Published : 27 Aug 2023, 11:51 PM
ভূমি কর্মকর্তাদের সংগঠন বাংলাদেশ ল্যান্ড অফিসার্স অ্যাসোসিয়েশনের নরসিংদী জেলা কমিটি গঠন করা হয়েছে।
শুক্রবার নরসিংদীর আঞ্চলিক সমবায় প্রশিক্ষণ ইনস্টিটিউটে জেলা কর্মকর্তাদের এক সাধারণ সভা শেষে কমিটি ঘোষণা করা হয়।
মো. লুