ঢাকা, সেপ্টেম্বর ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেন বাড়ার সঙ্গে নির্দিষ্ট কয়েকটি কোম্পানির শেয়ারের মূল্য ‘অস্বাভাবিক’ গতিতে বাড়ছে।
ডিএসইর তথ্য পর্যালোচনায় দেখা গেছে, গত দেড় মাসে ২২ কোম্পানির শেয়ারের দাম ৫০ শতাংশের বেশি বেড়েছে। এরমধ্যে একাধিক লোকসানী প্রতিষ্ঠান রয়েছে। একটি কোম্পানির শেয়ারের দাম বেড়েছে ২০০ শতাংশেরও বেশি।
একজন বিশ্লেষক বলছেন, কিছু কিছু কোম্পানির শেয়ারের দর ‘এত দ্রুত’ বৃদ্ধির পেছনে ‘সংঘবদ্ধ’ চক্র রয়েছে কি না, তা নিয়ন্ত্রক সংস্থার খতিয়ে দেখা উচিৎ।
গত ১৬ জুলাই ডিএসই সাধারণ সূচক ছিল তিন হাজার ৯৯৪ পয়েন্ট। এর পরদিন থেকে বাজারে সূচক ও লেনদেন বাড়তে শুরু করে।
মঙ্গলবার ডিএসই সাধারণ সূচক ছিল চার হাজার ৪১৩ দশমিক ৯০ পয়েন্ট। গত ৩২ কার্যদিবসে ডিএসই সূচক বেড়েছে ৪১৯ দশমিক ৮২ পয়েন্ট বা ১০ দশমিক ৫১ শতাংশ।
দাম বৃদ্ধির তালিকায় সবচেয়ে এগিয়ে রয়েছে নতুন তালিকাভুক্ত চারটি কোম্পানির শেয়ার। বাজারে লেনদেন শুরু হওয়ার পর প্রথমে দর হারালেও গত দেড়মাসে এ চারটি কোম্পানিই দাম বৃদ্ধির শীর্ষে চলে এসেছে।
নতুন তালিকাভুক্ত ‘আমরা টেকনোলজিসের’ শেয়ারের দাম গত ৩২ কার্যদিবসে বেড়েছে ২৩১ দশমিক ৫০ শতাংশ। এ কোম্পানির শেয়ার গত তিন কার্যদিবসেই দাম বৃদ্ধির সর্বোচ্চ সীমায় লেনদেন হয়েছে।
এছাড়া ‘বাংলাদেশ সাবমেরিন কেবল’ ১৭৫ দশমিক ১৭ শতাংশ, ‘ইউনিক হোটেল অ্যান্ড রিসোর্টের’ ১৩৮ দশমিক ১৮ শতাংশ এবং ‘সায়হাম কটন মিলসের’ শেয়ারের দাম বেড়েছে ৬৮ দশমিক ৮৩ শতাংশ।
শুধু নতুন তালিকাভুক্ত কোম্পানির শেয়ারই নয়, লোকসানে থাকা কোম্পানির শেয়ারের দামও এসময়ে প্রায় ১০০ শতাংশ বেড়েছে।
গত ৩২ কার্যদিবসে বস্ত্র খাতের লোকসানী কোম্পানি মালেক স্পিনিংয়ের শেয়ার দাম বেড়েছে ৯০ দশমিক ৯১ শতাংশ। আরেক লোকসানী কোম্পানি মেট্রো স্পিনিংয়ের শেয়ারে দাম বেড়েছে ৫৬ শতাংশ।
বস্ত্র খাতের ডেল্টা স্পিনার্সের শেয়ারে দাম বেড়েছে ৯১ দশমিক ৪৪ শতাংশ, এতে পিই (মূল্য-আয়) অনুপাত দাঁড়িয়েছে ৩০ দশমিক ০৮। ম্যাকসন্স স্পিনিং মিলসের শেয়ার ৫৭ দশমিক ৩৯ শতাংশ বেড়ে পিই হয়েছে ২৬৮ দশমিক ৭৪।
