ঢাকা, ফেব্র“য়ারি ০৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- কারসাজিতে ‘জড়িত’দের বিরুদ্ধে ব্যবস্থা না নেওয়ায় পুঁজিবাজারে ধস অব্যাহত রয়েছে বলে মনে করেন দুর্নীতি দমন কমিশনের সাবেক কমিশনার অধ্যাপক মনিরুজ্জামান মিঞা।
তিনি বুধবার ডেইলি ইন্ডিপেন্ডেন্ট আয়োজিত এক আলোচনা সভায় বলেন, “এখানে (পুঁজিবাজার) বারবার পরিকল্পিতভাবে ধস নামানো হয়েছে। ওই কারসাজির পেছনে একজন বিশেষ ব্যক্তির নাম বাববার এসেছে। কিন্তু তার বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। বিশেষ কারণে তিনি ধরা-ছোঁয়ার বাইরে থেকে গেছেন।”
ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য মনিরুজ্জামান ওই ব্যক্তির নাম উল্লেখ না করেই এই বক্তব্য দেন।
দুনীতি প্রতিরোধ নিয়ে ওই আলোচনায় অংশ নেন দুর্নীতি দমন কমিশনের চেয়ারম্যান গোলাম রহমান, যোগাযোগমন্ত্রী ওবায়দুল কাদের, জাসদের সভাপতি হাসানুল হক ইনু, ডেইলি ইন্ডিপেন্ডেন্ট সম্পাদক মাহবুবুল আলম, ডেইলি সানের সম্পাদক সৈয়দ আনোয়ার হোসেন, নিউজ টুডে’র সম্পাদক রিয়াজ উদ্দিন আহম্মদ প্রমুখ।
মনিরুজ্জামান মিঞা বলেন, “শেয়ার বাজারে ধস, ব্যাংকের তারল্য সঙ্কট ও ডলারের ব্যাপক মূল্যবৃদ্ধি। দেশে এক সঙ্গে এ তিনটি ঘটনা ঘটেছে। কেন ঘটেছে? তা আমরা সবাই জানি। পুঁজিবাজারের টাকায় কেনা হচ্ছে ডলার, আর সেই ডলার চলে যাচ্ছে দেশের বাইরে।”
“এসব ঘটনার বিচার না করা হলে দেশ থেকে কোনোদিনই দুর্নীতি দূর করা যাবে না,” বলেন তিনি।
সেমিনারে মূল প্রবন্ধ পড়ে শোনান উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের অধাপক মমতাজ উদ্দিন পাটোয়ারি। দুর্নীতির চিত্র তুলে ধরার পাশাপাশি তা থেকে বেরিয়ে আসার কয়েকটি পথও দেখিয়ে দেন তিনি।
রাজধানীর বেল টাওয়ারে অনুষ্ঠিত এই আলোচনা সভার সঞ্চালনায় ছিলেন বৈশাখী টেলিভিশনের প্রধান সম্পাদক মঞ্জুরুল আহসান বুলবুল।
দুদক চেয়ারম্যান গোলাম রহমান বলেন, “দেশের রাজনীতিতে সংস্কার জরুরি। তবে তা কীভাবে হবে, তা নির্ধারণ করবেন রাজনীতিবিদরাই। ব্যবসায়ীরা যেন রাজনীতি না করতে পারেন, সে উদ্যোগ নিতে হবে।”
দুর্নীতি প্রতিরোধে রাজনৈতিক মতৈক্যের ওপর জোর দেন ওবায়দুল কাদের। তিনি বলেন, “নিজেকে আগে ঠিক হতে হবে। অনেক দুর্নীতিবাজ যখন নীতিবাক্য শোনায়, তখন অন্যদের লজ্জা লাগে।”
জাসদ সভাপতি ইনু দুর্নীতির বিস্তারের সঙ্গে ক্ষমতার যোগসূত্রের বিষয়টি তুলে ধরে বলেন, সেনাশাসনের সময় থেকেই আমরা দুর্নীতি লুণ্ঠনের একটা সিসটেমেটিক সিন্ডিকেট দেখতে পাই।
“আমরা দেখেছি হাসপাতাল, বন্দর, কারাগার, সিভিল এভিয়েশন ইত্যাদি পরিচালনার জন্য সেনা কর্মকর্তাদের নিয়োগ দেওয়া হয়েছে। কিন্তু এসব প্রতিষ্ঠানে দুর্নীতি কমেনি, বরং বেড়েছে। আর সেবার মান তো কমেছেই,” বলেন তিনি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/পিসি/এমআই/২১২৫ ঘ.
bdnews24