শান্তির সৈনিক আইনস্টাইন –পঞ্চম অধ্যায়
যুদ্ধ প্রতিরোধ(১৯২৮ – ১৯৩২)
আইনস্টাইনের দৃঢ় বিশ্বাস ছিল যে যুদ্ধ এবং যুদ্ধের প্রতিষ্ঠানসমূহকে চিরতরে নির্মূল করা না গেলে স্থায়ী শান্তি প্রতিষ্ঠা অসম্ভব। প্রথম বিশ্বযুদ্ধের শুরু থেকে জার্মানিতে হিটলার ক্ষমতায় আসা পর্যন্ত তিনি ছিলেন এক আপোষহীন, শর্তহীন যুদ্ধ প্রতিরোধী। যুদ্ধ বিরোধীতায় এ সময় তিনি সবচেয়ে বেশি সক্রিয় ছিলেন। বক্তৃতা-বিবৃতিতে, ইশতেহার প্রণয়নে এবং সমমনাদের প্রণীত ইশতেহার সমর্থনে, বিশেষ করে পরপর তিন বছর আমেরিকায় দীর্ঘ সফরকালে যুদ্ধ নির্মূল করার কাজে তিনি অগ্রণী ভূমিকা পালন করেন।
সংগ্রামী শান্তিবাদ
যুদ্ধ প্রতিরোধের উপায় হিসেবে একটি ধারণা তখন শান্তিবাদী মহলে দানা বেঁধে উঠছিল যে, পৃথিবীর বিভিন্ন দেশে বিবেক-বুদ্ধি সম্পন্ন যথেষ্ট সংখ্যক নাগরিক যদি সামরিক শিক্ষা এবং যুদ্ধের সাথে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে সম্পর্কিত কোন চাকরি গ্রহণে অস্বীকৃতি জানান তাহলে যুদ্ধ অনুষ্ঠান অসম্ভব হয়ে পড়বে। আইনস্টাইনের শান্তিবাদী ধ্যান-ধারণায় এ বিশ্বাস অন্তর্নিহিত থাকলেও ১৯২৮ সালে সম্ভবতঃ তিনি প্রথম প্রাতিস্বিক যুদ্ধ প্রতিরোধের জন্য সংগঠিত আন্দোলনের পক্ষে প্রকাশ্যে সমর্থন জানান।
পরবর্তী পাঁচ বছর এই "সংগ্রামী শান্তিবাদ" (militant pacifism) তাঁর রাজনৈতিক চিন্তাকে প্রবলভাবে প্রভাবিত করেছে। তিনি নিজেই বলেছেন, "আমি শুধুমাত্র শান্তিবাদী নই, আমি সংগ্রামী শান্তিবাদী। শান্তির জন্য আমি লড়তে প্রস্তুত। জনগন নিজেরা যুদ্ধে যেতে অস্বীকার না করলে কিছুতেই যুদ্ধ নির্মূল করা যাবে না।"১
সংগ্রামী শান্তিবাদী হিসেবে তাঁর চিন্তা ও ধারণার বিকাশ লক্ষ্য করা যায় ১৯২৮ সালে দেয়া কয়েকটি বক্তৃতা ও বিবৃতিতে। বছরের শুরুতে ওমেন'স ইন্টারন্যাশনাল লীগ ফর পীস এন্ড ফ্রিডম (Women's International League for Peace and Freedom) যুদ্ধে বিষাক্ত গ্যাস ব্যবহার সংক্রান্ত এক অধ্যয়ন সম্মেলনের আয়োজন করে এবং আইনস্টাইনকে অংশগ্রহণের জন্য আমন্ত্রণ জানায়। সম্মেলনটি জেনেভায় লীগ অব নেশনস নিরস্ত্রীকরণ কমিশনের একটি সভার সাথে যৌথভাবে অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। আইনস্টাইন আমন্ত্রণ প্রত্যাখ্যান করেন। তবে জানুয়ারি ৪, ১৯২৮ তারিখে প্রেরিত এক বিবৃতিতে তাঁর আপোষহীন যুদ্ধবিরোধী ধারণার প্রাথমিক পরিচয় মেলে ধরেন, "যুদ্ধের রীতিনীতি ও সীমা বেঁধে দেয়ার প্রচেষ্টা আমার কাছে একেবারে নিরর্থক মনে হয়। যুদ্ধ খেলা নয়। নিয়ম মেনে খেলা চলে, কিন্তু যুদ্ধ করা যায় না। আমাদের সংগ্রাম করতে হবে যুদ্ধের বিরুদ্ধে। শান্তির সময় জনসাধারণ যদি সামরিক চাকরি গ্রহণ পুরোপুরি অস্বীকার করার সংগঠন গড়েন, তবেই যুদ্ধ অনুষ্ঠানের কার্যকর বিরোধিতা করা সম্ভব হতে পারে।[…] "২
১৯২৮ সালের জানুয়ারি মাসে আইনস্টাইন জার্মান লীগ ফর হিউম্যান রাইটসের (German League for Human Rights) পরিচালকমণ্ডলীতে নির্বাচন গ্রহণ করেন। সংস্থাটি তৎকালীন জার্মানীতে সবচেয়ে অসাধারণ শান্তিবাদী আন্দোলন এবং নাগরিক অধিকার অর্জনের সংগ্রামে পুরোধা হিসেবে গণ্য ছিল। ১৯২৮ সালের আগস্ট মাসের শেষদিকে বাধ্যতামূলকভাবে সেনাবাহিনীতে নিয়োগের বিরোধিতা করে একটি ইশতেহার প্রকাশিত হলে আইনস্টাইন পনেরটি দেশের সত্তরজন খ্যাতনামা শান্তিবাদীর সাথে সে ইশতেহারে স্বাক্ষর করেন।
যুদ্ধ প্রতিরোধীদের আন্তর্জাতিক (War Registers' International)-এর ব্রিটিশ শাখা "আর যুদ্ধ নয়" আন্দোলনকে (No More War Movement) নভেম্বর ২৫, ১৯২৮ তারিখে প্রেরিত এক বার্তায় তিনি আবার বলেন, "আমি বিশ্বাস করি যে যুদ্ধ সংক্রান্ত কোনো কাজে অংশগ্রহণে অস্বীকার করার আন্তর্জাতিক আন্দোলন আমাদের সময়ের সবচেয়ে উদ্দীপক ঘটনা।"
একই মনোভাব প্রকাশ পায় ডিসেম্বর ২৬, ১৯২৮ তারিখে লীগ ফর অরগানাইজেশন অফ প্রগ্রেসের (League for Organization of Progress) আমেরিকান অফিসকে দেয়া প্রশ্নোত্তরে। সংগঠনের পত্রিকা রেকর্ডস অফ প্রগ্রেস (Records of Progress) প্রশ্ন তোলে, কেলোগ চুক্তি (Kellog Pact) অনুযায়ী আন্তর্জাতিক বিবাদের শান্তিপূর্ণ মীমাংসা নিশ্চিত করার জন্য কী কী প্রতিষ্ঠান গড়ে তোলা প্রয়োজন। আইনস্টাইনের উত্তর, যখন সব সেনাবাহিনী ও সবধরনের বাধ্যতামূলক সামরিক কার্যক্রম সম্পূর্ণ বন্ধ করা হবে, তখনই শুধু আন্তর্জাতিক বিবাদের শান্তিপূর্ণ নিষ্পত্তি সম্ভব হবে।
আইনস্টাইন মনে করতেন, যুদ্ধের ফলশ্রুতি বড় মাপের নরহত্যা। ওয়ার্ল্ড পীস লীগ (World Peace League) কর্তৃক প্রকাশিত গোল্ডেন বুক অফ পীস-এ (Golden Book of Peace) তিনি মন্তব্য করেন, "কারো নিজেকে খ্রিস্টান বা ইহুদী বলে পরিচয় দেয়ার নৈতিক অধিকার নেই, যদি সে কোন কর্তৃপক্ষের নির্দেশে হত্যা করতে প্রস্তুত হয়, অথবা যদি সে নিজেকে সে ধরনের অপকর্ম শুরু বা প্রস্তুত করার কাজে ব্যবহৃত হতে দেয়।"
বিজ্ঞানের আবিষ্কার ও কারিগরি দক্ষতা নিত্য মানুষের একে অপরকে হতাহত করার ক্ষমতা বাড়িয়ে চলেছে, যুদ্ধকে করে তুলেছে আরো ভয়াবহ, ভয়ঙ্কর। আইনস্টাইনের বন্ধু প্রখ্যাত ফরাসী পদার্থবিজ্ঞানী পল ল্যাংগেভিন বিজ্ঞানকে ব্যবহার করে ক্রমবর্ধমান ধ্বংস ক্ষমতা অর্জন করার প্রবণতা এবং সভ্যতা ও মানবজাতির জন্য তা কী মারাত্মক বিপদ বয়ে আনতে পারে সেদিকে দৃষ্টি আকর্ষণ করে একটি ঘোষণাপত্র প্রণয়ন করেন। যেহেতু বিজ্ঞানের অগ্রগতি রোধ করা বা সীমিত করার প্রশ্ন ওঠে না, তাই একমাত্র বিকল্প হচ্ছে যুদ্ধ বন্ধ করা। আইনস্টাইনসহ অনেক খ্যাতিমান বিজ্ঞানী ঘোষণাপত্রে স্বাক্ষর করেন এবং নীতিগতভাবে সব যুদ্ধে বিজ্ঞানের সেরা ফলাফল ব্যবহারের এবং আন্তর্জাতিক বিবাদ মীমাংসায় সহিংস পন্থা অবলম্বনের বিরোধিতা করা তাঁদের প্রাথমিক দায়িত্ব বলে স্বীকার করেন।
যুদ্ধ বিরোধিতা ও যুদ্ধ নির্মূল করার কৌশল সম্বন্ধে আইনস্টাইনের বক্তৃতা, বিবৃতি, রচনা এবং শান্তিবাদী বহু ব্যক্তি ও সংগঠনের স্মারকপত্রে স্বাক্ষর করার তালিকা অত্যন্ত দীর্ঘ। সীমিত পরিসরে সম্পূর্ণ বর্ণনার পরিবর্তে কিছু প্রতিনিধিত্বমূলক দৃষ্টান্ত দেয়া হবে।
চেক সাময়িকী Die Wahrheit আয়োজিত এক সিম্পোজিয়ামে, "আরেকটি যুদ্ধ শুরু হলে আপনি কী করবেন?" প্রশ্নের জবাবে ফেব্রুয়ারি ২৩, ১৯২৯ তারিখে আইনস্টাইন তাঁর সংগ্রামী শান্তিবাদী দৃষ্টিভঙ্গি সবচেয়ে সংক্ষেপে ও আপোষহীনভাবে উপস্থাপন করেন, "যুদ্ধের কারণ সম্বন্ধে আমার মনোভাব যাই হোক না কেন, আমি শর্তহীনভাবে প্রত্যক্ষ বা পরোক্ষ যে কোন ধরনের সামরিক চাকরি গ্রহণ করতে অস্বীকার করব এবং আমার বন্ধুদেরও একই ভূমিকা গ্রহণ করার জন্য অনুরোধ করব।"৩
আইনস্টাইনের এ অবস্থান অবশ্য বিতর্কিত ছিল। তাঁর বন্ধু, ফরাসী গণিতজ্ঞ জ্যাক হ্যাডামার্ড স্বয়ং বিশিষ্ট শান্তিবাদী হয়েও সেপ্টেম্বর ১৬, ১৯২৯ তারিখে আইনস্টাইনকে লেখা চিঠিতে তাঁর মতবিরোধ জানিয়ে দেন। ইতিহাস থেকে দৃষ্টান্ত টেনে তিনি দেখান, যেসব দেশ আগ্রাসনের বিরুদ্ধে আত্মরক্ষার উদ্যোগ নেয় নি, তারা আগ্রাসন ঠেকাতে পারে নি। এমনকি নিজ দেশে বিরোধিতা বা বিরূপ বিশ্বমত ও আক্রমণকারীদের ঠেকাতে পারে নি। আইনস্টাইন দীর্ঘ জবাবে তাঁর অবস্থান ব্যাখ্যা করার চেষ্টা করেন। নভেম্বর মাসে তাঁরা প্যারিসে মুখোমুখি আলোচনা করেন। আইনস্টাইন "যুদ্ধকে বিরোধ নিষ্পত্তির উপায় হিসেবে প্রত্যাখ্যান করার" সিদ্ধান্তে অটল থাকেন। অন্যদিকে হ্যাডামার্ডও তাঁর যুক্তিতে অনড় থাকেন যে, একটিমাত্র গুলি না ছুঁড়ে যুদ্ধ জয়ের সম্ভাবনা আগ্রাসন ও স্বৈরতন্ত্রের প্রসার বাড়াবে শুধু।
যুদ্ধ প্রতিরোধের জন্য প্রয়োজন নিরস্ত্রীকরণ — অস্ত্রসজ্জা বন্ধ করা। নিরস্ত্রীকরণ সম্বন্ধে আইনস্টাইনের মতামত জানতে চেয়ে বার্লিনের ট্রান্সওয়ার্ল্ড নিউজ এজেন্সির (Transworld News Agency) সম্পাদক তিনটি প্রশ্ন পেশ করেন। জানুয়ারি ১৬, ১৯৩০ তারিখে আইনস্টাইন প্রশ্নগুলোর জবাব দেন এবং জানুয়ারি ২১, ১৯৩০ তারিখের নিউইয়র্ক টাইমসে তাঁর নামে বিশেষ ডিস্প্যাচ হিসেবে তা ছাপা হয়।৪
প্রথম প্রশ্ন: আপনি কি মনে করেন পূর্ণ বা আংশিক নিরস্ত্রীকরণ নীতি অবলম্বন করলে একটি দেশ দায়িত্বহীনতার পরিচয় দেবে; এমনকি, নিজের অস্তিত্বকে বিপন্ন করে তুলবে?
