সিলেটে এআই প্রশিক্ষণ কেন্দ্র করা হবে: বাণিজ্যমন্ত্রী
তথ্য ও যোগাযোগপ্রযুক্তি মন্ত্রীকে সিলেটে আনা হবে বলে জানান খন্দকার আব্দুল মুক্তাদির।
সিলেটে কৃত্রিম বুদ্ধিমত্তা-এআই প্রশিক্ষণ কেন্দ্র করা হবে বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির।
তিনি বলেন, “আগামী সপ্তাহ বা তার পরের সপ্তাহ ইনশাআল্লাহ আমি আমাদের তথ্য ও যোগাযোগপ্রযুক্তি মন্ত্রীকে সিলেট নিয়ে আসব। তার সঙ্গে আমি আলাপ করেছি, আমরা এখানে একটা এআই প্রশিক্ষণ কেন্দ্র করব।”
শনিবার দুপুরে নগরীর কুশিয়ারা কনভেনশন হলে সিলেট মহানগর ব্যবসায়ী সমিতির অভিষেক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, “দেশে অনেক তরুণ ফ্রিল্যান্সিং করে আয় করছেন। সিলেটের তরুণদেরও প্রশিক্ষণের মাধ্যমে তথ্যপ্রযুক্তি ও ফ্রিল্যান্সিংয়ে যুক্ত করার সুযোগ তৈরি করা হবে।”
বাণিজ্যমন্ত্রী বলেন, “প্রশিক্ষণ কেন্দ্রটি ভালোভাবে পরিচালনা করা গেলে সিলেটের অনেক তরুণ এই খাতে কাজের সুযোগ পাবেন। দক্ষতা বাড়াতে পারলে তারা দেশ-বিদেশের বিভিন্ন প্রতিষ্ঠানের সঙ্গেও কাজ করতে পারবেন।”
তিনি বলেন, “বাংলাদেশে অনেক ফ্রিল্যান্সার মাসে কয়েকশ থেকে কয়েক হাজার ডলার পর্যন্ত আয় করছেন। দক্ষতা বাড়ানোর সুযোগ পেলে সিলেটের তরুণরাও এই খাতে নিজেদের অবস্থান তৈরি করতে পারবেন।”
বাণিজ্যমন্ত্রী বলেন, “সিলেটে বিনিয়োগ ও কর্মসংস্থান বাড়াতে যোগাযোগব্যবস্থা, তথ্যপ্রযুক্তি ও আইনশৃঙ্খলার উন্নয়ন জরুরি। শুধু একটি খাতের উন্নয়ন দিয়ে একটি অঞ্চলের অর্থনৈতিক পরিবর্তন সম্ভব নয়। এ জন্য অবকাঠামো ও দক্ষ জনশক্তি তৈরিতে গুরুত্ব দিতে হবে।”
তিনি বলেন, বিনিয়োগ বাড়াতে যোগাযোগব্যবস্থার উন্নয়ন গুরুত্বপূর্ণ। সিলেট-ঢাকা মহাসড়ক ছয় লেনে উন্নীত করার পাশাপাশি রেল যোগাযোগের উন্নয়নেও কাজ করা হচ্ছে।
অনুষ্ঠানে সিলেট মহানগর ব্যবসায়ী সমিতির নেতারা ও ব্যবসায়ীরা উপস্থিত ছিলেন।
