থ্রিডি প্রিন্টারে তৈরি হবে ট্যাবলেট
বিশ্বে প্রথমবারের মতো থ্রিডি প্রিন্টারে তৈরি ওষুধ বাজাজারজাত করার অনুমতি দিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্রের ‘ফুড অ্যান্ড ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন’ (এফডিএ)’। মৃগী রোগের চিকিৎসায় ‘স্প্রিটাম’ নামের ওই ট্যাবলেটটি তৈরি করেছে মার্কিন প্রতিষ্ঠান ‘অ্যাপ্রিসিয়া ফার্মাসিউটিকালস’।
বিবিসি জানিয়েছে, শুধু থ্রিডি প্রিন্টারে তৈরি ওষুধ নয়, এফডিএর সবুজ সংকেত পেয়েছে একই প্রযুক্তি ব্যবহার করে তৈরি কৃত্রিম অঙ্গপ্রত্যঙ্গও।
স্প্রিটাম ছাড়াও অন্যান্য ওষুধও থ্রিডি প্রিন্টারে উৎপাদনের পরিকল্পনা আছে অ্যাপ্রিসিয়া ফার্মাসিউটিকালসের। কারণ, এই প্রযুক্তিতে তৈরি ওষুধের কার্যক্ষমতা আরও বাড়িয়ে তোলা সম্ভব। অন্যান্য সাধারণ ওষুধের মতো থ্রিডিতে প্রযুক্তিতে তৈরি ওষুধগুলোও খুব সহজেই মিশে যায় পানিতে।
আর থ্রিডি প্রিন্টারে তৈরি ট্যাবলেটে বিভিন্ন স্তর ভাগ করে রাসায়নিক উপাদান নিঁখুত পরিমাণে মিশ্রণ করা যায়। ফলে একটি ট্যাবলেটে সঠিক পরিমাণে ওষুধ সরবরাহ আরও সহজ।
সফটওয়্যারের সাহায্যে পৃথক রোগীর জন্য রোগ নিরাময়ের প্রয়োজনীয় ওষুধ আলাদাভাবে তৈরি করা সম্ভব। এই পদ্ধতিতে ওষুধ তৈরি করা আগে অনেক ব্যয়সাপেক্ষ ছিল বলে জানিয়েছেন ইউনিভার্সিটি অফ সেন্ট্রাল ল্যাঙ্কাশায়ারের ফার্মাসিউটিকাল প্রভাষক ড. মোহামেদ আলবেদ আলনান।
অ্যাপ্রিসিয়ার তথ্য অনুযায়ী, ২০১৬ সালের চতুর্থ প্রান্তিকে বাজারে আসবে স্প্রিটাম।