আইনস্টাইনের জবাব: একথা সাধারণতঃ স্বীকৃত যে বড় মাপের অস্ত্রশস্ত্র বজায় রাখার যে-নীতি সব দেশ অনুসরণ করে চলেছে, মানবতার পক্ষে তা সবচেয়ে বেশি ক্ষতিকারক প্রমাণিত হয়েছে। আমি জোর দিয়ে বলছি, বিদ্যমান পরিস্থিতিতে একতরফাভাবে নিরস্ত্রীকরণ নীতি অবলম্বন করে কোন দেশ সত্যিকারের কোনো বিপদে পড়বে না। আমি বিশ্বাস করি, অস্ত্র উৎপাদন ও সামরিক প্রতিষ্ঠান প্রসারের মধ্যে যাদের অর্থনৈতিক বা রাজনৈতিক স্বার্থ নিহিত আছে, তারাই অন্যান্য দেশের তথাকথিত অস্ত্রসজ্জার অভিযোগ তুলছে কৌশলগত অজুহাত হিসেবে।
দ্বিতীয় প্রশ্ন: আপনি কি বিশ্বাস করেন যে বর্তমানে লন্ডনে ন্যাভাল কনফারেন্সে অংশগ্রহণকারী দেশগুলি নিরস্ত্রীকরনের লক্ষ্যে কোন অগ্রগতি সাধন করতে পারলে তা মানব জাতির জন্যে এক উদাহরণ হয়ে থাকবে?
আইনস্টাইনের জবাব: আমি বিশ্বাস করি নিরস্ত্রীকরণের লক্ষ্যে প্রথম সফল পদক্ষেপ এক গভীর শিক্ষাগত প্রভাব ফেলবে, যা দ্বিতীয় ও তৃতীয় পদক্ষেপ নেয়া অনেক সহজ করে তুলবে। অতীতে সব দেশে জাতীয় সুরক্ষা বিপন্ন ধুয়া তুলে পার্লামেন্ট সদস্যদের ভয় দেখানো হয়েছে। অংশগ্রহণকারী দেশসমূহের মধ্যে নিরস্ত্রীকরণের পথে এক প্রাথমিক সমঝোতা সৃষ্টি হলে সেই ভয় দেখানো আপেক্ষাকৃত কঠিন হবে।
তৃতীয় প্রশ্ন: আপনি কি বিশ্বাস করেন অস্ত্রশস্ত্র অর্থনৈতিকভাবে সুবিধাজনক এবং নিরস্ত্রীকরণ বাস্তবায়িত হলে অংশগ্রহণকারী দেশগুলো অর্থনৈতিক সংকটে পড়বে?
আইনস্টাইনের জবাব: অস্ত্রশস্ত্র উৎপাদন কখনো কোন দেশের অর্থনৈতিক সম্পদ হতে পারেনা। এ সবসময় মানব ও বৈষয়িক সম্পদের অনুৎপাদশীল খাতে ব্যবহার নির্দেশ করে। তাছাড়া জীবনের সৃষ্টিশীল সময়ে সামরিক কাজে মানুষের বাধ্যতামূলক অংশগ্রহণের নীতি দেশের অর্থনৈতিক খাতে উৎপাদনশীলতার সম্ভাবনাকে খর্ব করে। যুদ্ধের জন্য বৈষয়িক ও মানসিক প্রস্তুতি নিতে গিয়ে যে নৈতিক অবক্ষয়ের মুখোমুখি হতে হয়, তার উল্লেখ নাই বা করলাম।
সুইজারল্যান্ডের বার্নে অনুষ্ঠিতব্য ওয়ার্ল্ড কংগ্রেস ফর ইন্টারন্যাশনাল পীস থ্রু রিলিজিয়ন (World Congress for Peace Through Religion) আইনস্টাইনকে অংশগ্রহণ এবং বক্তৃতা করার আমন্ত্রণ জানায়। আইনস্টাইন আমন্ত্রণ প্রত্যাখ্যান করেন এবং মে ২৩, ১৯৩০ তারিখে দেয়া জবাবে তীক্ষ্ণ মন্তব্য জুড়ে দেন: "যদি আমার পক্ষে আপনাদের কংগ্রেসে বক্তৃতা করা সম্ভব হত, তাহলে আমি বলতাম, ইতিহাসের ধারায় মানুষে মানুষে সংঘাত ও যুদ্ধের প্রসারে ধর্মযাজকদের অনেক দায় রয়েছে। তাঁদের অনেক প্রায়শ্চিত্ত করার আছে। তাঁরা সাধারণত: ঘৃণার পক্ষে সংগঠিত শক্তিসমূহের দাসত্ব করেছেন, কদাচিৎ কোন বাধা দিয়েছেন। আমি তাঁদের অনুনয় করতাম না, মানুষ হিসেবে তাঁদের স্বাভাবিক কর্তব্য স্মরণ করিয়ে দিতাম।"
আইনস্টাইন মহাবিজ্ঞানী। বিজ্ঞানের সাথে যুদ্ধের সম্পর্ক সম্বন্ধে তাঁর মতামত জানতে চেয়েছেন অনেকে। ১৯৩০ সালের মে মাসে ইংল্যান্ডের "আর যুদ্ধ নয় আন্দোলন" (No More War Movement) তাঁদের পত্রিকা দ্য নিউ ওয়ার্ল্ডের (The New World) জন্য তাঁর অভিমত জানতে চাইলে তিনি লেখেন:
বিজ্ঞান এক শক্তিশালী হাতিয়ার। কীভাবে তা ব্যবহার করা হয়, মানুষের জন্য তা আশীর্বাদ না অভিশাপ, তা নির্ভর করে মানুষের ওপর, হাতিয়ারের ওপর নয়। ছুরি মানুষের জীবনে অনেক কাজে আসে, আবার ছুরি দিয়ে মানুষ খুন করা যায়।
আমাদের সমস্যার সমাধান বিজ্ঞানের কাছ থেকে আসতে পারে না, আসতে পারে শুধু মানুষের কাছ থেকে। যতদিন পর্যন্ত মানুষকে মানব জাতির বিরুদ্ধে অপরাধ করার জন্য সংগঠিতভাবে প্রশিক্ষণ দেয়া চলবে এবং তার ফলে যে মানসিকতা গড়ে ওঠবে, তা বারবার শুধু বিপর্যয়ই ডেকে আনবে। যুদ্ধের প্রস্তুতি ও কারণের প্রসার ঘটায় এমন কোন কাজ করতে অস্বীকার করার মধ্যেই আমাদের আশা নিহিত।
যুদ্ধ ও বিজ্ঞান সম্বন্ধে তাঁর এই অভিমত অন্যান্য পাদপীঠ থেকে দেয়া মন্তব্যেও প্রকাশ পেয়েছে।
জাতীয় নীতির হাতিয়ার হিসাবে যুদ্ধকে ব্যবহার না করার প্রতিশ্রুতি নিয়ে ২৭শে আগস্ট ১৯২৮ সালে কেলগ-ব্রায়ান্ড চুক্তি (Kellog-Briand Pact) অনুমোদিত হয় এবং ২৪ জুলাই ১৯২৯ সাল থেকে কার্যকর হয়। চুক্তির অনুপ্রেরণায় ওমেন্স ইন্টারন্যাশনাল লীগ ফর পীস এন্ড ফ্রিডম মে ৩০, ১৯৩০ তারিখে বিশ্ব নিরস্ত্রীকরণের লক্ষ্যে এক ইশতেহার প্রকাশ করে। বিজ্ঞান ও প্রযুক্তির ব্যবহার যুদ্ধের ধ্বংস ক্ষমতা কীভাবে বাড়িয়ে দিয়েছে; সে ধরনের যুদ্ধে জানমাল ও অবকাঠামোর কী ভয়াবহ ক্ষতি হতে পারে; কত নগর, শহর, জনপদ বোমার ঘায়ে নিমেষে বিধ্বস্ত হতে পারে; বিষাক্ত গ্যাস ও রাসায়নিক দ্রব্যাদির ব্যবহার যন্ত্রণাদায়ক তাৎক্ষণিক হত্যাই শুধু নয়, মাটি-জল-বাতাস কত দীর্ঘ সময়ের জন্য বিষাক্ত করে রাখতে পারে সে সম্বন্ধে মর্মস্পর্শী বর্ণনা দিয়ে ইশতেহারে অস্ত্রসজ্জা বন্ধ করার আন্দোলন গড়ে তোলার আহ্বান জানানো হয়। দাবী করা হয় বিশ্বব্যাপী পূর্ণ নিরস্ত্রীকরণের। বার্ট্রান্ড রাসেল, স্টেফান জোইগ, টমাস মান, জেইন এডামস এবং ইভান পাভলভের সাথে প্রথম সারির স্বাক্ষরকারীদের মধ্যে আইনস্টাইনও ছিলেন।
