০৭ অক্টোবর ২০২৬, ২২ আশ্বিন ১৪৩৩

মুন্সীগঞ্জে পূজার প্রস্তুতি সভায় বিএনপি-জামায়াত নেতাকর্মীর হাতাহাতি

সংসদ সদস্য সদস্য শেখ মো. আবদুল্লাহ এবং ইউএনও হাছিবুর রহমানের সামনে এ ঘটনা ঘটে।

মুন্সীগঞ্জে পূজার প্রস্তুতি সভায় বিএনপি-জামায়াত নেতাকর্মীর হাতাহাতি

মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলা পরিষদ মিলনায়তনে সভা চলাকালে হট্টগোল।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 07 Oct 2026, 09:35 PM

Updated : 07 Oct 2026, 09:34 PM

শারদীয় দুর্গাপূজা উদযাপন উপলক্ষে মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলায় প্রস্তুতি সভায় বিএনপি ও জামায়াতে ইসলামীর নেতাকর্মীদের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটেছে। এ সময় উপজেলা জামায়াতের আমির লাঞ্ছিতের ঘটনাও ঘটে।

বুধবার সন্ধ্যায় উপজেলা পরিষদ মিলনায়তনে মুন্সীগঞ্জ-১ আসনের সংসদ সদস্য সদস্য শেখ মো. আবদুল্লাহ এবং উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হাছিবুর রহমানের সামনে এ ঘটনা ঘটে।

ভুল বোঝাবুঝি থেকে দুই পক্ষের মধ্যে এমন পরিস্থিতির সৃষ্টি হয় বলে জানিয়েছেন ইউএনও হাছিবুর রহমান।

প্রত্যক্ষদর্শীরা জানান, সভা চলাকালে বক্তব্য দিচ্ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক হাফিজুর রহমান। এক পর্যায়ে তিনি বলেন, “দেশে জামায়াতে ইসলামী অস্থিরতা সৃষ্টি করছে।”

তাৎক্ষণিক বিএনপি নেতার বক্তব্যের প্রতিবাদ জানান উপজেলা জামায়াতের আমির নুর জামান মীর। এ নিয়ে দুই পক্ষের মধ্যে কথা কাটাকাটি শুরু হয়। এক পর্যায়ে বিএনপি ও জামায়াতের নেতাকর্মীরা হাতাহাতিতে জড়িয়ে পড়েন।

এ সময় সভায় উপস্থিত পুলিশ ও উপজেলা প্রশাসনের কর্মকর্তারা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করেন। প্রায় ১০ মিনিট হট্টগোল চলার পর পরিস্থিতি শান্ত হয়। এ ঘটনার পর প্রস্তুতি সভা কিছু সময়ের জন্য স্থগিত করা হয়। পরে প্রশাসনের হস্তক্ষেপে পুনরায় সভা শুরু হয়।

এ বিষয়ে জানতে চাইলে উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক হাফিজুর রহমান বলেন, “আমি রাজনৈতিক প্রেক্ষাপটে বক্তব্য দিয়েছি।”

অপরদিকে উপজেলা জামায়াতের আমির নুর জামান মীর বলেন, “প্রশাসনিক সভায় রাজনৈতিকভাবে আমাকে হেয় এবং লাঞ্ছিত করা হয়েছে।”

পূজা সুষ্ঠুভাবে সম্পন্ন করতে সবাইকে সহনশীল থাকার আহ্বান জানিয়েছেন ইউএনও হাছিবুর রহমান।

সভায় আইনশৃঙ্খলা কমিটির সদস্য, উপজেলা প্রশাসনের কর্মকর্তা, পুলিশ, পূজা উদযাপন পরিষদ ও বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা উপস্থিত ছিলেন।