১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

নাটোরে মৃত আত্মীয়কে দেখতে গিয়ে সড়কেই লাশ হলেন দম্পতি

ঘন কুয়াশায় নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায় নসিমনটি।

নাটোর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Jan 2024, 01:34 PM

Updated : 11 Jan 2024, 01:33 PM

মারা যাওয়া আত্মীয়কে দেখতে নওগাঁ যাওয়ার পথে নাটোরের লালপুর উপজেলায় সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন এক দম্পতি।

বৃহস্পতিবার সকাল পৌনে ৭টার দিকে বানেশ্বর-ঈশ্বরদী আঞ্চলিক মহাসড়কের উপজেলার দক্ষিণ লালপুর এলাকায় ঘন কুয়াশায় নিয়ন্ত্রণ হারিয়ে নসিমন উল্টে গেলে তারা মারা যান বলে জানিয়েছেন লালপুর থানার ওসি নাছিম আহমেদ।

নিহতরা হলেন দক্ষিণ এলাকার খায়েজ মোল্লার ছেলে চান্দু মোল্লা (৬২) ও তার স্ত্রী আরবী বেগম (৪৫)।

ঈশ্বরদী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল আজিজ রঞ্জু বলেন, চান্দু মোল্লা ও তার স্ত্রী নওগাঁয় মৃত এক আত্মীয়কে দেখতে বের হয়েছিলেন। ট্রেনে নওগাঁ যেতে তারা নসিমনে (ইঞ্জিনচালিত গাড়ি) করে আজিমনগর স্টেশনের উদ্দেশ্যে যাচ্ছিলেন।

পথে বানেশ্বর-ঈশ্বরদী আঞ্চলিক মহাসড়কের উপজেলার দক্ষিণ লালপুর ফিলিং স্টেশনের কাছে ঘন কুয়াশায় নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায় নসিমনটি। ওই গাড়িতে তারা দুজনই যাত্রী ছিলেন।

দুর্ঘটনায় ঘটনাস্থলেই চান্দু মোল্লা মারা যান। স্থানীয়রা তার স্ত্রীকে উদ্ধার করে লালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

লালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) সুরুজ্জামান শামীম বলেন, হাসপাতালে আনার আগেই ওই নারী মারা গেছেন।

ওসি নাছিম আহম্মেদ বলেন, “খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। স্বজনদের আবেদনে নিহতদের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় সড়ক পরিবহন আইনে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।”