ঢাকা, ফেব্র“য়ারি ০৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পুঁজিবাজার নিয়ে জাতীয় সংসদে ক্ষোভ প্রকাশ করে পুঁজিবাজার ও অর্থনৈতিক পরিস্থিতি নিয়ে জাতীয় সংসদে আলোচনার দাবি জানিয়েছেন কয়েকজন সাংসদ।
বাজারে অব্যাহত দরপতনের মধ্যে এ দাবি তুলে আলোচনার জন্য একটি দিন নির্ধারণের আহ্বানও জানান তারা।
সোমবার সংসদে ক্ষমতাসীন দলের সাংসদ তোফায়েল আহমদ বলেন, “আজকে পুলিশ দিয়ে আন্দোলন বন্ধ করে দেওয়া হচ্ছে। কেউ কোনো কথা বলতে পারে না।”
“সামান্য পুঁজির ব্যবসায়ীরা এখন সর্বস্বান্ত। জনপ্রতিনিধি হিসাবে আমরা চুপ থাকতে পারি না।”
জাতীয় সংসদের সব কার্যক্রম স্থগিত রেখে পুঁজিবাজার এবং দেশের অর্থনৈতিক পরিস্থিতি নিয়ে আলোচনার দাবি জানান জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) হাসানুল হক ইনু, ওয়ার্কার্স পার্টির রাশেদ খান মেনন ও স্বতন্ত্র সাংসদ ফজলুল আজিম।
জাতীয় সংসদের অধিবেশনে এক পয়েন্ট অব অর্ডারে সাংসদরা এ কথা বলেন।
অব্যাহত দরপতনে গত একবছর ২ মাসে দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সাধারণ সূচক আগের তুলনায় কমেছে ৫৩০২ পয়েন্ট বা ৫৯ শতাংশ। পুঁজি হারানোর পর ঢাকা ও চট্টগ্রামে দুজন বিনিয়োগকারীর আত্মহত্যার ঘটনাও ঘটেছে চলতি মাসে।
তোফায়েল যখন পুঁজিবাজার নিয়ে অনির্ধারিত আলোচনা শুরু করেন সংসদ নেতা শেখ হাসিনা তখন অধিবেশন কক্ষে ছিলেন না। তৃতীয় বক্তা হিসাবে মেননের বক্তব্যের সময় প্রধানমন্ত্রী অধিবেশন কক্ষে প্রবেশ করেন।
তোফায়েল বলেন, “একটা দিন তারা [জন সাধারণ] আমাদের বিচার করতে পারে। সেটা হলো ভোটের দিন।”
“সারা দেশে পুঁজিবাজার নিয়ে সমালোচনা শুরু হয়েছে। বিবেকবান মানুষ হিসাবে আমরা চুপ করে বসে থাকতে পারি না।”
তোফায়েল বলেন, “এই সরকার ক্ষমতায় আসার পর কতগুলো সুযোগ-সুবিধা দেওয়া হয়েছিলো। সেগুলো দেওয়া কি ঠিক হয়েছিল? লোভনীয় পরিস্থিতি সৃষ্টি করা হয়েছিল।”
সেনাবাহিনী, পুলিশ, শিক্ষকসহ অনেকেই তাদের অর্জিত টাকা পুঁজিবাজারে বিনিয়োগ করেছে বলে উল্লেখ করেন তিনি।
তোফায়েল প্রশ্ন রাখেন, “ইব্রাহিম খালেদের নেতৃত্বে পুঁজিবাজার ধসের কারণ বের করতে কেন তদন্ত কমিটি করা হয়েছিল? কেন এই তদন্ত কমিটির প্রতিবেদন অনুযায়ী অপরাধীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে না?”
পুঁজিবাজারের সূচক তিন হাজার পয়েন্টে নেমে আসায় উদ্বেগ প্রকাশ করে রাশেদ খান মেনন বলেন, “এভাবে পুলিশ তাড়া দিয়ে পুঁজিবাজার নিয়ন্ত্রণ করা যাবে না।”
সোমবার লেনদেন শেষে ডিএসইর সাধারণ সূচক গতদিনের চেয়ে ২২৯ পয়েন্ট কমে ৩ হাজার ৬১৬ পয়েন্ট হয়, যা ২০১০ সালের ডিসেম্বরে দরপতন শুরু হওয়ার পর সবচেয়ে কম।
এ পটভূমিতে বিনিয়োগকারীরা বিক্ষোভ করলে নয় জনকে আটক করে পুলিশ। রাতে অবশ্য তাদের ছেড়ে দেওয়া হয়।
পুঁজিবাজার ধসের ফলে ছোট উদ্যোক্তাদের যে ক্ষতি হয়েছে তা পুষিয়ে দেওয়ার দাবি জানিয়ে হাসানুল হক ইনু বলেন, “বাজার ঠিক রাখতে ফোর্স সেল বন্ধ করে দেওয়া উচিত।”
“পুঁজিবাজার ঠিক করতে প্রধানমন্ত্রীর নেতৃত্বে যে বৈঠক হয়েছিলো- সে বৈঠকের সিদ্ধান্ত কেন এখনও বাস্তবায়িত হয়নি?”
খোন্দকার ইব্রাহিম খালেদের কমিটির প্রতিবেদনে যাদের ‘দোষী’ সাব্যস্ত করা হয়েছিল তাদের গ্রেপ্তারের দাবি জানান ইনু।
তিনি বলেন, “অথবা তাদের সরকার থেকে তাদের বের করে দেওয়া হোক। চক্রান্তকারীরা সরকারে থাকলে তাদের বের করে দেওয়া হোক।”
সাধারণ বিনিয়োগকারীদের আস্থা চলে গেছে দাবি করে ফজলুল আজিম বলেন, “এজন্য অর্থমন্ত্রী এবং বাংলাদেশ ব্যাংকের গভর্নর দায়ী। এগুলো হলো অনভিজ্ঞতার বহিঃপ্রকাশ।”
এই প্রসঙ্গে আরো বক্তব্য দেন আওয়ামী লীগ সাংসদ খান টিপু সুলতান।
২০১০ সালের ডিসেম্বর ও গত বছরের জানুয়ারিতে ব্যাপক দরপতনের প্রেক্ষিতে কৃষি ব্যাংকের চেয়ারম্যান ইব্রাহিম খালেদকে প্রধান করে একটি তদন্ত কমিটি করে সরকার। গত এপ্রিলে ওই কমিটির দেওয়া প্রতিবেদনে কিছু ব্যক্তি ও প্রতিষ্ঠানের বিষয়ে আরো তদন্তের সুপারিশ করা হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসইউএম/পিডি/২০২৮ ঘ.
bdnews24