ঢাকা, অক্টোবর ০৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সপ্তাহের প্রথম দিন দরপতনের পর সোমবারও সাধারণ সূচক কমেছে দেশের সবচেয়ে বড় পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই)।
সোমবার বেলা সাড়ে ১০টায় লেনদেন শুরুর পর প্রথম ঘণ্টায় সূচক আগের দিনের চেয়ে প্রায় ৩৯ পয়েন্ট বেড়েছিল। কিন্তু এর পর থেকেই সূচক নিচের দিকে নামতে থাকে। লেনদেনের শেষ ভাগে সূচক কিছুটা ওপরের দিকে উঠলেও তা গতদিনের অবস্থান ছাড়াতে পারেনি।
লেনদেন শেষে ডিএসই সাধারণ সূচক প্রায় এক শতাংশ বা ৪৫ পয়েন্ট কমে ৪ হাজার ৪৯৭ পয়েন্টে দাঁড়ায়। হাতবদল হয় প্রায় ৫২৬ কোটি টাকার শেয়ার ও মিউচুয়াল ফান্ড। এর মধ্যে দাম বাড়ে ৬৩টি শেয়ারের, কমে ১৯৭টির এবং অপরিবর্তিত ছিল ১২টির দাম।
সপ্তাহের প্রথম দিন ঢাকা স্টক এক্সচেঞ্জের সাধারণ সূচক কমে ১০৩ পয়েন্ট বা ২ দশমিক ২৩ শতাংশ। হাতবদল হয় প্রায় ৫২৪ কোটি টাকার শেয়ার ও মিউচুয়াল ফান্ড। এর মধ্যে দাম বাড়ে ২২টি শেয়ারের, কমে ২৪৯টির এবং অপরিবর্তিত ছিল ৩টির দাম।
গত সপ্তাহে ডিএসই সাধারণ সূচক কমে ৩৬ পয়েন্ট। গড় লেনদেন হয় প্রায় ৮৫১ কোটি টাকা।
এর আগের সপ্তাহে সাধারণ সূচকে যোগ হয় ৩ পয়েন্ট। গড় লেনদেন ছিল ১ হাজার ৭১ কোটি টাকা।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসইউ/১৪৪৫ ঘ.
bdnews24