মানিকগঞ্জ সদর হাসপাতালের তত্ত্বাবধায়কের অপসারণ দাবিতে বিক্ষোভ
মানিকগঞ্জ জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক বাহাউদ্দীন বলেন, “আমার বিরুদ্ধে আনা সব অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত।”
মানিকগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. বাহাউদ্দিনের অপসারণের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
বুধবার দুপুরে হাসপাতাল প্রাঙ্গণে ‘মানিকগঞ্জ জেলার সর্বস্তরের জনগণ’ ব্যানারে এ কর্মসূচি পালিত হয়।
সমাবেশে অংশ নেওয়া মানুষের হাতে আওয়ামী লীগ আমলের ক্ষমতার অপব্যবহার, বৈষম্যবিরোধী আন্দোলনে আহতদের চিকিৎসায় বাধা প্রদান এবং পছন্দের ঠিকাদারকে কাজ পাইয়ে দেওয়ার নানা অভিযোগ সংবলিত ব্যানার-প্ল্যাকার্ড দেখা যায়। অনতিবিলম্বে এ কর্মকর্তাকে অপসারণ করা না হলে কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দেন বক্তারা।
সমাবেশে বক্তব্য দেন আমীর হামজা পিন্টু, আনোয়ার হোসেন, সাইদুর রহমান, নূরুল ইসলাম।
অভিযোগের বিষয়ে মানিকগঞ্জ জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. বাহাউদ্দীন বলেন, “আমার বিরুদ্ধে আনা সব অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত। আমি সরকারি নিয়ম মেনেই দায়িত্ব পালন করছি।"
বাহাউদ্দীন ২০২২ সালের ২৫ মে থেকে হাসপাতালটির তত্ত্বাবধায়ক হিসেবে কর্মরত রয়েছেন।
