Published : 17 Jan 2024, 02:02 PM
ময়মনসিংহের সদর উপজেলায় ছিনতাইকারীর ছুরিকাঘাতে একজন ইজিবাইক চালক নিহত হয়েছেন। এ ঘটনায় জড়িত সন্দেহে তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
মঙ্গলবার রাত ১১টার দিকে উপজেলার সদরের গোপালনগর গ্রামের কারীর মিল এলাকায় এ ঘটনা ঘটে বলে ময়মনসিংহ কোতোয়ালি মডেল থানার ওসি মাইন উদ্দিন জানান।
নিহত নাজিমুদ্দিন (৩৮) ওই গ্রামের মফিজ উদ্দিনের ছেলে।
স্থানীয়দের বরাত দিয়ে ওসি মাইন উদ্দিন বলেন, সারাদিন ইজিবাইক চালিয়ে রাতে বাড়ি ফিরছিলেন নাজিমুদ্দিন । এ সময় পথে ওই এলাকায় ছিনতাইকারীরা তাকে আটকিয়ে এলোপাতাড়ি ছুরিকাঘাত করে। পরে ইজিবাইক নিয়ে পালিয়ে যায় তারা।
“এ সময় নাজিমুদ্দিনের চিৎকারে আশপাশের লোকজন এসে তাকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।”
তিনি আরও বলেন, এদিকে, স্থানীয় লোকজন ধাওয়া করে ঘাগড়া তালতলা এলাকা থেকে ইজিবাইকসহ একজনকে আটক করে পুলিশে দেয়। পরে অভিযান চালিয়ে আরও দুইজনকে গ্রেপ্তার করা হয়।
মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে রাখা হয়েছে; এ ঘটনায় আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন আছে বলে জানান পুলিশের এই কর্মকর্তা।