নির্দিষ্ট কয়েকটি শেয়ারের দাম বৃদ্ধির এ প্রবণতাকে ‘ভালো লক্ষণ নয়’ বলে মনে করেন সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের সাবেক চেয়ারম্যান এবি মির্জা আজিজুল ইসলাম।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, “এটা ভালো লক্ষণ নয়। এতো দাম বেড়ে যাওয়ার পরও বিনিয়োগকারীরা কেন কিনছেন তা বুঝতে পারছি না।”
গত ৩২ কার্যদিবসে সায়হাম টেক্সটাইলের ৭০ দশমিক ৭৯ শতাংশ, আরএন স্পিনিংয়ের ৫৮ দশমিক ৬০ শতাংশ এবং প্রাইম টেক্সটাইলের শেয়ারের দাম বেড়েছে ৫০ দশমিক ৩০ শতাংশ।
এদিকে ওষুধ, বিদ্যুৎ ও জ্বালানি, প্রকৌশল, বীমা এবং খাদ্য খাতের বেশ কয়েকটি শেয়ারের দাম দেড় মাসে ৫০ শতাংশের বেশি বেড়েছে।
গত ৩২ কার্যদিবসে জিবিবি পাওয়ার বেড়েছে ৮৬ দশমিক ৮৯ শতাংশ, আরডি ফুড ৭৮ দশমিক ২৮ শতাংশ, সিটি জেনারেল ইন্সুরেন্স ৭২ দশমিক ৬০ শতাংশ, বিডি থাই ৬৭ দশমিক ৭০ শতাংশ, স্যালভো কেমিকেল ৬৫ দশমিক ২৭ শতাংশ, রুপালী ইন্সুরেন্স ৬৫ শতাংশ এবং বিইডিএল ৬২ দশমিক ৩৬ শতাংশ বেড়েছে।
এছাড়াও গোল্ডেনসন ৬১ দশমিক ৩৭ শতাংশ, অ্যাকটিভ ফাইন ক্যামিকেল ৫৮ দশমিক ২২ শতাংশ, ইউনাইটেড এয়ার ৫৫ দশমিক ০৪ শতাংশ এবং দেশবন্ধু পলিমারের শেয়ারের দাম বেড়েছে ৫২ দশমিক ৮৬ শতাংশ।
একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ফিনান্সের অধ্যাপক মোহাম্মদ মুসা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “গত কয়েকদিনে সূচকের ওঠানামাটা স্বাভাবিক। কিন্তু নির্দিষ্ট কয়েকটি শেয়ারের দাম অতিরিক্ত বাড়ছে।”
“দাম বাড়াটা অস্বাভাবিক না। কিন্তু এত অল্প সময়ের মধ্যে এত বেশি দাম সংঘবদ্ধভাবে বাড়ানো হচ্ছে কী না সেটাই দেখার বিষয়।”
মোহাম্মদ মূসা বলেন, “অনেক লোকসানী প্রতিষ্ঠানের দামও বৃদ্ধি পাচ্ছে। আবার আয়ের সঙ্গে সঙ্গতিহীনভাবেও দাম বাড়ছে অনেকের। নিয়ন্ত্রক সংস্থার এ বিষয়টি দেখা উচিৎ।”
এ বিষয়ে জানতে চাওয়া হলে ডিএসই সভাপতি রকিবুর রহমান বলেন, “দাম বাড়া-কমাটা দেখার বিষয় নয়, কেউ সংঘবদ্ধভাবে বাড়াচ্ছে-কমাচ্ছে কী না সেটাই দেখার বিষয়। এ বিষয়ে এসইসির নজরদারি জোরদার করতে হবে।”
“বাজারকে কঠোর নজরদারির মধ্যে রেখে তাকে নিজস্ব গতিতে চলতে দিতে হবে,” বলেন রকিব।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/আরবি/এফএফএস/এএল/২০৫২ ঘ.
bdnews24