বিশিষ্ট শান্তিবাদী রোজিকা সুইমারের জন্ম হাঙ্গেরীতে। আমেরিকার নাগরিকত্ব নেয়ার জন্য "প্রয়োজনে অস্ত্র ধারণ করার" শপথ গ্রহণ করতে হয়। মিসেস সুইমার সে শপথ গ্রহণে অসম্মতি জানালে তাঁর নাগরিকত্ব আবেদন নাকচ করে দেয়া হয়। আইনস্টাইন এ সুযোগের সদ্ব্যবহার করে তাঁর সংগ্রামী শান্তিবাদের কথা আবার জোরালোভাবে ব্যক্ত করেন। জুলাই ৩, ১৯৩০ তারিখে তিনি লেখেন:
আমি মনে করি যে তাঁর অবস্থানের (অস্ত্র বহন করার শপথ না নেয়ার) মধ্য দিয়ে মিসেস সুইমার শান্তির পক্ষে মূল্যবান অবদান রেখেছেন এবং সব খাঁটি মানবতাবাদীর পূর্ণ সমর্থন পাওয়ার যোগ্যতা অর্জন করেছেন।
বিশ্বশান্তির প্রয়োজন অত্যন্ত জরুরি; কিন্তু মনস্বী ব্যক্তিবর্গ যতক্ষণ পর্যন্ত কর্তৃপক্ষ এবং কর্তৃপক্ষের পেছনে যে বল তার বিরোধিতা না করেন, ততক্ষণ পর্যন্ত বিশ্বশান্তি প্রতিষ্ঠা সম্ভব হবে না। […] সাফল্য তখনই আসবে যখন যথেষ্ট সংখ্যক প্রভাবশালী ব্যক্তির রুখে দাঁড়ানোর নৈতিক সাহস হবে। ৫
শান্তির স্বপক্ষে অন্য কারো প্রণীত অনেক ইশতেহারে আইনস্টাইন স্বাক্ষর করেছেন। এসব ইশতেহার আইনস্টাইন যেসব সমস্যা নিরসনে আগ্রহী ছিলেন সেগুলি যেমন নির্দেশ করে, তেমনি দুই বিশ্বযুদ্ধের মধ্যকার সময়ে খ্যাতনামা বুদ্ধিজীবীরা যুদ্ধের অভিশাপমুক্ত পৃথিবী গড়ার জন্য যে চেষ্টা করেছেন তারও প্রমাণ মেলে। অক্টোবর ১২ , ১৯৩০ তারিখে জয়েন্ট পীস কাউন্সিল নামে শান্তিবাদী সংগঠনসমূহের একটি সম্মিলিত সংস্থা বাধ্যতামূলক সামরিক নিবন্ধন ও যুবসমাজের সামরিক প্রশিক্ষণের বিরুদ্ধে আবেদন জানিয়ে একটি ইশতেহার প্রকাশ করে। অংশগ্রহণকারী সংগঠনগুলোর মধ্যে ছিল কোয়েকার, ফেলোশিপ অফ রিকন্সিলিয়েশন, ওয়ার রেজিস্টারস ইন্টারন্যাশনাল, ওমেন্স ইন্টারন্যাশনাল লীগ ফর পীস এন্ড ফ্রিডম এবং আরো কয়েকটি দল। স্বাক্ষরকারীদের মধ্যে ছিলেন আইনস্টাইন, রোমা রোঁলা, রবীন্দ্রনাথ ঠাকুর, জেইন এডামস, জন ডেউই, আপটন সিনক্লেয়ার, সিগমান্ড ফ্রয়েড, অগাস্ট ফোরেল, টমাস মান, স্টেফান জোয়েইগ, সেলমা ল্যাগার্লফ, এইচ জি ওয়েলস এবং বার্ট্রান্ড রাসেল।
ইশতেহারে লক্ষ্য করা হয় যে:
কেলোগ-ব্রায়ান্ড চুক্তি অনুযায়ী যুদ্ধকে জাতীয় নীতির হাতিয়ার হিসেবে নিষিদ্ধ করা হলেও যুদ্ধের প্রস্তুতি বন্ধ হয়ে যায় নি। যুবসমাজকে বাধ্যতামূলক নিবন্ধনের মাধ্যমে অথবা দেশপ্রেম ও অর্থনৈতিক চাপ সৃষ্টি করে সামরিক বাহিনীতে ঢোকানো হচ্ছে এবং সামরিক প্রশিক্ষণ দেয়া হচ্ছে।
সামরিক প্রশিক্ষণ হচ্ছে শরীর ও মনকে হত্যা করার কাজে শিক্ষা দেয়া; যুদ্ধের জন্য প্রস্তুত করা, যুদ্ধ মনস্কতার প্রসার ঘটানো। […]
শান্তি চুক্তি অনুযায়ী পরাজিত দেশগুলিতে সামরিক নিবন্ধন ও সামরিক শিক্ষা বন্ধ করার কথা হয়েছে। সময় এসেছে শুধু পরাজিত দেশগুলোতেই নয়; সব দেশে, সারা পৃথিবী জুড়ে সামরিকীকরণ বন্ধ করার। […] পৃথিবীর সব দেশের মানুষ শপথ গ্রহণ করুক, "আর যুদ্ধসজ্জা নয়, আর সামরিক নিবন্ধন নয়! শিক্ষা হোক মানবতা ও শান্তির জন্য।"
যুদ্ধ হঠাৎ করে শুরু হয় না। তার পেছনে থাকে হিংসা, হিংস্রতা, দীর্ঘ প্রস্তুতি, ব্যাপক সংগঠন, অস্ত্রসজ্জা, প্রশিক্ষণ দিয়ে সেনাবাহিনী গড়ে তোলা। সমরতন্ত্রের প্রতিটি উপকরণের প্রতি আইনস্টাইনের ছিল তীব্র অবজ্ঞা। ১৯৩১ সালের অক্টোবর মাসে "দ্য ওয়ার্ল্ড অ্যাজ আই সি ইট" (The World as I See It ) শীর্ষক রচনায় আইনস্টাইন তাঁর বিশ্বদৃষ্টি উপস্থাপন করেন। বহুল প্রচারিত সে নিবন্ধের একটি অনুচ্ছেদে সমরতন্ত্রের প্রতি তাঁর তীব্র বিরূপতার প্রমান মেলে। সমরতন্ত্রকে "যুথবদ্ধ জীবনের সবচেয়ে নিকৃষ্ট আগাছা" [৬] আখ্যায়িত করে তিনি বলেন:
….. ব্যান্ডের তালেতালে দল বেঁধে মার্চ করে যারা আনন্দ পায় তাদের প্রতি আমি ঘৃণা বোধ করি। সভ্যতার শরীরে এই লজ্জাজনক কলঙ্ক যত তাড়াতাড়ি সম্ভব মুছে ফেলা উচিত।
হুকুম মাফিক বীরত্ব, অর্থহীন হিংস্রতা এবং দেশপ্রেমের নামে যেসব জঘন্য ছাইপাঁশ চলে — কি প্রচণ্ডভাবে সেসব আমি ঘৃণা করি! যুদ্ধকে আমার কাছে কী যে নীচ ও জঘন্য মনে হয়! এ ধরনের বিশ্রী কাজে অংশ নেয়ার চেয়ে আমি বরং আমার অঙ্গ-প্রত্যঙ্গ একে একে ছিঁড়ে ফেলতে দেব। মানবজাতি সম্বন্ধে আমি যথেষ্ট উঁচু ধারণা পোষণ করি বলে বিশ্বাস করি যে মানুষের সুস্থ কাণ্ডজ্ঞান যদি বাণিজ্যিক ও রাজনৈতিক স্বার্থে স্কুল আর সংবাদপত্রের মাধ্যমে কলুষিত করা না হত, তাহলে যুদ্ধের ভূত অনেক আগেই ছেড়ে যেত। ৬
আমেরিকা সফর (১৯৩০ – ১৯৩১)
নভেম্বর ৩০, ১৯৩০ তারিখে আইনস্টাইন বার্লিন থেকে আমেরিকার প্যাসাডোনায় অবস্থিত ক্যালিফর্নিয়া ইনস্টিটিউট অফ টেকনোলজির উদ্দেশে রওনা হন। পরপর তিন বছর তিনি এ বিখ্যাত বিশ্ববিদ্যালয়ে আংশিক সময় কাটান। এ ছিল প্রথমবার। ডিসেম্বর ১০, ১৯৩০ তারিখে জাহাজ নিউইয়র্কে পৌঁছায়। পরবর্তী পাঁচ দিন ছিল সম্বর্ধনা আর সম্মাননার জোয়ারে ভেসে যাওয়ার। সাধারণ মানুষ, সাংবাদিক, রেডিও এবং টেলিভিশনের রিপোর্টার, প্রকাশক, বুদ্ধিজীবী, রাজনীতিবিদ, ইহুদীবাদী নেতৃবৃন্দ, বিজ্ঞানী ও দার্শনিক সবাই ছিলেন তাঁর দর্শনপ্রার্থীদের মধ্যে। বক্তৃতা করা, সাক্ষাৎকার দেয়া, সাংবাদিক সম্মেলনে অংশ নেয়া, মিটিংয়ে যোগ দেয়া, দ্রষ্টব্য দর্শন, অপেরা ও কনসার্ট শোনা — সব মিলে বিপুল ব্যস্ততা!
