২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

৪ হাজারের নিচে ডিএসই সূচক

সপ্তাহের চতুর্থ দিন ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সাধারণ সূচক কমেছে ২৬৬ পয়েন্ট।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Feb 2012, 05:41 AM

Updated : 24 Aug 2022, 10:42 AM

ঢাকা, ফেব্রুয়ারি ০১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পুঁজিবাজারে ব্যাপক দরপতনে দেশের সবচেয়ে বড় পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সাধারণ সূচক ৪ হাজার পয়েন্টের নিচে চলে গেছে। ঢাকা স্টক এক্সচেঞ্জের সাধারণ সূচক প্রতিদিনই নামছে সর্বনিম্ন অবস্থানে। বুধবার লেনদেন শেষে ডিএসই সূচক গতদিনের চেয়ে ২৬৬ পয়েন্ট কমে ৩ হাজার ৮৮৭ পয়েন্টে দাঁড়িয়েছে যা ২০১০ সালের ডিসেম্বরে দরপতন শুরু হওয়ার পর সর্বনিম্ন। আর এর আগে ঢাকা স্টক এক্সচেঞ্জের সাধারণ সূচক চার হাজার পয়েন্টের নিচে ছিল ২০০৯ সালের ১৫ নভেম্বর। বুধবার ঢাকা স্টক এক্সচেঞ্জে লেনদেন শুরুর পাঁচ মিনিটেই সাধারণ সূচক ১৪১ পয়েন্ট হারায়। এরপর সূচক ধাপে ধাপে নিচে নামে। হাতবদল হওয়া ২৫৭টি কোম্পানির শেয়ার ও মিউচুয়াল ফান্ডের মধ্যে ২৪৯টিরই দাম কমেছে। বেড়েছে ৪টির এবং অপরিবর্তিত আছে ৪টির। লেনদেন হয়েছে ২৬৯ কোটি টাকার শেয়ার। মঙ্গলবার ঢাকা স্টক এক্সচেঞ্জে সাধারণ সূচক ১৩২ পয়েন্ট কমে। রোববার সপ্তাহের প্রথম দিন সাধারণ সূচক ৩০৩ পয়েন্ট কমার পর সোমবার যোগ হয়েছিল ১০৩ পয়েন্ট। গত সপ্তাহে (২২ থেকে ২৬ জানুয়ারি) সাধারণ সূচক ৪৫৯ পয়েন্ট বা ৯ দশমিক ২৯ শতাংশ কমে। ডিএসইতে গত সপ্তাহে প্রতিদিন গড়ে লেনদেন হয়েছে ২৪১ কোটি টাকার শেয়ার, যা আগের সপ্তাহের তুলনায় ১৯ শতাংশ কম। তার আগের সপ্তাহের চার কার্যদিবসে (১৫ থেকে ১৯ জানুয়ারি) সাধারণ সূচক ১৬৭ পয়েন্ট বা ৩ দশমিক ২৮ শতাংশ কমে। তার আগের সপ্তাহেও ঢাকার পুঁজিবাজারে লেনদেন ও সূচক কমেছিল। ওই সপ্তাহে (৮ থেকে ১২ জানুয়ারি) পাঁচ কার্যদিবসে সাধারণ সূচক ৩৫২ পয়েন্ট বা ৬ দশমিক ৪৫ শতাংশ কমে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসইউ/১৫১৬ ঘ.