Published : 22 Jul 2023, 05:32 PM
সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে নির্মাণাধীন ভবনের ৯ তলা থেকে পড়ে এক শ্রমিকের মৃত্যু হয়েছে।
শনিবার জালালাবাদ থানার ওসি সাইফুল ইসলাম রুকন জানান, সকাল সোয়া ১০টার দিকে বিশ্ববিদ্যালয়ের ড. এম এ ওয়াজেদ মিয়া ইনস্টিটিউট অব ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি (আইআইসিটি) ভবনের বর্ধিতাংশের নির্মাণ কাজ করার সময় এ ঘটনা ঘটে।
নিহত ১৯ বছর বয়সি আরিফুল ইসলাম কুড়িগ্রাম জেলার জাফর ভিটার মো. মাহাবুলের ছেলে।
ভবনের নির্মাণ শ্রমিকদের বরাত দিয়ে ওসি সাইফুল ইসলাম রুকন বলেন, সকাল থেকে ভবনটির ৯ তলার উত্তর-পশ্চিম পাশের দেয়ালের কার্নিশে কাজ করছিলেন আরিফুল। বেলা সোয়া ১০টার দিকে সেখান থেকে পড়ে পঞ্চম তলার পাশে থাকা টিনের নিরাপত্তা ছাউনি ভেদ করে মাটিতে পড়ে যান তিনি।
তিনি বলেন, “এ সময় তার মাথা-মুখ-কানে আঘাত লেগে কপাল ও মুখ থেকে অতিরিক্ত রক্তক্ষরণ হতে থাকে। তাৎক্ষণিক তাকে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।”
ওসি বলেন, “তবে ভবনে কাজ করার সময় ওই শ্রমিকের নিরাপত্তা সামগ্রী ছিল কি-না বিষয়টি নিশ্চিত হওয়া যায়নি।”
আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে; ময়নাতদন্ত শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে বলে জানান পুলিশের এই কর্মকর্তা।
বিশ্ববিদ্যালয়ের প্রক্টর কামরুজ্জামান চৌধুরী বলেন, তার পরিবারকে বিষয়টি অবহিত করা হয়েছে। মরদেহ সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে মর্গে পাঠানো হয়েছে।
মেসার্স এসএবিইএল অ্যান্ড বিবিএল (জেভী) নামের একটি ঠিকাদারি প্রতিষ্ঠান আইআইসিটি ভবনটির পঞ্চম তলা থেকে ১০ তলার নির্মাণ কাজ করছেন।
নির্মাণ শ্রমিকের মৃত্যু বিষয়টি জানতে ওই প্রতিষ্ঠানটির প্রকৌশলী শাহিনুজ্জামানকে একাধিকবার কল দিলে তিনি রিসিভ করেননি।