নিউইয়র্কের রিটজ কার্লটন হোটেলে ডিসেম্বর ১৪, ১৯৩০ তারিখে দ্য নিউ হিস্টরি সোসাইটি (The New History Society) আয়োজিত এক সভায় দেয়া বক্তৃতায় সংগ্রামী শান্তিবাদী হিসেবে আইনস্টাইনের ভূমিকার চূড়ান্ত উৎকর্ষ লক্ষ্য করা যায়। শান্তি আন্দোলনের লক্ষ্য, উদ্দেশ্য ও সেই আন্দোলনকে এগিয়ে নিয়ে যাওয়ার পথ ও পদ্ধতি সম্বন্ধে স্বীয় অভিমত ব্যাখ্যা করে আইনস্টাইন জোরালোভাবে ঘোষণা করেন, "সামরিক দায়িত্ব যাদের উপর অর্পণ করা হয় তাদের শতকরা মাত্র দুই ভাগও যদি যুদ্ধ করতে অস্বীকার করে এবং যুদ্ধ ছাড়া অন্য কোন উপায়ে আন্তর্জাতিক সমস্যা সমাধানের কথা বলে তাহলে সরকার ক্ষমতাহীন হয়ে পড়বে। অত লোককে জেলে পাঠাতে সাহস করবে না।" ৭
আইনস্টাইনের এই "শতকরা দুই ভাগ বক্তৃতা" পুরোপুরি বিতর্কিত হলেও শান্তিবাদী মহলে উদ্দীপনার সঞ্চার করে এবং "বিশ্বে শান্তিবাদী আন্দোলনের অন্যতম মহান যোদ্ধা" হিসেবে তাঁর খ্যাতি ছড়িয়ে পড়ে। অসংখ্য অভিনন্দন বার্তা আসে তাঁর কাছে। আমেরিকার বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসগুলিতে অনেক ছাত্র কোটের ল্যাপেলে "২%" মুদ্রিত বোতাম ব্যবহার করতে শুরু করে।
জানুয়ারি ৮, ১৯৩১ তারিখে হলিউডে বেড়াতে গেলে তাঁর সম্মানে এরিক মারিয়া রেমার্কের ধ্রুপদী উপন্যাস "অল কোয়ায়েট অন দ্য ওয়েস্টার্ন ফ্রন্ট" (All Quiet on the Western Front) ভিত্তিক চলচ্চিত্রের বিশেষ প্রদর্শনীর আয়োজন করা হয়। "চমৎকার ছবি" মন্তব্য করেন আইনস্টাইন এবং জার্মানীতে ছবিটি প্রদর্শন নিষিদ্ধ করা হয়েছে বলে ক্ষোভ প্রকাশ করেন। বছরের শেষ দিকে জার্মান লীগ ফর হিউম্যান রাইটস (German League for Human Rights) ছবিটি প্রদর্শনের জন্য আন্দোলন করে সফল হয়। আইনস্টাইনের মন্তব্য সে সাফল্যের অন্যতম কারণ। উল্লেখ্য আইনস্টাইন লীগের সদস্য ছিলেন এবং লীগ আয়োজিত অনেক কর্মকাণ্ডে সক্রিয় অংশ নিয়েছেন। অনেক সময় নিজে কর্মসূচী প্রণয়ন করেছেন।
আইনস্টাইনের বক্তব্য-বিবৃতিতে সে সময়ে আরেকটি মূল সুর ধ্বনিত হতে শুরু করে যে, বিশ্বশান্তি প্রতিষ্ঠার জন্য প্রয়োজনীয় আন্তর্জাতিক সংগঠন গড়ার ক্ষেত্রে বিজ্ঞানের বিপুল অগ্রগতি ও চমকপ্রদ সব আবিষ্কার কোন প্রত্যক্ষ প্রভাব ফেলবে না। তাঁর এ চিন্তাধারা প্রকাশ পায় ফেব্রুয়ারি ২, ১৯৩১ তারিখে ইয়েল ডেইলি নিউজে প্রকাশিত প্রশ্নোত্তরে; এবং দুই সপ্তাহ পরে ক্যালিফোর্নিয়া ইনস্টিটিউট অব টেকনোলজিতে কয়েকশ' ছাত্রের সভায় দেয়া বক্তৃতায়। শান্তির জন্য মানুষের স্থির সংকল্পের আবশ্যকতার প্রতি তিনি জোর দেন। ছাত্রদের লক্ষ্য করে তিনি বলেন:
যদি তোমরা তোমাদের জীবনের কাজকে মানুষের জন্য প্রয়োজনীয় করে তুলতে চাও তাহলে শুধুমাত্র ফলিত বিজ্ঞানচর্চাই যথেষ্ট নয়। সব প্রযুক্তিগত প্রচেষ্টার মুখ্য উদ্দেশ্য হবে মানবকল্যাণ। মানুষের শ্রম এবং সম্পদ বিতরণকে কিভাবে সংঘটিত করলে আমাদের বিজ্ঞান চিন্তার ফসল মানুষের জন্য অভিশাপ না হয়ে আশীর্বাদ হবে, সেই বিশাল অমীমাংসিত সমস্যা সমাধানের প্রতি লক্ষ্য রাখতে হবে। তোমাদের নকশা ও সমীকরণ নিয়ে চিন্তা করার মাঝে এ কথা কখনো ভুলে যেওনা।
আমেরিকার পূর্ব উপকূল হয়ে ইউরোপে ফেরার পথেও সাক্ষাৎকার, বক্তৃতা-বিবৃতি আর গণসংযোগ ভরপুর সময় কাটে আইনস্টাইনের। শিকাগোতে মার্চ ৩, ১৯৩১ তারিখে এক শান্তি প্রতিনিধিদল তাঁকে সম্বর্ধনা জানায়। আইনস্টাইন বক্তৃতায় শান্তির জন্য সংগ্রামের সমস্যাসমূহ তুলে ধরেন। বিভিন্ন দেশের সরকারসমূহের হাতে নিরস্ত্রীকরণ ও যুদ্ধ বিরোধিতার দায়িত্ব ছেড়ে দিয়ে নিশ্চিত হওয়া যাবে না। এমনকি বিপুল সদস্য সমৃদ্ধ শান্তিবাদী প্রতিষ্ঠান গড়াও মূল লক্ষ্যের কাছাকাছি পৌঁছানোর জন্য যথেষ্ট নয়। যুদ্ধ সংক্রান্ত কাজে অংশগ্রহণ প্রত্যাখ্যান করার বিপ্লবী প্রক্রিয়াই শান্তি প্রতিষ্ঠার একমাত্র পথ।
পরের দিন নিউইয়র্কে ওয়ার রেজিস্টার্স লীগের সদস্যদের সাথে এক সভায় তিনি তাঁর শিকাগোতে দেয়া বক্তব্যের পুনরাবৃত্তি করেন। তিনি আরো যোগ করেন, "পূর্ববর্তী নিরস্ত্রীকরণ সম্মেলনসমূহের অভিজ্ঞতা প্রমাণ করে যে বিভিন্ন দেশের সরকারসমূহ হয় সত্যিকারের নিরস্ত্রীকরণে অনিচ্ছুক অথবা অপারগ। জনগণ যদি সত্যিই নিরস্ত্রীকরণ চায় তবে সে জন্য জোরালো দাবী তুলতে হবে।"
সেদিন বিকেলে তিনি অনেক সাক্ষাৎপ্রার্থীদের সাথে দেখা করেন। তাঁদের মধ্যে ছিলেন হেলেন কেলার ও সমাজতান্ত্রিক নেতা নরমান টমাস। সন্ধ্যায় আমেরিকান প্যালেস্টাইন ক্যাম্পেইন আয়োজিত সমাবেশে বক্তব্য রাখেন। রাতে ইউরোপগামী জাহাজে ওঠার আগে জেটিতে যুদ্ধবিরোধী যুব সংগঠনসমূহের সদস্যরা তাঁকে সম্বর্ধনা জানায়।
পরবর্তীতে এ সমাবেশের মধ্য থেকে জন্ম নেয় ইউথ পীস ফেডারেশন (Youth Peace Federation)। আইনস্টাইন তারবার্তা পাঠান, "শান্তিবাদকে সংগ্রামী করে তোলার কাজে আমি আপনাদের অনুকূল অগ্রগতি কামনা করি। সামরিক পরিষেবা প্রতিরোধই শুধু শান্তিবাদী আন্দোলনের সফলতা আনতে পারে।"
যুদ্ধ প্রতিরোধীদের পৃষ্ঠপোষকতা
যুদ্ধ বিরোধিতার কাজে আইনস্টাইনের ভূমিকা শুধু নৈতিক সমর্থন দেয়া আর ইশতেহার স্বাক্ষর করার মধ্যে সীমিত থাকেনি, অনেক সময় তিনি বাস্তব কাজে প্রত্যক্ষ অংশগ্রহণ করেছেন। যুদ্ধ প্রতিরোধ কার্যক্রমে অংশ নিয়ে যাঁরা দণ্ডিত হয়েছেন আইনস্টাইন তাঁদের দণ্ড প্রত্যাহারের জন্য আবেদন করেছেন, সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সাথে সরাসরি যোগাযোগ পর্যন্ত করেছেন। যাঁরা চাকরি হারিয়েছেন তাঁদের জন্য তহবিল সংগ্রহের উদ্যোগ নিয়েছেন। তাঁর এ ধরনের অসংখ্য কাজের মধ্যে থেকে কয়েকটি দৃষ্টান্ত উল্লেখ করা প্রয়োজন।
১৯২৯ সালে প্যালেস্টাইনে ইহুদীদের বিরুদ্ধে দাঙ্গার অভিযোগে কতিপয় আরবের মৃত্যুদণ্ড দেয়া হলে ওয়ার রেজিস্টার্স ইন্টারন্যাশনাল দণ্ড লঘু করার উদ্যোগ নেয়। আইনস্টাইন সে উদ্যোগ সমর্থন করেন এবং প্যালেস্টাইনে হাইকমিশনারকে তারবার্তা পাঠান।
১৯২৯ সালের শেষদিকে আর্নডট পেকুরিনেন নাম এক ফিনিশ তরুণ সামরিক কাজ করতে অস্বীকার করলে তাকে জেলে পাঠানো হয়। ওয়ার রেজিস্টার্স ইন্টারন্যাশনাল প্রতিবাদ করে যে চিঠি ফিনিশ কর্তৃপক্ষকে পাঠায় আইনস্টাইন ছিলেন তার অন্যতম স্বাক্ষরকারী। ফিনিশ প্রতিরক্ষামন্ত্রীর সাথে তাঁর পরবর্তী দীর্ঘসূত্রী পত্রালাপ প্রমান করে নীতিগতভাবে যারা যুদ্ধ বিরোধিতা করেন তাদের প্রতি আইনস্টাইনের সমর্থন কত অটল ছিল।
