২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

‘ঈশ্বর কণা’: সার্নের ঘোষণার অপেক্ষায় বিশ্ব

অতিপারমাণবিক কণা, যা ‘ঈশ্বর কণা’ নামেও পরিচিতি পেয়েছে, সেই হিগস বোসনের অস্তিত্বের বিষয়টি ‘নিশ্চিত’ অথবা আরো ‘ঘোলাটে’ হয়ে পড়তে পারে সার্ন গবেষণা কেন্দ্রের বুধবারের ঘোষণায়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Jul 2012, 09:17 AM

Updated : 24 Aug 2022, 11:40 AM

বাটাভিয়া, জুলাই ০৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- অতিপারমাণবিক কণা, যা ‘ঈশ্বর কণা’ নামেও পরিচিতি পেয়েছে, সেই হিগস বোসনের অস্তিত্বের বিষয়টি ‘নিশ্চিত’ অথবা আরো ‘ঘোলাটে’ হয়ে পড়তে পারে সার্ন গবেষণা কেন্দ্রের বুধবারের ঘোষণায়। ইউরোপের এই গবেষণা কেন্দ্র এই দিনই তাদের সর্বশেষ গবেষণার তথ্য-উপাত্ত ও ফলাফল ঘোষণা করবে। এই কণার অস্তিত্ব সম্পর্কে জানা গেলে ‘মহাবিস্ফোরণের’ পর কীভাবে সূর্য ও গ্রহ তৈরি হয়েছিল তার রহস্যও বিশ্লেষণ করা সম্ভব হবে। যদিও দীর্ঘ সময় ধরে গবেষণা করেও এই কণার অস্তিত্ব সম্পর্কে নিশ্চিত কোনো প্রমাণ বিজ্ঞানীরা দিতে পারেননি। বিজ্ঞানবিষয়ক ব্লগাার থেকে শুরু করে বাঘা বাঘা পদার্থবিদ- যারাই এই প্রকল্প নিয়ে কাজ করছেন, তাদের ধারণা, এবার সার্নের গবেষকদল হিগস বোসন কণার অস্তিত্ব সম্পর্কে প্রমাণসহ চূড়ান্ত ঘোষণা দিতে যাচ্ছে। অবশ্য সার্নের মুখপাত্র জেমস গিলিস বলছেন, এ বিষয়ে নিশ্চিতভাবে কিছু বলার সময় এখনো আসেনি। দুই দফা পরীক্ষা-নিরীক্ষার বিষয়টি তুলে ধরে তিনি বলেন, “দুটি পরীক্ষার ফল সমন্বিত করার আগে সার্নের সংশ্লিষ্টরাও বলতে পারছেন না- আসলেই ফলাফল কী আসতে যাচ্ছে।” বিগ ব্যাং নামের মহা বিস্ফোরণের পর মহাবিশ্বের সূচনালগ্নে যে কণাটি প্রধান ভূমিকা রেখেছে বলে বিজ্ঞানীদের ধারণা, সেই হিগস বোসনের নাম রাখা হয়েছে ব্রিটিশ বিজ্ঞানী পিটার হিগস এর নামের শেষাংশ এবং বাঙালি বিজ্ঞানী সত্যেন্দ্রনাথ বসুর নাম মিলিয়ে। জেনেভার কাছাকাছি ফ্রান্স ও সুইজারল্যান্ডের সীমান্তবর্তী ইউরোপীয় পরমাণু গবেষণা কেন্দ্র সার্নে মাটির নিচে সুড়ঙ্গে বিগ ব্যাংয়ের ‘মিনি সংস্করণ’ সৃষ্টির চেষ্টায় বিজ্ঞানীরা আলোর গতির কাছাকাছি অতি উচ্চ মাত্রায় কণিকাগুলোর সংঘর্ষ ঘটান। দুই দফা চলে তাদের পরীক্ষা। সার্নের লার্জ হ্যাড্রন কলাইডারের (এলএইচসি) ২৭ কিলোমিটার ডিম্বাকৃতির সুড়ঙ্গপথে আলোর গতির কাছাকাছি এক ন্যানো সেকেন্ডে রেকর্ড ৭ বিলিয়ন বিলিয়ন ইলেক্ট্রন ভোল্ট ক্ষমতায় এই পরীক্ষা চালানো হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএল/জেকে/১৫১৫ ঘ.