ঢাকা, ফেব্র“য়ারি ০৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পুঁজিবাজারে ব্যাপক দরপতন ধারায় সপ্তাহের প্রথম কার্যদিবসে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচক কমেছে প্রায় সোয়া দুইশ’ পয়েন্ট।
সোমবার ঢাকা স্টক এক্সচেঞ্জে লেনদেনের শুরু থেকেই সূচক কমতে থাকে। দুপুর ২টা ১০ মিনিটে সূচক কমে ২৬০ পয়েন্ট। তখন লেনদেন হওয়া সবগুলো কোম্পানির শেয়ার ও মিউচুয়াল ফান্ড ছিল দাম কমার তালিকায়।
লেনদেন শেষে সাধারণ সূচক গতদিনের চেয়ে ২২৯ পয়েন্ট কমে ৩ হাজার ৬১৬ পয়েন্ট হয়েছে, যা ২০১০ সালের ডিসেম্বরে দরপতন শুরু হওয়ার পর সবচেয়ে কম।
হাতবদল হওয়া কোম্পানিগুলোর শেয়ার ও মিউচুয়াল ফান্ডের মধ্যে দাম কমেছে ২৪৭টির। বেড়েছে ৯টির। লেনদেন হয়েছে ২১২ কোটি টাকার শেয়ার।
ব্যাপক দরপতনের প্রতিবাদে বেলা দুইটার দিকে ব্যক্তিশ্রেণীর বিনিয়োগকারীরা ঢাকা স্টক এক্সচেঞ্জের সামনে বিক্ষোভ শুরু করলে পুলিশ তাদের বাধা দেয়। পুলিশ এ সময় বাংলাদেশ পুজিবাজার বিনিয়োগকারী ঐক্য পরিষদের সভাপতি মিজান উর রশীদ চৌধুরী, সিনিয়র সহ-সভাপতি নজরুল ইসলাম ও প্রচার সম্পাদক মিজান উর রহমানসহ ৯ জনকে আটক করেছে বলে মতিঝিল থানার সহকারী উপ পরিদর্শক (এএসআই) শাহিদা বেগম জানান।
ঢাকা স্টক এক্সচেঞ্জে গত সপ্তাহে (২৯ জানুয়ারি থেকে ২ ফেব্র“য়ারি) সাধারণ সূচক ৬৪১ পয়েন্ট বা ১৪ দশমিক ২৯ শতাংশ কমে। ডিএসইতে গত সপ্তাহে প্রতিদিন গড়ে লেনদেন হয়েছে ২৩০ কোটি টাকার শেয়ার, যা আগের সপ্তাহের তুলনায় ৪.৪৯ শতাংশ কম।
এর আগের সপ্তাহে (২২ থেকে ২৬ জানুয়ারি) সাধারণ সূচক ৪৫৯ পয়েন্ট বা ৯ দশমিক ২৯ শতাংশ কমে।
এর আগের সপ্তাহের চার কার্যদিবসে (১৫ থেকে ১৯ জানুয়ারি) সাধারণ সূচক কমেছিল ১৬৭ পয়েন্ট বা ৩ দশমিক ২৮ শতাংশ। এরও আগের সপ্তাহে (৮ থেকে ১২ জানুয়ারি) পাঁচ কার্যদিবসে সাধারণ সূচক ৩৫২ পয়েন্ট বা ৬ দশমিক ৪৫ শতাংশ কমে।
বাংলাদেশের এই অস্থিতিশীল পুঁজিবাজারকে বিশ্বের ‘সবচেয়ে খারাপ’ শেয়ারবাজার হিসেবে উল্লেখ করেছে টাইম সাময়িকী। বাংলাদেশের পুঁজিবাজারের সা¤প্র্রতিক পতন নিয়ে ২ ফেব্র“য়ারি এক নিবন্ধে লেখা হয়েছে, গত ১২ মাসে লাখ লাখ ক্ষুদ্র বিনিয়োগকারীর ব্যাপক লোকসান দেশের অর্থনীতি ও রাজনীতিতে নতুন সমস্যা তৈরির হুমকি হিসেবে দেখা দিয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/কেটি/এসইউ/১৪০৭ ঘ.
bdnews24