কাছাকাছি সময়ে যুদ্ধবিরোধী প্রচারণা চালানোর জন্য কতিপয় প্রতিবাদীকে বুলগেরিয়ার সোফিয়ায় আদালতে আসামীর কাঠগড়ায় দাঁড় করানো হয়। তারা আইনস্টাইনকে তাদের সাক্ষী হিসেবে প্রস্তাব করেন। আইনস্টাইন ফেব্রুয়ারি ২০, ১৯৩০ তারিখে আদালতের প্রেসিডেন্টকে লেখেন: "….. সত্যিকারের সভ্যতার দাবি করে এমন যেকোন দেশে যুদ্ধের বিরুদ্ধে লড়াই আইনসম্মত। আর সে লড়াই, উচিত লড়াই। কোন আধুনিক রাষ্ট্রের জন্য যুদ্ধবিরোধীদের নিপীড়ণ করা লজ্জাজনক; এর অর্থ শুধু এই হতে পারে যে রাষ্ট্র আসলে সমরতান্ত্রিক লক্ষ্য সমর্থন করে।"
ওয়ার রেজিস্টার্স ইন্টারন্যাশনালের পরামর্শ অনুযায়ী আইনস্টাইন পাঁচজন পোলিশ যুদ্ধ প্রতিরোধীদের সাহায্য করার উদ্যোগ নেন। পোল্যান্ডের ব্রেস্ত এবং ওয়ারসয় সামরিক আদালতের উদ্দেশ্যে ১৯৩২ সালের ৯ নভেম্বর তারিখে তিনি বলেন, "বিবেকের ডাকে সাড়া দিয়ে যারা যুদ্ধ ও যুদ্ধ সম্পর্কিত কাজে অংশগ্রহণ করতে অস্বীকার করছেন তাদের নিপীড়ন করা কোনো আধুনিক রাষ্ট্রের পক্ষে সমীচীন নয়।" ন্যায়বিচার ও পোল্যান্ডের স্বার্থে অভিযুক্তদের বিরুদ্ধে মামলা খারিজ করার অনুরোধ জানান তিনি।
যুদ্ধ বিরোধিতার প্রচেষ্টায় পরামর্শ ও সমর্থন চেয়ে যারা যোগাযোগ করেছেন আইনস্টাইন শত ব্যস্ততার মধ্যেও সময় করে তাদের অনুপ্রেরণা দিয়েছেন। আগস্ট ১৫, ১৯৩১ তারিখে জনৈক সুইস যুদ্ধ প্রতিরোধীকে তিনি লেখেন, "…… আপনার সাহস ও সততার প্রতি আমি শ্রদ্ধা জানাই। আপনার মতো একজন মানুষ মেশিনে একটি বালুকণার মত কাজ করেন। আমার আশা, এমনি অনেক বালুকণার মাধ্যমে যুদ্ধের যন্ত্র ধ্বংস হয়ে যাবে; অথবা কমপক্ষে বাধ্যতামূলকভাবে সৈন্যদলে নিয়োগের কলঙ্কজনক প্রথা বিলুপ্ত হবে।"
এ সময়ে নিউইয়র্কের এক কলেজ শিক্ষক যুদ্ধ প্রতিরোধের জন্য শিক্ষকদের সংগঠিত করার উদ্যোগ নিয়েছেন জানালে আইনস্টাইন আগস্ট ২১, ১৯৩১ তারিখে জবাব দেন, "আমার বিশ্বাস, আপনি যে আন্দোলন গড়ে তুলছেন তা অতীব গুরুত্বপূর্ণ। আগামী প্রজন্মের রাজনৈতিক দৃষ্টিভঙ্গি গড়ে তোলার ক্ষেত্রে শিক্ষা প্রতিষ্ঠানের প্রভাব অন্য যে কোন প্রতিষ্ঠানের চেয়ে বেশী। আপনি যদি আমেরিকায় শিক্ষকদের শান্তির স্বপক্ষে সংগঠিত করার কাজে সফল হন, তাহলে আপনি অন্য সব দেশের জন্যও এক প্রয়োজনীয় দৃষ্টান্ত তুলে ধরবেন।"
প্রথম বিশ্বযুদ্ধে নিহতদের স্মরণে বেলজিয়ামের ডিক্সমুডে একটি স্মৃতিসৌধ নির্মিত হয়েছিল। এক লক্ষেরও বেশি ফ্লেমিশ বেলজিয়ান আগস্ট ২৩, ১৯৩১ তারিখে সেখানে বার্ষিক স্মরণসভায় মিলিত হলে আইনস্টাইন অংশগ্রহণকারীদের সাথে গভীর সংহতি ও একাত্মতা প্রকাশ করে একটি বার্তা পাঠান। আইনস্টাইনের বক্তব্যের সারমর্ম ছিল এরকম।৮
জনগণ সক্রিয় সংগ্রাম না করলে বিদ্যমান শোচনীয় পরিস্থিতির কোনো পরিবর্তন হবে না। সমরযন্ত্রকে যারা ধরে রাখতে চায় তারা সংখ্যায় কম হলেও অতীব শক্তিশালী। যতক্ষণ পর্যন্ত সেনাবাহিনী থাকবে এবং অস্ত্র সংগ্রহ চলবে, ততক্ষণ পর্যন্ত যেকোনো গুরুতর বিবাদ যুদ্ধে পর্যবসিত হবার আশঙ্কা রয়ে যাবে। সে আশঙ্কা দূর করার জন্য চাই সম্পূর্ণ নিরস্ত্রীকরণ। শুধুমাত্র জনগণের শক্তি থেকে মুক্তি আসবে।
যুদ্ধ প্রতিরোধে অংশগ্রহণ করে যারা আর্থিক সংকটে পড়েছেন তাদের সাহায্য করার জন্য আইনস্টাইনের দু'টি উদ্যোগের কথা জানা যায়। ডেনিশ সুরকার ভিক্টর বেনডিক্স ও তাঁর স্ত্রী রিগমোর স্ট্যাম্পের সম্মানে প্রতিবছর একটি স্মৃতিরক্ষা পুরস্কার প্রদানের ব্যবস্থা ছিল। পুরস্কার সেইসব উদ্দেশ্যে বা কাজে ব্যবহার করা হবে যা এই দুই স্মরণীয় ব্যক্তিত্ব সমর্থন করতেন। ১৯২৯ ও ১৯৩০ সালের বেনডিক্স পুরস্কার দেয়ার দায়িত্ব ছিল আইনস্টাইনের। ছয় বছরের কঠোর পরিশ্রম দণ্ডপ্রাপ্ত দুই যুদ্ধ প্রতিরোধীকে আইনস্টাইন সেই পুরস্কার প্রদান করেন। পুরস্কারের পরিমান এক হাজার ক্রোনার সামান্য হলেও প্রতিবাদের ভাষা হিসেবে তার প্রতীকী মূল্য ছিল বড় মাপের। ডেনিশ জনগণকে এই সিদ্ধান্ত জানানোর জন্য আইনস্টাইন আগস্ট ৫, ১৯৩০ তারিখে কোপেনহ্যাগেনে পলিটিকেন (Politiken) সংবাদপত্রের সম্পাদককে একটি চিঠি পাঠান। ডেনমার্কের শান্তিবাদী পত্রিকা বেভ্র্যাইডিং (Bevraijding) চিঠিটির একটি সংক্ষিপ্ত বিবরণ প্রকাশ করে ১৯৩১ সালের জানুয়ারী সংখ্যায়।
নিউইয়র্কের রিটজ কার্লটন হোটেলে ১৯৩০ সালের ডিসেম্বর ১৪ তারিখে প্রদত্ত বক্তৃতায় আইনস্টাইন যুদ্ধ প্রতিরোধীদের আর্থিক সাহায্য দেয়ার জন্য আবেদন করেন। ওয়ার রেজিস্টার্স ইন্টারন্যাশনাল "আইনস্টাইন তহবিল" স্থাপনের প্রস্তাব দেয় এবং আইনস্টাইন তা অনুমোদন করেন। আইনস্টাইন পত্নী এলসার পরবর্তী পত্রালাপ থেকে জানা যায় যে, তহবিল অর্থ সংগ্রহে সফল হলেও বিপন্ন যুদ্ধ প্রতিরোধীদের সংখ্যা এবং তাদের চাহিদা ক্রমাগত বেড়ে যাচ্ছিল। আরো বেশি সংগ্রহের প্রয়োজন নিত্য অনুভূত হয়েছে।
সুইস মিলিশিয়া ব্যবস্থার বিরোধিতা
শান্তি সৈনিকদের তৎকালীন কার্যক্রমের মধ্যে একটি উল্লেখযোগ্য পদক্ষেপ ছিল সুইস মিলিশিয়া ব্যবস্থার বিরোধিতা করা। সে সময়ে কোন কোন দেশে সুইস মিলিশিয়া ব্যবস্থা প্রবর্তনের প্রবণতা লক্ষ্য করা যায়। এ ব্যবস্থা অনুযায়ী বেসামরিক নাগরিকদের সামরিক প্রশিক্ষণ দিয়ে মূল সেনাবাহিনীর সমান্তরাল একটি সম্পূরক বাহিনী গড়ে তোলা হত। উদ্দেশ্য, প্রয়োজনে মিলিশিয়া বাহিনী অস্ত্র হাতে যুদ্ধে নামার জন্য প্রস্তুত থাকবে। ওয়ার রেজিস্টার্স ইন্টারন্যাশনালের জার্মান শাখা এ ব্যবস্থার তীব্র প্রতিবাদ করে একটি বিবৃতি প্রণয়ন করলে আইনস্টাইনসহ আটজন বিশিষ্ট বুদ্ধিজীবী জুন ২, ১৯৩১ তারিখে তা অনুমোদন ও স্বাক্ষর করেন।
বিবৃতিতে সতর্ক করে দেয়া হয় যে, প্রশিক্ষণ দিয়ে মিলিশিয়া বাহিনী গড়ে তোলার অর্থ হচ্ছে ১৮ বছর বয়স থেকে শুরু করে জীবনের শেষ দিন পর্যন্ত প্রতিটি সুস্থ সবল নাগরিককে সৈন্য হিসেবে গড়ে তোলা এবং ঘরে ঘরে বন্দুক সরবরাহ করা। বিবৃতিতে ১৯২৮ সালে সম্মিলিত জাতিপুঞ্জ পরিষদকে লেখা একটি চিঠি জুড়ে দেয়া হয়েছিল। চিঠির বক্তব্য: "মিলিশিয়া ব্যবস্থা সম্বন্ধে সুইস অভিজ্ঞতা থেকে বলা যায়, সারা পৃথিবী জুড়ে এ ব্যবস্থা চালু হলে জাতিসমূহের মধ্যে যুদ্ধের স্পৃহা নতুন করে জেগে ওঠবে এবং নিরস্ত্রীকরণ অসম্ভব হয়ে দাঁড়াবে। […] সামরিক প্রশিক্ষণের সময়সীমা কমালে, বেশী লোককে অন্তর্ভুক্ত করা সম্ভব হবে। ফলে সারা জাতির মানসকে নজিরবিহীন মাত্রায় সমরতন্ত্রী করে তোলা যাবে এবং শান্তির পথে অগ্রসর হওয়া অলীক স্বপ্ন হয়ে দাঁড়াবে।"
জেনেভা নিরস্ত্রীকরণ সম্মেলন
দুই বিশ্বযুদ্ধের মধ্যকার সময়ে যুদ্ধ নির্মূল করার লক্ষ্যে নিরস্ত্রীকরণের পক্ষে শান্তিবাদী প্রতিষ্ঠানসমূহ ব্যাপক প্রচারণা চালায়। ১৯২০-র দশক থেকে শুরু করে ১৯৩০-র দশকের প্রথম দিক পর্যন্ত নিরলস প্রচারণার ফলে নিরস্ত্রীকরণের পক্ষে ব্যাপক আন্তর্জাতিক জনমত গড়ে ওঠে। ফলে লীগ অফ ন্যাশনসের সদস্য দেশগুলোতে এবং যুক্তরাষ্ট্রে সরকারী পর্যায়ে নিরস্ত্রীকরণ বিবেচনার বিষয় হয়ে দাঁড়ায়। লীগ ১৯২৫ সালে নিরস্ত্রীকরণ সম্ভাবনা পর্যালোচনা করার জন্য একটি প্রস্তুতি কমিটি গঠন করে। ১৯৩১ সাল নাগাদ একটি আন্তর্জাতিক নিরস্ত্রীকরণ সম্মেলন অনুষ্ঠানের সম্ভাবনা জোরালো হয়ে ওঠে।
