Published : 10 Jun 2023, 05:25 PM
সিলেট সিটি করপোরেশন নির্বাচনে ৭ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর পদপ্রার্থী সাঈদ মো. আব্দুল্লাহর বাড়ির সামনে মোটরসাইকেল নিয়ে সশস্ত্র লোকের উপস্থিতির ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
শনিবার মহানগর পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (গণমাধ্যম) সুদীপ দাস বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “শুক্রবার রাতে বিমানবন্দর থানায় সাইদ মো. আব্দুল্লাহ বাদী হয়ে মামলা করেছেন। মামলায় ৭ নম্বর ওয়ার্ডের বর্তমান কাউন্সিলর ও মহানগর স্বেচ্ছাসেবক লীগের সভাপতি আফতাব হোসেন খানকে প্রধান আসামি করা হয়। এ ছাড়া অজ্ঞাতনামা আসামি করা হয়েছে ২০ থেকে ২৫ জনকে।”
গ্রেপ্তারা হলেন- আতিকুর রহমান (৪২), জুবের আহমদ (৩৮) নুরুজ্জামান (৩৪)।
অতিরিক্ত উপ-কমিশনার সুদীপ দাস বলেন, “মামলার পর রাতেই নগরীর বনকলাপাড়া ও হাজীপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। এ মামলার প্রধান ও অন্য আসামিদের গ্রেপ্তার করতে পুলিশ অভিযান চালাচ্ছে।
এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।
সিসি ক্যামেরায় ধারণ করা ভিডিওতে দেখা যায়, সাঈদ আব্দুল্লাহর সিলেট নগরীর ১৩/১৩ সুবিধবাজার দিঘীরপাড়ের বাসার সামনে কয়েকটি মোটরসাইকেল নিয়ে সশস্ত্র লোক ঘোরাফেরা করছে। কয়েকটি মোটরসাইকেলে আসা ওই যুবকরা বাসার সামনে গিয়ে গেটের দিকে অস্ত্র প্রদর্শন করে।
এ ঘটনায় কাউন্সিলর পদপ্রার্থী সাঈদ মো. আব্দুল্লাহ শুক্রবার নির্বাচন কমিশনে একটি অভিযোগ দিয়েছিলেন।
সিলেট আঞ্চলিক নির্বাচন কার্যালয়ের মিডিয়া সেলের (সিটি-নির্বাচন) কর্মকর্তা সৈয়দ কামাল হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানিয়েছিলেন, একটি অভিযোগ পাওয়া গেছে। অভিযোগটি পুলিশ কমিশনার অফিসে পাঠানো হয়েছে।
নির্বাচন কমিশনে দেওয়া লিখিত অভিযোগে সাঈদ আবদুল্লাহ বলেন, কাউন্সিলর প্রার্থী আফতাব খান ও তার অনুসারীরা ওয়ার্ডের পাড়া-মহল্লায় বলে বেড়াচ্ছেন; নির্বাচনের দিন তারা সব কেন্দ্র দখল করে রাখবেন এবং কাউকে ভোট দিতে দেবেন না। কেউ যদি ভোট দিতে যান তাহলে প্রাণে মেরে ফেলা হবে। ওয়ার্ডের প্রতিটি অলিগলিতে বন্দুক বের করে মোটরসাইকেলে মহড়া দিচ্ছে সন্ত্রাসীরা। এ ছাড়া আমার পোস্টার ছিঁড়ে ফেলা ও মাইকিংয়ে বাধা দেওয়ার ঘটনাও ঘটছে। এমনকি তার বিভিন্ন কর্মীদের বাসা-বাড়িতে সশস্ত্র অবস্থায় হুমকি দেওয়া হচ্ছে।
আগামী ২১ জুন সিলেট সিটি করপোরেশন নির্বাচনে ভোট গ্রহণ হবে।
আরও পড়ুন:
সিলেটে কাউন্সিলর প্রার্থীর বাড়ির সামনে সশস্ত্র যুবক, নির্বাচন কমিশনে অভিযোগ