২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ঢাকা বিভাগের বাছাই শুরু

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম পঞ্চম অ্যাস্ট্রো অলিম্পিয়াডের ঢাকা বিভাগীয় পর্যায়ে বাছাই পর্বের কাজ শনিবার শুরু হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Apr 2010, 04:14 PM

Updated : 24 Aug 2022, 08:07 PM

ঢাকা, এপ্রিল ০৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম পঞ্চম অ্যাস্ট্রো অলিম্পিয়াডের ঢাকা বিভাগীয় পর্যায়ে বাছাই পর্বের কাজ শনিবার শুরু হয়েছে। রাজধানীর সেন্ট যোসেফ স্কুল অ্যান্ড কলেজ সকাল ৮-১১টা পর্যন্ত প্রথম পর্বের লিখিত পরীক্ষা হয়। আগামীকাল রোববার মনস্তাত্ত্বিক পরীক্ষার মধ্য দিয়ে বাছাই শেষ হবে। ১৪-১৬ ও ১৭-১৯ বছর বয়সী শিক্ষার্থীদের দুটি বিভাগে প্রায় ১০০ প্রতিযোগী পরীক্ষায় অংশ নেয় বলে জানিয়েছেন বাংলাদেশ অ্যাস্ট্রোনমিক্যাল অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মাশ হু রুল আমিন। তিনি জানান, আগামীকাল রোববার ঢাকার আগারগাঁয়ে ন্যাশনাল সায়েন্স অ্যান্ড টেকনোলজি ইনস্টিটিউটে মনস্তাত্ত্বিক পরীক্ষার মাধ্যমে বিজয়ীদের নির্বাচন করা হবে। তারা জাতীয় পর্যায়ে আগামী ৯ এপ্রিল সেন্ট যোসেফ স্কুল অ্যান্ড কলেজ ক্যাম্পাসে চূড়ান্ত পরীক্ষায় অংশ নেবে। চূড়ান্ত পর্বের জন্য চট্টগ্রাম, সিলেট, বরিশাল, খুলনা ও রংপুর বিভাগ থেকে ১০৮ জন প্রতিযোগী নির্বাচিত হয়েছে। এর মধ্যে চট্টগ্রামে ১৭, রাজশাহী ১৯, বরিশাল ১২, সিলেট ২০, রংপুর ১০ ও খুলনায় ৩০ জন নির্বাচিত হয়। শুক্রবার সকালে চট্টগ্রাম, রাজশাহী, বরিশাল, সিলেট, রংপুর ও খুলনা বিভাগের বাছাই পর্বে কয়েকশ' শিক্ষার্থী দুই বিভাগে প্রতিযোগিতায় অংশ নেয়। অনলাইন সংবাদপত্র ও সংবাদ সংস্থা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম এর পৃষ্ঠপোষকতায় বাংলাদেশ অ্যাস্ট্রোনমি অলিম্পিয়াড জাতীয় কমিটি ও অ্যাস্ট্রোনমিক্যাল অ্যাসোসিয়েশন দেশব্যাপী এ প্রতিযোগিতার আয়োজন করেছে। দেশের সাতটি বিভাগ থেকে নির্বাচিত নিয়ে চূড়ান্ত পর্বের পরীক্ষা হবে। এ পর্বে বিজয়ী দুজনকে বেইজিংয়ে অনুষ্ঠেয় ৪র্থ আর্ন্তজাতিক অ্যাস্ট্রোনমি ও অ্যাস্ট্রোফিজিক্স অলিম্পিয়াড-২০১০, ইউক্রেনে ১৫তম আন্তর্জাতিক অ্যাস্ট্রোনমি অলিম্পিয়াড এবং ইন্দোনেশিয়ায় ৬ষ্ঠ আর্ন্তজাতিক এশিয়া প্যাসিফিক অ্যাস্ট্রোনমি অলিম্পিয়াডে পাঠানো হবে বলে আয়োজকরা জানিয়েছেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলএন/এমএসবি/২২০৮ ঘ.