তবে সে সম্মেলন অনুষ্ঠানের পথ মসৃণ ছিল না। অংশগ্রহণকারী দেশগুলোর মধ্যে মতবিরোধ ছিল, দোদুল্যমানতা ছিল, ছিল স্বার্থের দ্বন্দ্ব। জার্মানীর দাবী ছিল বিভিন্ন দেশের মধ্যে সৈন্যসংখ্যা ও অস্ত্রের সমতা অর্জন করা। কারণ ভার্সাই চুক্তি অনুযায়ী জার্মানীর সৈন্য ও অস্ত্রবল বিশেষভাবে সীমিত করে দেয়া হয়েছিল। অন্যদিকে ফ্রান্স তার তৎকালীন প্রাধান্য বজায় রাখার পক্ষে ছিল। ফলে সম্মেলন আদৌ অনুষ্ঠিত হবে কিনা সে সংশয় ছিল।
শান্তিবাদী মহলে নিরস্ত্রীকরণ শান্তি প্রতিষ্ঠার পূর্বশর্ত মনে করা হত। শান্তিবাদী বুদ্ধিজীবী ও প্রতিষ্ঠানসমূহের প্রচেষ্টার দুই মূল লক্ষ্য ছিল। প্রথমত নিরস্ত্রীকরণের পক্ষে আন্তর্জাতিক জনমত গড়ে তুলে সম্মেলন অনুষ্ঠান নিশ্চিত করা। দ্বিতীয়ত সম্মেলন যাতে সফল হয়, কার্যকর নিরস্ত্রীকরণ যেন যুদ্ধের আশঙ্কা দূর করে সেজন্য সরকারি প্রতিনিধিদের ওপর চাপ সৃষ্টি করা। আইনস্টাইন উভয় লক্ষ্যেই সরব ও সক্রিয় ছিলেন।
ফ্রান্সের লেয়নে ১৯৩১ সালের আগস্ট ১ থেকে ৪ তারিখ পর্যন্ত অনুষ্ঠিত ওয়ার রেজিস্টার্স ইন্টারন্যাশনালের সভায় আইনস্টাইন আসন্ন নিরস্ত্রীকরণ সম্মেলনের প্রতি দৃষ্টি আকর্ষণ করেন। সভায় ছাপ্পান্নটি দেশের প্রতিনিধিবৃন্দ উপস্থিত ছিলেন। আইনস্টাইন তাঁর বক্তৃতায় যুদ্ধের অভিশাপমুক্ত পৃথিবী গড়া, সে লক্ষ্যে যুদ্ধ ও যুদ্ধ সম্পর্কিত কোন কাজ করতে অস্বীকার করা, এবং যুদ্ধবিরোধীদের সাহায্যের জন্য গঠিত তহবিলে দান করার জন্য জোর আবেদন জানিয়ে নিরস্ত্রীকরণ ও জেনেভা সম্মেলন সম্বন্ধে বলেন ৯:
পৃথিবীর সব জাতিই এখন নিরস্ত্রীকরণের কথা বলছে। তাদেরকে আপনাদের শেখাতে হবে শুধু কথা বলার চেয়ে বেশি কিছু করার জন্য। রাজনীতিবিদ ও কূটনীতিবিদদের হাত থেকে এ কাজ জনগণকে নিজেদের হাতে নিতে হবে। তারাই শুধু পৃথিবীতে নিরস্ত্রীকরণের ব্যবস্থা করতে পারেন। সম্ভ্রান্ত বা সাধারণ যাই হন না কেন, আমি পৃথিবীর সব মানব-মানবীর কাছে আবেদন জানাই, আগামী ফেব্রুয়ারিতে জেনেভায় নিরস্ত্রীকরণ সম্মেলন শুরু হবার আগেই যেন তারা ঘোষণা করেন যে এখন থেকে যুদ্ধ ও যুদ্ধের প্রস্তুতি সংক্রান্ত কোন কাজে অংশগ্রহণ করতে তারা অস্বীকার করবেন।
আইনস্টাইনের বার্তা সম্মেলনে উপস্থিতদের মনে গভীর ছাপ ফেলে। জার্মানী ছাড়া পৃথিবীর সব দেশেই সে বার্তা ব্যাপক প্রচার পায়।
নিরস্ত্রীকরণ সম্মেলন সে সময়ে আইনস্টাইনের চিন্তাভাবনায় একটি বড় অংশ জুড়ে ছিল। নিউইয়র্ক ভিত্তিক পত্রিকা দ্য ন্যাশনে (The Nation) সেপ্টেম্বর ২৩ তারিখে প্রকাশিত একটি নিবন্ধে তার প্রমাণ মেলে। নিবন্ধের মূল বক্তব্য ছিল: "মানুষের উদ্ভাবনী প্রতিভার ফসল সুখ-সমৃদ্ধি ও মুক্তির কাজে না লেগে লাগছে মৃত্যু, ধ্বংস ও অভাব বৃদ্ধিতে। অবশ্য এসবের চেয়েও ভয়াবহ হচ্ছে সেই হীন বশ্যতা যা যুদ্ধ ব্যক্তির ওপর চাপিয়ে দেয়। ব্যক্তিগতভাবে যেসব কাজ আমরা জঘন্য অপরাধ বলে গণ্য করি, সমাজের চাপে (যুদ্ধের সময়) সেসব কাজ করতে বাধ্য হওয়ার চেয়ে খারাপ আর কী হতে পারে? শুধু মুষ্টিমেয় ক'জনের নৈতিক সাহস ছিল প্রতিরোধ করার।" সেই নৈতিক যুদ্ধ প্রতিরোধীদের সত্যিকার বীর আখ্যায়িত করে আইনস্টাইন নিরস্ত্রীকরণকে আশার একটি রশ্মি হিসেবে শনাক্ত করেন। তিনি বলেন, "সেজন্যেই ১৯৩২ সালের নিরস্ত্রীকরণ সম্মেলন বর্তমান ও পরবর্তী প্রজন্মের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। অতীতের সম্মেলনগুলির করুণ ব্যর্থতা পর্যালোচনা করলে সহজেই প্রতীয়মান হয় যে প্রতিটি দায়িত্বশীল ও চিন্তাশীল মানুষের অবশ্য কর্তব্য হবে জনসাধারণকে এই সম্মেলনের গুরুত্ব সম্পর্কে সচেতন করে তোলা। শান্তির নীতির প্রতি অধিকাংশ জনসাধারণের সমর্থন থাকলেই শুধু রাজনীতিবিদরা সে মহান লক্ষ্য অর্জনের আশা করতে পারেন। […] সম্মেলনের ব্যর্থতা নিশ্চিত হবে যদি প্রতিনিধিরা অনমনীয় নীতি ও নির্দেশমালা নিয়ে যোগ দিতে আসেন। কারণ তখন সেই নীতিমালার বাস্তবায়ন জাতীয় মর্যাদা রক্ষার ব্যাপার হয়ে দাঁড়াবে। […] "
চীনের উত্তর-পূর্ব সীমান্তে মাঞ্চুরিয়া এলাকা দখল করার জন্য জাপান সেপ্টেম্বর ১৮, ১৯৩১ তারিখে অভিযান শুরু করে। ফেব্রুয়ারি ২৬, ১৯৩২ তারিখে দখল সম্পন্ন করে সেখানে মাঞ্চুকুয়ো নামে জাপানী পুতুল সরকার গঠন করে। জাপানী এই যুদ্ধাভিযান চলে জেনেভায় নিরস্ত্রীকরণ সম্মেলনের প্রস্তুতি ও শুরুর সময় জুড়ে। পর্যবেক্ষকের দৃষ্টিভঙ্গির উপর নির্ভর করে মাঞ্চুরিয়া অভিযান নিরস্ত্রীকরণের আবশ্যকতা বা অসারতার প্রতীক হয়ে দাঁড়ায়।
সংগ্রামী শান্তিবাদী আইনস্টাইনের মনোভাব জানা যায় 'সুইডিশ কমিটি ফর পিপলস পার্লামেন্ট ফর ডিসার্মামেন্ট'-এর (Swedish Committee for People's Parliament for Disarmament) সাথে যোগাযোগে। আসন্ন নিরস্ত্রীকরণ সম্মেলনের সাথে একযোগে পৃথিবী জুড়ে জনসভা অনুষ্ঠানের সিদ্ধান্ত নেয় সুইডিশ কমিটি। সে উদ্দেশ্যে প্রণীত একটি ঘোষণাপত্র কমিটি আইনস্টাইনকে পাঠায়। আইনস্টাইন নভেম্বর ১১, "যুদ্ধবিরতি দিনে" দেয়া তাঁর উত্তরে কমিটির উদ্যোগের জন্য সন্তোষ প্রকাশ করে বলেন যে, "চাপ সৃষ্টি করে জাতিসমূহকে নিরস্ত্রীকরণে বাধ্য করার চেষ্টা যথেষ্ট নয়। […] স্বতন্ত্র সরকারসমূহ নিরস্ত্রীকরণের ঝুঁকি নিতে সক্ষম হবে, যখন সব দেশ জেনেভা বা হেগে নেয়া সিদ্ধান্ত কার্যকর করার দায়িত্ব স্বীকার করবে। অর্থাৎ অপরাধীর বিরুদ্ধে অর্থনৈতিক অবরোধ, এমনকি প্রয়োজনে সামরিক অবরোধে অংশ নেবে। […] এ ধরনের উদ্যোগ নেয়া যে প্রয়োজন, জাপানের সাম্প্রতিক কার্যক্রম (মাঞ্চুরিয়া আক্রমণ) তার প্রমান।"
আইনস্টাইনের এ মনোভাবের প্রতিফলন আবার দেখা যায় ফরাসী পত্রিকা পেই মন্ডিয়ালের সম্পাদককে দেয়া প্রশ্নোত্তরে। সম্পাদক ভার্সাই চুক্তির সংশোধন ও নিরস্ত্রীকরণ সম্মেলন সম্বন্ধে আইনস্টাইনকে প্রশ্ন করেন। আইনস্টাইন নভেম্বর ২৭, ১৯৩১ তারিখে জবাব দেন। "নৈতিক নিরস্ত্রীকরণ ছাড়া কি কার্যকর নিরস্ত্রীকরণ সম্ভব," প্রশ্নের জবাবে আইনস্টাইন নৈতিক নিরস্ত্রীকরণ অবশ্য প্রয়োজন হলেও যথেষ্ট নয় বলে মন্তব্য করেন। কার্যকর নিরস্ত্রীকরণ তখনই সম্ভব হবে যখন আগ্রাসনের বিরুদ্ধে নিরাপত্তার নিশ্চয়তা দেয়া যাবে। জাপানের মাঞ্চুরিয়া আক্রমণ প্রসঙ্গ টেনে তিনি বলেন, অর্থনৈতিক ও সামরিক প্রতিরোধের ব্যবস্থা বিদ্যমান থাকলে জাপান অভিযান থেকে বিরত থাকত।
