২৬ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

শেরপুরে ১৪০ বোতল বিদেশি মদ জব্দ

ঝিনাইগাতী সীমান্ত থেকে বিজিবি ৯৬ বোতল ভারতীয় মদ এবং নালিতাবাড়ী থেকে ৪৪ বোতল বিদেশি মদ উদ্ধার করেছে এসআরবি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 26 Sep 2026, 06:15 PM

Updated : 26 Sep 2026, 06:15 PM

মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতির অংশ হিসেবে শেরপুরের দুই উপজেলা থেকে মোট ১৪০ বোতল বিদেশি মদ জব্দ করা হয়েছে। আটক করা হয়েছে একজনকে।

এর মধ্যে শনিবার ভোরে ঝিনাইগাতী সীমান্তে বিজিবি ৯৬ বোতল ভারতীয় মদ এবং শুক্রবার রাতে নালিতাবাড়ী থেকে ৪৪ বোতল বিদেশি মদ উদ্ধার করেছে এসআরবি।

ময়মনসিংহ ব্যাটালিয়ন (৩৯ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল নুরুল আমিন বায়েজীদ বলেন, ঝিনাইগাতী উপজেলার খ্রিষ্টানপাড়া এলাকায় বিজিবি তাওয়া কুচা বিওপির সদস্যরা শনিবার ভোরে চোরাচালান বিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে।

এ সময় মালিকবিহীন অবস্থায় ৯৬ বোতল ভারতীয় মদ জব্দ করা হয়। জব্দকৃত মদের সিজার মূল্য ১ লাখ ৪৪ হাজার টাকা।

লেফটেন্যান্ট কর্নেল নুরুল আমিন বায়েজীদ বলেন, ময়মনসিংহ ও শেরপুর জেলার আন্তর্জাতিক সীমান্তে মাদক, চোরাচালানি মালামাল ও অবৈধ অনুপ্রবেশ প্রতিরোধে বিজিবি দিনরাত দায়িত্ব পালন করছে।

অপরদিকে সিপিসি-১, এসআরবি-১৪, জামালপুর ক্যাম্প এর মাদকবিরোধী অভিযানে শেরপুরের নালিতাবাড়ী উপজেলার নন্নি বাজার এলাকা থেকে ৪৪ বোতল বিদেশি মদসহ মো. সজিব ইসলামকে (২৫) গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছেন কোম্পানির কমান্ডার মেজর লাবিব আহমেদ।

তিনি বলেন, তথ্যপ্রযুক্তির ভিত্তিতে শুক্রবার রাত অনুমান সাড়ে ৪টার দিকে নন্নী বাজার সংলগ্ন পাকা রাস্তার উপর অভিযান পরিচালনা করে মাদক কারবারিকে গ্রেপ্তার করে। পরে তার দেওয়া তথ্য ও দেখানো মতে তার হেফাজতে থাকা ৪৪ বোতল নেশাজাতীয় মাদকদ্রব্য বিদেশি মদ উদ্ধার করা হয়। এছাড়াও একটি মোবাইল ফোন জব্দ করতে সক্ষম হয়।

গ্রেপ্তারকৃত কারবারির বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য শেরপুরের নালিতাবাড়ী থানায় আলামতসহ হস্তান্তর করা হয়েছে বলেও জানান এসআরবির এ কর্মকর্তা।