১৮ সেপ্টেম্বর ২০২৬, ০২ আশ্বিন ১৪৩৩

কুয়াশা: সা‌ড়ে ৫ ঘণ্টা দৌলতদিয়া-পাটুরিয়া ফেরি বন্ধে ভোগান্তি

ভোর ৫টার দিকে কুয়াশার ঘনত্ব বেড়ে গেলে দুর্ঘটনা এড়াতে ফেরি বন্ধ করে দেয় কর্তৃপক্ষ।

রাজবাড়ী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Jan 2023, 11:33 AM

Updated : 02 Jan 2023, 11:38 AM

ঘন কুয়াশার কারণে সা‌ড়ে পাঁচ ঘন্টা দৌলত‌দিয়া-পাটু‌রিয়ায় ফেরি ব‌ন্ধ ছিলো। এ সময় তীব্র শীতে ভোগান্তিতে পড়েন যাত্রীরা।

কুয়াশা কেটে গেলে সোমবার সকাল সাড়ে ১০টায় ফে‌রি চলাচল শুরু হয় বলে বিআইডব্লিউটিসি দৌলতদিয়া ঘাট শাখার ব‍্যবস্থাপক মো. সালাহউদ্দিন জানান।

তিনি বলেন, মাঝ রাত থেকে কুয়াশা বাড়তে থাকে; ভোর ৫টার দিকে ঘনত্ব বেড়ে নদী পথ দৃষ্টি সীমার বাইরে চলে যায়। ফলে নৌ দুর্ঘটনা এড়াতে দৌলত‌দিয়া-পাটু‌রিয়া রুটে ফেরি চলাচল বন্ধ করে দেওয়া হয়।

সে সময় মাঝ নদীতে দুইটি ফেরি ও ঘাটে বেশ কিছু যানবাহন আটকা পড়লে ভোগান্তিতে পড়েন চালক ও যাত্রীরা।

সকাল ৮টার দৌলতদিয়া ফেরি ঘাটে গিয়ে দেখা যায়, কুয়াশায় ঢাকা পড়ে আছে ঘাটের চারপাশ। ফেরি বন্ধ থাকায় ঘাটে কিছু যানবাহন পারপারের অপেক্ষায় থাকতে দেখা গেছে।

তবে তীব্র শীতের মধ্যে আটকা পড়া যাত্রী ও চালকরা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তাদের ভোগান্তির কথা জানান।

ঢাকাগামী রয়েল এক্সপ্রেস পরিবহনের যাত্রী মনিরুল ইসলাম বলেন, “বাইরে প্রচণ্ড শীত তাই বাসেই বসে আছি। আমার ফেরি ঘাটে বসে থাকার অনেক অভিজ্ঞতা আছে। গত বছর এগারো ঘণ্টা আটকে ছিলাম কুয়াশার কারণে।”

জরুরি কাজে ঢাকা যাওয়ার পথে ঘাটে আটক পড়েন রাজাবাড়ীর সামছুল আলম। সকাল নয়টার মধ্যে ঢাকায় পৌঁছানোর কথা থাকলেও সোয়া ৮টার দিকে তিনি ঘাটেই বসে ছিলেন।

ফরিদপুর থেকে আসা ট্রাক চালক তারেক খান বলেন, “কুয়াশার কারণে এমনিই গাড়ি চালানো দায়। তার উপর সকাল সাতটায় দৌলতদিয়া ঘাটে এসে দেখি ফেরি বন্ধ।”

ঢাকাগামী সজিব হোসেন নামের আরেক এক যাত্রী বলেন, “দৌলতদিয়া-পাটুরিয়া ফেরি ঘাট দিয়ে এখনও অনেক যানবাহন ও যাত্রী পারাপার হয়। কুয়াশার কারণে শীত মৌসুমে এই নৌপথের যাত্রীদের চরম ভোগান্তিতে পড়তে হয়।”