"বিদ্যমান পরিস্থিতিতে ১৯৩২ সালে আসন্ন নিরস্ত্রীকরণ সম্মেলন কি নিশ্চিত ব্যর্থতার দিকে এগিয়ে যাবে না?" প্রশ্নের জবাবে তিনি পরিস্থিতি যাই হোক না কেন, সম্মেলন অনুষ্ঠিত হওয়া প্রয়োজন বলে মন্তব্য করেন। কারণ কম করে হলেও পরিস্থিতি ভালভাবে বোঝা যাবে এবং এই গুরুত্বপূর্ণ সমস্যার (নিরস্ত্রীকরণ) প্রতি মনোযোগ আকর্ষণ করবে।
মাত্র কয়েক দিন পরে, নভেম্বর ২২, ১৯৩১ তারিখে নিউইয়র্ক টাইমসে প্রকাশিত এক নিবন্ধে আইনস্টাইন উপরোক্ত মতামতের সাথে পূর্ণ নিরস্ত্রীকরণের পক্ষে তাঁর আপোষহীন মনোভাব জোরালভাবে তুলে ধরেন। বিভিন্ন দেশের রাজনীতিবিদদের ধারণা ছিল বড়জোর সীমিত নিরস্ত্রীকরণ সম্ভব হতে পারে। আলোচনার সম্ভাব্য বিষয়বস্তুর মধ্যে ছিল পঁচিশ টনের চেয়ে বেশি ভারী ট্যাঙ্ক বাতিল করা, আক্রমণাত্মক বিমান চলাচল বন্ধ করা, স্থল বাহিনীর সৈন্য সংখ্যা সীমিত করা, সাবমেরিন বিলুপ্তি, যুদ্ধে রাসায়নিক, জীবাণু ও আগ্নেয়াস্ত্র ব্যবহার নিষিদ্ধ করা ইত্যাদি। এসব সীমিত নিরস্ত্রীকরণ প্রস্তাবমালার কার্যকারিতার ওপর আইনস্টাইনের তেমন আস্থা ছিলনা। যুদ্ধের উত্তেজনার মধ্যে বিবাদমান দেশগুলি এসব নীতিমালা মেনে চলবে, সে বিশ্বাস তাঁর ছিলনা। তাঁর দাবী ছিল পূর্ণ নিরস্ত্রীকরণের। আইনস্টাইন তাঁর প্রবন্ধের সার-সংক্ষেপ তুলে ধরেন এভাবে:
অস্ত্রশস্ত্র সীমিত করার জন্য শুধুমাত্র চুক্তি স্বাক্ষর করা কোন নিরাপত্তা দেয় না। বিবাদ মীমাংসা হবে বাধ্যতামূলক সালিশির মাধ্যমে। অংশগ্রহণকারী সব দেশ কর্তৃক গ্যারান্টিযুক্ত একটি নির্বাহী শক্তি রায় কার্যকর করবে এবং প্রয়োজন হলে আক্রমণকারী দেশের বিরুদ্ধে অর্থনৈতিক ও সামরিক অবরোধ আরোপ করতে প্রস্তুত থাকবে। বিপজ্জনক জাতীয়তাবাদের প্রধান উৎস বাধ্যতামূলক সামরিক শিক্ষা বন্ধ করতে হবে। সবচেয়ে গুরুত্বপূর্ণ, আন্তর্জাতিক ভিত্তিতে বিবেকবান যুদ্ধ প্রতিরোধীদের সুরক্ষার ব্যবস্থা করতে হবে।
ডিসেম্বর ২, ১৯৩১ তারিখে আইনস্টাইন আবার আমেরিকার উদ্দেশে সমুদ্র যাত্রা শুরু করেন। নিউইয়র্কে প্রচণ্ড ব্যস্ততার মধ্যে পড়তে হয় বলে সেবার সরাসরি ক্যালিফোর্নিয়াগামী ছোট এক জাহাজে যাত্রা করে ডিসেম্বর ৩০, ১৯৩১ তারিখে লস এঞ্জেলেসে পৌঁছান। একাডেমিক কাজের পাশাপাশি তিনি কয়েকটি সভায় বক্তৃতা দেন।
এসবের মধ্যে ছিল কোয়েকার শিক্ষাপ্রতিষ্ঠান হুইটিয়ার কলেজে দেয়া বক্তৃতা, লস এঞ্জেলেস ইউনিভার্সিটি অফ ইন্টারন্যাশনাল রিলেশন আয়োজিত সভা, সান্তা বারবারা কোর্ট হাউসে আয়োজিত নাগরিক জনসভা, দক্ষিণ ক্যালিফোর্নিয়ার এগারটি বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধিদের আয়োজিত সভা, ইত্যাদি। আমেরিকায় তখন অর্থনৈতিক মন্দা চলছে, অনেক লোক বেকার। আইনস্টাইন পরিস্থিতি লক্ষ্য করেছেন, এবং বিশ্ব শান্তি ও নিরস্ত্রীকরণ আন্দোলনের ওপর তার প্রভাব সম্বন্ধে চিন্তা করেছেন। তাঁর এসব বক্তৃতায় যুদ্ধ বিরোধিতা, নিরস্ত্রীকরণ, বাধ্যতামূলক সামরিক প্রশিক্ষণ বন্ধ করা, ক্ষতিগ্রস্ত বিবেকবান যুদ্ধ বিরোধীদের সাহায্যদান, আন্তর্জাতিক সালিশির মাধ্যমে বিরোধ মীমাংসা এবং অন্যান্য প্রাসঙ্গিক সমস্যা সম্পর্কে তাঁর সুবিদিত মতামতের পুনরাবৃত্তি করেছেন। সবিশেষ জোর দিয়েছেন এসব সমস্যা সমাধানে আমেরিকার অংশগ্রহণ ও নেতৃত্ব দেয়ার ওপর।
হুইটিয়ার কলেজে দেয়া বক্তৃতায় আমেরিকার অনন্য অবস্থান এবং নৈতিক দায়িত্বের প্রতি দৃষ্টি আকর্ষণ করে তিনি বলেন ১০:
আমার বিশ্বাস আমেরিকার জনগণ এ বিষয়ে (নিরস্ত্রীকরণ) তাদের দায়িত্ব সম্পর্কে পুরোপুরি অবগত নন। হয়ত তারা ভাবেন, "জাতিতে জাতিতে বিদ্বেষ ও বিভেদ যদি ইউরোপকে ধ্বংস করে দেয়, তবে তা হতে দিন। প্রেসিডেন্ট উইলসন যে ভাল বীজ বপন করেছিলেন, ইউরোপের নিস্ফলা মাটিতে তা থেকে সামান্যই অঙ্কুরোদ্গম হয়েছে। আমরা সবল ও সুরক্ষিত; নতুন বিদেশী অভিযানে জড়িয়ে পড়ার কোনো তাড়া আমাদের নেই।" এ ধরনের মনোভাব না মহান, না বাস্তবসম্মত। ইউরোপের সংকটের ব্যাপারে আমেরিকার যে কোন দায় নেই তা নয়। নির্মমভাবে তার দাবীগুলো চাপিয়ে দিয়ে আমেরিকা ইউরোপের নৈতিক ও অর্থনৈতিক পতনকে ত্বরান্বিত করেছে। ইউরোপের বলকানিকরণে আমেরিকার ভূমিকা রয়েছে। আর সেজন্যই ইউরোপে রাজনৈতিক সততার ভাঙ্গন ও হতাশা থেকে প্রতিশোধের প্রেতাত্মার উত্থানের জন্য আমেরিকাকে অবশ্যই দায়িত্ব ভাগ করে নিতে হবে। সে প্রেতাত্মা আমেরিকার দোরগোড়ায় এসে থেমে যাবে না। বরং বলা যায় যে সে ইতিমধ্যে আমেরিকার ওপর প্রভাব ফেলেছে। তাই বলি, সতর্ক হোন, প্রহরায় থাকুন। সোজাসুজি ও অকপটভাবে বলি, নিরস্ত্রীকরণ সম্মেলন আপনাদের এনে দিয়েছে মানবতার মহত্তম সৃষ্টিকে রক্ষা করার চূড়ান্ত সুযোগ, যা আমাদের দেয়া সুযোগের চেয়ে আদৌ কম নয়। সমগ্র মানবজাতি আশা ও দৃষ্টি এখন সবচেয়ে শক্তিশালী এবং তুলনামূলকভাবে সবচেয়ে সুস্থ দেশ আমেরিকার ওপর।
মার্চ ৪, ১৯৩২ তারিখে আইনস্টাইন ইউরোপের উদ্দেশে ফিরতি যাত্রা শুরু করেন।
শেষ পর্যন্ত ১৯৩২ সালের ফেব্রুয়ারি মাস থেকে জেনেভায় দীর্ঘ প্রতীক্ষিত নিরস্ত্রীকরণ সম্মেলন শুরু হয়। অনেক তর্ক-বিতর্ক এবং দীর্ঘ আলোচনা চললেও কোনো কার্যকর সিদ্ধান্ত নেয়া এবং কর্মসূচি প্রণয়নের সম্ভাবনা ক্ষীণ থেকে ক্ষীণতর হতে শুরু করে। শান্তিবাদীদের মধ্যে হতাশা দেখা দেয়। সম্মেলনের ব্যর্থতার আশঙ্কার দিকে জনগণের মনোযোগ আকর্ষণ করার জন্য জয়েন্ট পীস কাউন্সিল এক নাটকীয় উদ্যোগ নেয় এবং আইনস্টাইন তাতে অংশগ্রহণ করেন। ব্রিটিশ পার্লামেন্টের প্রাক্তন সদস্য ও বিশিষ্ট শান্তিবাদী লর্ড পনসনবি ও আইনস্টাইন মে ২২, ১৯৩২ তারিখে জেনেভায় পৌঁছান এবং পরদিন এক সাংবাদিক সম্মেলনের আয়োজন করেন। ৬০ জন সাংবাদিক সম্মেলনে অংশ নেন।
সাংবাদিক সম্মেলনে পনসনবি প্রথমে আইনস্টাইন, রোমা রোঁলা, ফরাসী ঔপন্যাসিক ও শান্তিবাদী ভিক্টর মার্গারিট এবং তাঁর নিজের পক্ষ থেকে একটি সংক্ষিপ্ত বিবৃতি পাঠ করেন ১১:
দেখা যাচ্ছে, জেনেভায় আলোচনা এমন কোন কার্যকর নিরস্ত্রীকরণ কর্মসূচী প্রণয়নের পথে অগ্রসর হচ্ছে না, যা পৃথিবীকে ভবিষ্যৎ নতুন যুদ্ধ থেকে রক্ষা করতে পারে। তাই আমরা বিশ্বাস করি, পৃথিবীর সব জাতির মানুষের এ কাজ নিজেদের হাতে নেয়ার সময় এসেছে। পাঁচ বছরের মধ্যে পূর্ণ নিরস্ত্রীকরণ এবং পরিস্থিতি যাই হোক না কেন, সমস্যা সমাধানের উপায় হিসেবে যুদ্ধের ব্যবহার বর্জন করার জোর দাবী অবিলম্বে তুলতে হবে। একইসাথে সেনাবাহিনীর জন্য লোক নির্বাচন বন্ধ করা, বাধ্যতামূলকভাবে সৈন্যদলের নিয়োগ প্রথা বাতিল করা এবং অস্ত্র ও যুদ্ধ উপকরণ উৎপাদন বন্ধ করার দাবী করতে হবে।
এসব লক্ষ্য অর্জনের জন্য পৃথিবীর মানুষের ব্যক্তিগত ও সমষ্টিগতভাবে যুদ্ধের কাজ এবং যুদ্ধোপকরণ তৈরি ও পরিবহন করতে অস্বীকার করতে হবে।
