Published : 18 Feb 2024, 10:00 AM
গাজীপুরের বাসন থানা এলাকায় চা দোকানের পাওনা ৩০০ টাকা চাওয়ায় এক তরুণকে কুপিয়ে হত্যা করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। এ ঘটনায় দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে।
বুধবার নিজ কার্যালয়ে সংবাদ সম্মেলনে এ তথ্য জানিয়েছেন গাজীপুর মহানগর পুলিশের উপ-কমিশনার আবু তোরাব শামছুর রহমান।
ঘটনার একদিন বাদে মঙ্গলবার কুমিল্লার লাকসাম উপজেলায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারা হলেন- ময়মনসিংহের কুকাইল গ্রামের আব্দুল মান্নানের ছেলে ফারুক হোসেন এবং একই জেলার বৌলী কুড়াইল গ্রামের আফজালের ছেলে জুবায়ের।
নিহত ১৯ বছর বয়সি আরিফ হোসেন গাজীপুরের কাপাসিয়া উপজেলার জামাদিগ্রাম এলাকার আবদুল মান্নানের ছেলে। তিনি বাসন থানার দিঘিরচালা এলাকায় চায়ের দোকান করতেন।
এ ঘটনায় ওই তরুণের মা আকলিমা আক্তার বাদী হয়ে বাসন থানায় হত্যা মামলা করেছেন।
উপ-কমিশনার শামছুর রহমান বলেন, আরিফের দোকানে নিয়মিত চা, সিগারেট খেতেন ফারুক। এক পর্যায়ে তার কাছে ৩০০ টাকা পাওনা হয় আরিফের। সোমবার রাতে স্থানীয় তুষারের বাড়ির সামনে ফারুক সঙ্গে দেখা হলে তার পাওনা টাকা চান আরিফ।
“এতে ক্ষিপ্ত হয়ে আরিফকে গালিগালাজ করেন ফারুক। প্রতিবাদ করলে ফারুক, তার সহযোগী অজ্ঞাত পরিচয় দুই থেকে তিন জন আরিফকে মারধরের চেষ্টা করেন।
“তাদের হাত থেকে বাঁচাতে দৌড় দিলে পেছন থেকে ফারুক ও তার সহযোগীরা আরিফকে লাথি মেরে ফেলে দেয়। এক পর্যায়ে ফারুক তার হাতে থাকা ধারাল অস্ত্র দিয়ে আরিফের গলার নিচে এবং দুই পায়ে কোপ দিয়ে পালিয়ে যান।”
স্থানীয়রা আরিফকে গুরুতর অবস্থায় উদ্ধার করে শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন বলে জানান উপ-কমিশনার শামছুর।
[প্রতিবেদনটি প্রথম প্রকাশিত হয়েছিল ০৪ অক্টোবর ২০২৩ তারিখে: ফেইসবুক লিংক]