আরও দুই লাখ টন চাল সংগ্রহ করবে সরকার: খাদ্যমন্ত্রী
চলতি মাসে খাদ্যবান্ধবের কার্ডধারীরা ৬০ কেজি করে চাল পাবেন বলে জানান সাধন চন্দ্র মজুমদার।
অভ্যন্তরীণ উৎস থেকে অতিরিক্ত আরও দুই লাখ টন চাল সংগ্রহের কথা জানিয়েছেন খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার।
তিনি বলেছেন, “বর্তমানে খাদ্য গুদামে রেকর্ড পরিমাণ খাদ্য মজুত আছে। কোনো ধরনের সংকট নেই। আমরা অতিরিক্ত আরও দুই লাখ টন চাল সংগ্রহ করতে যাচ্ছি। মজুত বাড়াতে আরও উদ্যোগ নেওয়া হবে।”
বৃহস্পতিবার সকালে নওগাঁর নিয়ামতপুর উপজেলায় খাদ্যবান্ধব কর্মসূচির চাল বিতরণ কার্যক্রম পরিদর্শনে গিয়ে একথা বলেন মন্ত্রী। পরিদর্শনকালে মন্ত্রী উপকারভোগীদের সঙ্গেও কথা বলেন।
খাদ্যবান্ধব কর্মসূচিকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার অনন্য উদ্যোগ উল্লেখ করে খাদ্যমন্ত্রী বলেছেন, “নিন্মআয়ের মানুষ সরাসরি এ কর্মসূচি থেকে উপকৃত হচ্ছেন। পৃথিবীর কোথাও এমন মহৎ কর্মসূচি নেই।
“জনসাধারণের সুবিধার কথা চিন্তা করে প্রধানমন্ত্রীর নির্দেশে ১৫ টাকা কেজিতে চাল দেওয়া হচ্ছে। ডিজিটাল কার্ডের মাধ্যমে এ কার্যক্রম চলছে। এবার একসঙ্গে দুই মাসের অর্থাৎ ৬০ কেজি চাল দেওয়া হচ্ছে।”
সরকারের ওএমএস কর্মসূচিতে চাল-আটা বিক্রয় কার্যক্রম চলমান থাকবে বলে জানান সাধন চন্দ্র মজুমদার।
এ সময় নওগাঁ জেলা খাদ্য নিয়ন্ত্রক মুহাম্মদ তানভীর রহমান, জেলা আওয়ামী লীগের জ্যেষ্ঠ সহ-সভাপতি আব্দুল খালেক, প্রচার সম্পাদক রণজিৎ সরকার ও নিয়ামতপুর উপজেলা খাদ্য নিয়ন্ত্রক পারভেজ আনোয়ার উপস্থিত ছিলেন।
