১৭ সেপ্টেম্বর ২০২৬, ০২ আশ্বিন ১৪৩৩

তেঁতুলিয়ায় ভারতীয় বন্য হাতির আক্রমণে আহত তরুণের মৃত্যু

স্থানীয়রা ভিড় করলে হাতিগুলো ধাওয়া দেয়। এসময় অন্যরা পালিয়ে গেলেও নুরুজ্জামান আটকে যান।

তেঁতুলিয়ায় ভারতীয় বন্য হাতির আক্রমণে আহত তরুণের মৃত্যু

দুটি হাতি বাংলাদেশের প্রায় তিন কিলোমিটার ভেতরে দক্ষিণ কাশিমগঞ্জ এলাকার একটি ভুট্টাক্ষেতে অবস্থান নেয়।

পঞ্চগড় প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Feb 2024, 12:05 PM

Updated : 21 Feb 2024, 12:05 PM

পঞ্চগড়ের তেতুঁলিয়া উপজেলায় ভারত থেকে আসা বন্য হাতির আক্রমণে আহত এক বাক প্রতিবন্ধী তরুণ হাসপাতালে মারা গেছেন। 

মঙ্গলবার সন্ধ্যায় পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে চিকিৎসাধীন তরুণের মৃত্যু হয় বলে জানিয়েছেন তেঁতুলিয়া থানার ওসি সুজয় কুমার। 

২৩ বছরের নুরুজ্জামান তেঁতুলিয়ার বাংলাবান্ধা ইউনিয়নের দক্ষিণ কাশিমগঞ্জ গ্রামের আবুল হোসেনের ছেলে ও বাক প্রতিবন্ধী। সোমবার বিকালে তিনি হাতির আক্রমণের শিকার হয়েছিলেন। 

স্থানীয় মকলেছ ও রবিঊল জানান, সোমবার সকালে রওশনপুর সীমান্ত দিয়ে দুটি হাতি বাংলাদেশে প্রবেশ করে। তারা বাংলাদেশের প্রায় তিন কিলোমিটার ভেতরে দক্ষিণ কাশিমগঞ্জ এলাকার একটি ভুট্টাক্ষেতে অবস্থান নেয়। 

তাদের দেখতে স্থানীয়রা ভিড় করলে হাতিগুলো ধাওয়া দেয়। এসময় অন্যরা পালিয়ে গেলেও নুরুজ্জামান আটকে যান। এক পর্যায়ে হাতিগুলো শুড় দিয়ে আছড়ে তাকে গুরুতর আহত করে।

পরে ফায়ার সার্ভিসের সদস্যরা তাকে উদ্ধার করে প্রথমে তেঁতুলিয়া উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সে ও পরে পঞ্চগড আধুনিক সদর হাসপাতালে ভর্তি করে। বিকালে চিকিৎসাধীন অবস্থায় নুরুজ্জামান মারা যান। 

বাংলাবান্ধা ইউনিয়নের চেয়ারম্যান কুদরত এ খুদা মিলন বলেন, “ভারত থেকে হাতিগুলো এসে মহানন্দা নদীর তীরে ভুট্টাক্ষেতে আশ্রয় নিলে লোকজনকে সতর্ক করা হয়েছে- যেন তাদের উত্ত্যক্ত বা বিরক্ত না করে। এরপরও কারা তাদের বিরক্ত করল বোঝা যায়নি। 

এর আগে হাতিগুলো একজনের বাড়ির বাথরুম ভেঙে ফেলে ও একটি গরুকে আক্রমণ করে আহত করে। 

পঞ্চগড় বনবিভাগের সহকারী বন সংরক্ষক নুরুন্নাহার বলেন, হাতিগুলো ভারত সীমান্ত থেকে এসেছে। ফায়ার সার্ভিস ও বনবিভাগের লোকজনের তত্ত্বাবধানে ভুট্টাক্ষেতে অবস্থান করছিল। কী কারণে সেগুলো উত্ত্যক্ত ও ক্ষুব্ধ হল তা বোঝা যায়নি। ভারতীয় কর্তৃপক্ষ তাদের নিয়ে যেতে যোগাযোগ অব্যাহত রেখেছে। 

ওসি সুজয় কুমার বলেন, যাবতীয় আইনি প্রক্রিয়া শেষে নিহতের লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে। এ ব্যাপারে থানায় সাধারণ ডায়েরি করা হয়েছে।