১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৪ আশ্বিন ১৪৩৩

গাজীপুর সিটি নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করতে ষড়যন্ত্র চলছে: মায়া

গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনে যুবলীগের নেতৃত্বে ভোট বিপ্লব ঘটানোর কথাও বক্তব্যে উল্লেখ করেন মহানগর যুবলীগের আহ্বায়ক।

গাজীপুর সিটি নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করতে ষড়যন্ত্র চলছে: মায়া

শুক্রবার বিকালে গাজীপুরের ভোগড়া মধ্যপাড়া ঈদগাহ মাঠে মহানগর যুবলীগ আয়োজিত এক পথসভায় প্রধান অতিথির বক্তব্য দেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া।

গাজীপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 May 2023, 09:16 PM

Updated : 19 May 2023, 09:16 PM

আগামী ২৫ মে গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করতে স্থানীয় ও আন্তর্জাতিক ষড়যন্ত্র চলছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া। 

তিনি বলেছেন, “তবে সব ষড়যন্ত্র উপেক্ষা করে আজমত উল্লা খানকে ভোট দিলে ভাগ্যের পরিবর্তন হবে।” 

শুক্রবার বিকালে গাজীপুরের ভোগড়া মধ্যপাড়া ঈদগাহ মাঠে মহানগর যুবলীগ আয়োজিত এক পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। 

মায়া বলেন, “আমরা এ নির্বাচনের মাধ্যমে নৌকা মার্কায় ভোট দিয়ে সন্ত্রাসের বিরুদ্ধে দাঁত ভাঙা জবাব দিতে চাই। সব ষড়যন্ত্র উপেক্ষা করে নৌকার বিজয় আনতে হবে। 

“ইলেকশান কমিশনের আচরণবিধি মেনে বাড়ি বাড়ি গিয়ে ভোট ভিক্ষা চাইবো। জননেত্রী শেখ হাসিনার সালাম পৌঁছে দিব। এ ভোটের মাধ্যমেই শেখ হাসিনার নৌকার বিজয় হবে।” 

গাজীপুর মহানগর যুবলীগের আহ্বায়ক কামরুল আহসান সরকার রাসেলের সভাপতিত্বে পথ সভায় আরও বক্তব্য দেন আওয়ামী যুবলীগের প্রেসিডিয়াম সদস্য এনামুল হক খান, যুগ্ম সাধারণ সম্পাদক রফিকুল আলম সৈকত জোয়াদ্দার, কেন্দ্রীয় যুবলীগের সদস্য তৌফিকুর রহমান সুজন, সাংগঠনিক সম্পাদক জহির উদ্দিন খসরু, তথ্য ও গবেষণা সম্পাদক সামসুল আলম অনিক, মহানগর আওয়ামী লীগ নেতা মমতাজ উদ্দিন, যুবলীগ নেতা সাইদুল ইসলাম, আতাউর রহমান, গাজীপুর মহানগর আওয়ামী লীগের আহ্বায়ক সদস্য সুমন আহম্মেদ শান্তবাবু। 

সভাপতির বক্তব্যে কামরুল আহসান রাসেল বলেন, “আমাদের মূল লক্ষ্য ২৫ তারিখের নির্বাচনে নৌকার বিজয় নিশ্চিত করা। নৌকার বিজয়ের জন্য মহানগর যুবলীগ ৫৭টি ওয়ার্ডে দিন-রাত কাজ করছে। বঙ্গবন্ধুর প্রশ্নে এবং নেত্রীর প্রশ্নে আমাদের আপোষহীন থাকতে হবে।” 

গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনে যুবলীগের নেতৃত্বে ভোট বিপ্লব ঘটানোর কথাও বক্তব্যে উল্লেখ করেন মহানগর যুবলীগের আহ্বায়ক কামরুল আহসান রাসেল।