাত্র’ ব্লক মার্কেটে বিক্রি করার জন্য পদক্ষেপ নিতে এসইসিকে অনুরোধ জানানো হয়েছে।
এ বিষয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফাইন্যান্সের অধ্যাপক মাহমুদ ওসমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “পাবলিক মার্জেটে শেয়ার বিক্রির বিষয়ে আইনি কোনো বাধা নেই। আগাম ঘোষণা দিয়ে শেয়ার বিক্রি করা যায়। কিন্তু এতো শেয়ার পাবলিক মার্কেটে বিক্রি করলে তার নেতিবাচক প্রভাব বাজারে পড়তে পারে। তাই ব্লক মার্কেটে বিক্রি করাই ভালো।”
২০১০ সালে বাজার অতিমূল্যায়িত হওয়ার সময় উদ্যোক্তা পরিচালক তাদের ‘প্রচুর’ শেয়ার বিক্রি করে দেন। এরপর বাজারে বড় ধরনের দরপতনের মুখে এসইসির উদ্যোক্তা পরিচালকদের ন্যুনতম শেয়ার ধারণের জন্য বাধ্যবাধকতা আরোপ করে।
এসইসির বাধ্যবাধকতা মানতে ব্যর্থ হয়ে কোম্পানির পরিচালক পদ হারিয়েছেন প্রায় সাড়ে তিনশ পরিচালক।
এদিকে বুধবার ডিএসই সভাপতি কয়েকজন সাংবাদিককে বলেন, “আমরা উদ্যোক্তা-পরিচালকদের শেয়ার পাবলিক মার্কেটের পরিবর্তে শুধুমাত্র ব্লক মার্কেটে বিক্রির ব্যবস্থা করতে ইতোমধ্যেই কমিশনে সুপারিশ পাঠিয়েছি।”
পুঁজিবাজারের অন্যতম বড় বাজার মূলধনের কোম্পানি বিএসআরএমের মোট শেয়ার সংখ্যা ৩২ কোটি ৫৫ লাখ এবং বাজার মূলধনের পরিমাণ তিন হাজার ১১১ কোটি টাকা।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/আরবি/এএল/১৯১৩ ঘ.
bdnews24