গাইবান্ধায় আওয়ামী লীগ নেতা ও সাবেক ইউপি চেয়ারম্যান দুলু গ্রেপ্তার
পুলিশ বলছে, তার বিরুদ্ধে অর্থ আত্মসাত ও বিভিন্ন অভিযোগে একাধিক মামলায় গ্রেপ্তারি পরোয়ানা ছিল।
গাইবান্ধা জেলা আওয়ামী লীগের উপদেষ্টা ও পলাশবাড়ী উপজেলার মনোহরপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মাজেদার রহমান দুলুকে গ্রেপ্তার করেছে পুলিশ।
বুধবার সকালে আদালতের মাধ্যমে তাকে জেলা কারাগারে পাঠানো হয়েছে বলে গাইবান্ধার পলাশবাড়ী থানা ওসি সরওয়ার আলম খান জানান।
তিনি বলেন, “দুলুর বিরুদ্ধে অর্থ আত্মসাত ও রাজনৈতিক বিভিন্ন অভিযোগে একাধিক মামলায় গ্রেপ্তারি পরোয়ানা ছিল। তিনি এতদিন আত্মগোপনে ছিলেন।”
গ্রেপ্তার মাজেদার রহমান দুলু আওয়ামী লীগের কেন্দ্রীয় উ-পকমিটির কৃষি বিষয়ক উপদেষ্টার দায়িত্বেও রয়েছেন।
তিনি পলাশবাড়ী উপজেলার মনোহরপুর ইউনিয়নের কাজীর বাজার এলাকার মোকলেছুর রহমানের ছেলে।
ওসি সরওয়ার আলম বলেন, “দুলুকে মঙ্গলবার সন্ধ্যায় ওই এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। তার বিরুদ্ধে অর্থ আত্মসাত ও রাজনৈতিক বিভিন্ন অভিযোগে একাধিক মামলায় গ্রেপ্তারি পরোয়ানা ছিল। তিনি এতদিন আত্মগোপনে ছিলেন।”
তিনি বলেন, “সম্প্রতি এলাকায় অবস্থান নিয়ে তিনি দলকে পুনরায় সংগঠিত করার চেষ্টার করছিলেন বলে অভিযোগ রয়েছে। গোপন খবর পেয়ে তাকে গ্রেপ্তার করা হয়।”
