২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

সূর্যপৃষ্ঠে প্রবল সুনামি

প্রবল উত্তপ্ত, আয়নিত গ্যাস এবং চুম্বকক্ষেত্রের এই সুনামি প্রতি সেকেন্ডে ৪শ’ কিলোমিটার বেগে পুরো সূর্যপৃষ্ঠজুড়ে ছড়িয়ে পড়ছে।

প্রযুক্তি ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Jul 2013, 12:16 PM

Updated : 25 Apr 2022, 06:59 PM

সৌরমুকুটের (করোনা) ব্যাপক বিচ্ছুরণের মাধ্যমে মহাশূন্যে পদার্থ ছিটকে দেওয়ার পর সূর্যপৃষ্ঠে একটি প্রবল সুনামি ছড়িয়ে পড়তে দেখা গেছে দুটি উপগ্রহ থেকে। সৌরমুকুটের ব্যাপক বিচ্ছুরণকে ‘করোনাল মাস ইজেকশন’ বা সিএমই বলা হয়। সংবাদসংস্থা বিবিসির এক প্রতিবেদনে বলা হয়েছে, প্রবল উত্তপ্ত, আয়নিত গ্যাস এবং চুম্বকক্ষেত্রের এই সুনামি প্রতি সেকেন্ডে ৪শ’ কিলোমিটার বেগে পুরো সূর্যজুড়ে ছড়িয়ে পড়ছে।

সূর্যপৃষ্ঠে ঘটা বিরল এই ঘটনাটিকে পর্যবেক্ষণ করার সময় সিএমই থেকে দূরে ‘শান্ত’ এলাকায় চুম্বকক্ষেত্রটি পরিমাপ করার সুযোগ পাওয়া যেতে পারে। এই চুম্বকক্ষেত্রটি পরিমাপ করা গেলে তা থেকে সিএমই কীভাবে পৃথিবীকে প্রভাবিত করে, তার সম্পর্কে ধারণা পাওয়া যেতে পারে।

যে দুটি কৃত্রিম উপগ্রহ এই ঘটনাটি পর্যবেক্ষণ করছে, তাদের একটির নাম হিনোদি, এটি একটি জাপানি কৃত্রিম উপগ্রহ। এই উপগ্রহটির পর্যবেক্ষণলব্ধ তথ্যের মাধ্যমে গবেষকরা হয়তো ৭০ বছরের পুরনো একটি রহস্যের সমাধান করতে পারবেন। রহস্যটি হচ্ছে, সূর্যের চর্তুদিকে বিরাজমান সৌরমুকুটটি (করোনা) কেন সূর্যপৃষ্ঠ থেকে বেশি উত্তপ্ত।

২০০৬ থেকে হিনোদি সূর্যকে পর্যবেক্ষণ করছে। ২০১০ সাল থেকে কৃত্রিম উপগ্রহ সোলার ডায়নামিক অবজারভেটরি (এসডিও) এর সঙ্গে যুক্ত হয়েছে।

দুটি উপগ্রহই সূর্য থেকে আসা অতিবেগুনি রশ্মি পর্যবেক্ষণ করে। অতিবেগুনি রশ্মি থেকে সূর্যের রাসায়নিক গঠন এবং এর অশান্ত পৃষ্ঠের কাছের চরম প্রাকৃতিক পরিস্থিতির আঁচ পাওয়া যায়।

লন্ডন বিশ্ববিদ্যালয় কলেজের ডেভিড লং ও তার সহকর্মীরা সিএমই’র পর ইআইটি ঢেউ নামে সুনামির মতো যে তরঙ্গ তৈরি হয় তা চূড়ান্তভাবে চিহ্নিত করতে পেরেছেন। একটি ভূমিকম্পের উৎস থেকে সুনামি যেভাবে ছড়িয়ে পড়ে, সিএমইর পর ইআইটি ঢেউ তেমনই হঠাৎ তৈরি হওয়া চুম্বক ক্ষেত্র এবং উত্তপ্ত, আয়নিত প্লাজমার ঢেউ যা সূর্য পৃষ্ঠে ছড়িয়ে পড়ে।