এরপরে আইনস্টাইন খুব সংক্ষেপে তাঁর বক্তব্য রাখেন। প্রথমে তিনি পনসনবির দেয়া বিবৃতির সাথে পূর্ণ একাত্মতা ঘোষণা করেন। নিরস্ত্রীকরণ সম্মেলনে অনুসৃত কার্যপদ্ধতিকে অর্থহীন অভিহিত করে তিনি বলেন, "যুদ্ধের রীতিনীতি বেঁধে দিয়ে যুদ্ধের সম্ভাবনা কমানো যায় না। শুরু করতে হবে সালিশের মাধ্যমে আন্তর্জাতিক সমস্যা সমাধানের অকুণ্ঠ সংকল্প নিয়ে। এ হচ্ছে নৈতিকতা ও সদিচ্ছার প্রশ্ন, কূটনীতির নয়। আমি বরং প্রশ্নের উত্তর দেয়ার মধ্যে নিজেকে সীমিত রাখব।" অধিকাংশ প্রশ্নের জবাবে আইনস্টাইন তাঁর দীর্ঘদিন ধরে লালিত মতামত তুলে ধরেন।১১
নৈতিক নিরস্ত্রীকরণ (moral disarmament) সংক্রান্ত প্রশ্নের জবাবে তিনি বলেন যে নৈতিক বা বস্তুগত (material), কোন নিরস্ত্রীকরণ আগে আসবে সে প্রশ্ন অনেকটাই "ডিম আগে, না মুরগি আগে" প্রশ্নের মতই। নৈতিক নিরস্ত্রীকরণ অবশ্যই অপরিহার্য, তবে যতক্ষণ পর্যন্ত যুদ্ধের প্রস্তুতি চলতে থাকবে ততক্ষণ পর্যন্ত সরকারসমূহ সত্যিকারভাবে নৈতিক নিরস্ত্রীকরণ এগিয়ে নিতে পারবে না। নৈতিক নিরস্ত্রীকরণ সমস্যা শান্তি প্রতিষ্ঠা সমস্যার মতই কঠিন। কারণ ক্ষমতায় যাঁরা অধিষ্ঠিত থাকেন তাঁরা কখনো দেশের সার্বভৌমত্ব সামান্য মাত্রও ক্ষুণ্ণ করতে চান না। অথচ যুদ্ধ লোপ করার জন্য সেটাই করা দরকার। শান্তি সমস্যা সমাধানের দায়িত্ব সরকারের হাতে ছেড়ে দেয়া যাবে না। নৈতিক ও বুদ্ধিগতভাবে স্বাধীন জনগণকে তাদের প্রভাব ও সঙ্গতি সমন্বিত করে সমরতন্ত্রের বিরুদ্ধে সংগ্রাম করতে হবে।
সালিশের মাধ্যমে আন্তর্জাতিক সমস্যা সমাধানে তিনি বিশ্বাস করেন কিনা, প্রশ্নের জবাবে আইনস্টাইন তাঁর অনেক-বলা অবিচলিত আস্থার কথা আবার বলেন। আগ্রাসন নিষিদ্ধকারী জেনেভা প্রটোকল (যা কখনো পূর্ণ অনুমোদিত হয়নি) সম্বন্ধে তাঁর অভিমত জানতে চাইলে তিনি বলেন, "বিন্দুমাত্র ছাড় দেয়া উচিত হবে না। সামান্য অর্জনের জন্য আপস করা বড় মাপের অপরাধ। জেনেভা প্রটোকলের পূর্ণ অনুমোদনের জন্য আমাদের লড়ে যেতে হবে।"১১
"আপস অসম্ভব বলে যদি তিনি বিশ্বাস করেন, তবে কি তিনি নিরস্ত্রীকরণ সম্মেলনের মৃত্যু ঘন্টা বাজাচ্ছেন না?" প্রশ্নে আইনস্টাইনের উত্তর, "আসলে সেই আমার উদ্দেশ্য। আমার মতে সম্মেলন একটি অসার আপোসের লক্ষ্যে কাজ করছে। যুদ্ধে কোন ধরনের অস্ত্র ব্যবহার করা যাবে, সে সম্বন্ধে যে চুক্তি এখন সম্পাদিত হবে যুদ্ধের সময় তা মানা হবে না। যুদ্ধকে মানবিক করা যায় না, নির্মূল করা যায় মাত্র।"১১
পূর্ণ নিরস্ত্রীকরণ প্রশ্নে আইনস্টাইনের এ অনমনীয় অবস্থান বিশুদ্ধ শান্তিবাদীদের সমর্থন পেলেও অনেকে অবাস্তব মনে করেছেন। কট্টর আইনস্টাইন বিরোধীরা তাঁকে ওয়ার রেজিস্টার্স ইন্টারন্যাশনাল ও অন্যান্য শান্তিবাদী প্রতিষ্ঠানসমূহের ক্রীড়নক হিসেবে দেখানোর চেষ্টা করে। এমনকি রোমা রোঁলার মত সমমনা সহকর্মী সমালোচকদের দৃঢ়ভাবে বিরোধিতা করা সত্ত্বেও বিজ্ঞানের ক্ষেত্রের বাইরে আইনস্টাইনের অযৌক্তিক হয়ে ওঠার প্রবণতা অস্বীকার করতে পারেন নি।
১৯৩২ সালের আগস্ট মাস থেকে বিরতির পরে নিরস্ত্রীকরণ সম্মেলন জানুয়ারী ১৯৩৩ থেকে আবার শুরু হয়। অনেক প্রস্তাব ও পাল্টা প্রস্তাব নিয়ে আলোচনা হলেও সত্যিকারের নিরস্ত্রীকরণের উদ্দেশ্যে কোন সর্বসম্মত সিদ্ধান্ত নেয়া সম্ভব হয় নি। ১৯৩৩ সালের ৩০শে জানুয়ারী হিটলার জার্মানীর চ্যান্সেলর হন এবং অস্ত্রসজ্জার ওপর জোর দেন। অক্টোবর নাগাদ তিনি লীগ অফ নেশনস এবং জেনেভা সম্মেলন থেকে জার্মানীকে বের করে নেন। সম্মেলন ১৯৩৪ পর্যন্ত চললেও কোন ফলাফল অর্জনে ব্যর্থ হয়।
হেরিয়ট পরিকল্পনা
জেনেভা নিরস্ত্রীকরণ সম্মেলনের ভবিষ্যৎ সম্বন্ধে হতাশ হলেও সে সময়ে আন্তর্জাতিক বিরোধ মীমাংসার জন্য ফ্রান্সের নতুন প্রধানমন্ত্রী এডোয়ার্ড হেরিয়টের দেয়া একটি পরিকল্পনা আইনস্টাইনের সপ্রশংস মনযোগ আকর্ষণ করে।১২ হেরিয়ট পরিকল্পনার তিনটি বৈশিষ্ট্য আইনস্টাইন গুরুত্বপূর্ণ পদক্ষেপ মনে করেন। প্রথমত, জাতিতে জাতিতে বিবাদ মীমাংসার জন্য একটি আন্তর্জাতিক সালিশ কর্তৃপক্ষের রায় মেনে নেয়া। সে কর্তৃপক্ষ প্রতিষ্ঠিত হবে সব জাতির অনুমোদন নিয়ে। দ্বিতীয়ত, সে কর্তৃপক্ষের কাছে সীমাহীন সার্বভৌমত্বের আংশিক ছাড় দেয়া। তৃতীয়ত, সত্যিকার অর্থে কার্যকর অস্ত্র বহন করার অধিকার থাকবে একমাত্র আন্তর্জাতিক পুলিশ বাহিনীর হাতে। পুলিশ বাহিনীকে পৃথিবীর বিভিন্ন অঞ্চলে মোতায়েন করা হবে এবং তাকে নিয়ন্ত্রণ করবে আন্তর্জাতিক কর্তৃপক্ষ।
আইনস্টাইন অবশ্য বিভিন্ন দেশের সেনাবাহিনী থেকে প্রতিনিধি নিয়ে সে পুলিশ বাহিনী গড়ার ধারণার বিরোধিতা করেন। কারণ, কোন বিশেষ দেশের সেনা প্রতিনিধিদের সে দেশের সরকারের প্রতি আনুগত্য থাকবে। তাঁর মত, কার্যকর হওয়ার জন্যে পুলিশ বাহিনী সরাসরি আন্তর্জাতিক কর্তৃপক্ষের তত্ত্বাবধানে গড়ে তুলতে হবে। পরিকল্পনায় মিলিশিয়া পদ্ধতির প্রতি সমর্থনকেও আইনস্টাইন অপছন্দ করেন। এসব সত্ত্বেও আইনস্টাইন পরিকল্পনাটিকে "গুরুত্বপূর্ণ পদক্ষেপ" আখ্যায়িত করে নভেম্বর ১৮, ১৯৩২ তারিখে একটি বিবৃতি দেন।
তথ্যসূত্র
[১] নিউইয়র্কে ১৯৩১ সালে দেয়া সাক্ষাৎকার থেকে নেয়া। Einstein on Peace, Edited by Otto Nathan and Heinz Norden, (Avenel 1981 Edition), p.125.
[২] Einstein on Peace, Edited by Otto Nathan and Heinz Norden, (Avenel 1981 Edition), pp.90-91.
[৩] Einstein on Peace, Edited by Otto Nathan and Heinz Norden, (Avenel 1981 Edition), p.95.
[৪]The Fight against War, edited by Alfred Lief; (John Day, New York, 1933) p 26.
[৫]The Fight against War, edited by Alfred Lief; (John Day, New York, 1933) p 24. Also appears in Reeference 2 pp. 106-107.
[৬] The World As I See It, in The World As I See It, by Albert Einstein, (Snowball Publishing, 2014 Edition), pp.15-16.
[৭] The Fight against War, edited by Alfred Lief; (John Day, New York,1933) pp.34-37.
[৮] From Einstein on Peace, Edited by Otto Nathan and Heinz Norden, (Avenel 1981 Edition), pp. 144-145.
[৯] From Einstein on Peace, Edited by Otto Nathan and Heinz Norden, (Avenel 1981 Edition), pp.142-143.
[১০] From Einstein on Peace, Edited by Otto Nathan and Heinz Norden, (Avenel 1981 Edition), pp.158-160.
[১১] From Einstein on Peace, Edited by Otto Nathan and Heinz Norden, (Avenel 1981 Edition), pp.168-170.
[১২] Einstein on Politics, Edited by D. E. Rowe and R. Schulmann; (Princeton University Press, 2007) pp. 259 – 261.
