২৪ সেপ্টেম্বর ২০২৬, ০৯ আশ্বিন ১৪৩৩

রাজবাড়ীতে ঝুঁকিপূর্ণ বাঁকে মেটালিক আয়না বসাল সওজ

“আয়নায় খেয়াল করলে সামনে থাকা গাড়ি সম্পর্কে ধারণা পাওয়া যাবে। এতে দুর্ঘটনা কমবে।”

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 24 Sep 2026, 05:50 PM

Updated : 24 Sep 2026, 05:50 PM

রাজবাড়ী-কুষ্টিয়া মহাসড়কের ঝুঁকিপূর্ণ বাঁকে দুর্ঘটনা এড়াতে মেটালিক আয়না বসিয়েছে সড়ক ও জনপথ বিভাগ-সওজ।

এসব আয়নায় প্রতিফলিত হয়ে বিপরীত দিক থেকে আসা যানবাহন আগেভাগে দেখতে পারবেন চালকেরা। এতে দুর্ঘটনার ঝুঁকি কমবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা।

রাজবাড়ী সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী কুমারেশ বিশ্বাস বলেন, “রাজবাড়ী-কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কের ঝুঁকিপূর্ণ বাঁকে দশটি মেটালিক আয়না বসানো হয়েছে। এ উদ্যোগের সুফল পাওয়া গেলে দুর্ঘটনাপ্রবণ অন্যান্য বাঁকেও একই ব্যবস্থা নেওয়ার পরিকল্পনা রয়েছে।”

রাজবাড়ী-কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কে প্রতিদিন কয়েক হাজার যানবাহন চলাচল করে। সড়কের বিভিন্ন বাঁকে দৃষ্টিসীমা সীমিত থাকায় বিপরীত দিক থেকে আসা যানবাহন অনেক সময় চালকদের চোখে পড়ে শেষ মুহূর্তে। এতে হঠাৎ ব্রেক করা, ঝুঁকিপূর্ণ ওভারটেকিং এবং মুখোমুখি সংঘর্ষের আশঙ্কা থাকে।

এ পরিস্থিতিতে দুর্ঘটনার ঝুঁকি কমাতে মহাসড়কের কয়েকটি ঝুঁকিপূর্ণ বাঁকের বিপরীত পাশে মেটালিক আয়না বসানো হয়েছে। বাঁকের কাছে পৌঁছানোর আগে এসব আয়নায় সামনে থেকে আসা যানবাহনের অবস্থান দেখতে পারবেন চালকেরা।

ট্রাকচালক মোস্তাফা খান বলেন, “সড়কের বিভিন্ন বাঁকে যে আয়না বসানো হয়েছে, এটা খুবই ভালো উদ্যোগ। বাঁক পার হওয়ার সময় সামনে কী আছে, তা দেখা যায় না। এখন বাঁকের কাছে গেলে আয়নায় দেখা যায় সামনে কোনো গাড়ি আছে কি না। এতে আমাদের সুবিধা হবে।”

আরেক ট্রাকচালক আব্দুর রহিম বলেন, “পেছন থেকে কোনো গাড়ি ওভারটেক করলে লুকিং গ্লাসে আমরা দেখতে পাই। কিন্তু বাঁকে গেলে সামনে থেকে কী আসছে, সেটা দেখা যায় না। এখন আয়নায় খেয়াল করলে সামনে থাকা গাড়ি সম্পর্কে ধারণা পাওয়া যাবে। এতে দুর্ঘটনা কমবে।”

বাসচালক সোহেল মোল্লা বলেন, “আগে বাঁকে গেলে সামনে থেকে কোনো গাড়ি আসছে কি না, সেটা দেখা যেত না। এখন বাঁকের কাছে গেলে আয়নায় খেয়াল করে তা বোঝা যায়। আয়না লাগানোয় আমাদের উপকারই হবে।”

মোটরসাইকেলচালক ইয়াছিন হোসেন বলেন, “বাঁকে বিপরীত দিক থেকে আসা যানবাহন আগে থেকে দেখতে না পাওয়ায় প্রায়ই ঝুঁকিপূর্ণ পরিস্থিতির সৃষ্টি হয়। মেটালিক আয়না বসানোর ফলে এ সমস্যা কিছুটা কমবে বলে মনে করি। এটি নিঃসন্দেহে ভালো উদ্যোগ।”

সওজের প্রকৌশলী কুমারেশ বিশ্বাস বলছেন, “এ উদ্যোগের সুফল পাওয়া গেলে দুর্ঘটনাপ্রবণ অন্যান্য বাঁকেও একই ব্যবস্থা নেওয়ার পরিকল্পনা রয়েছে।”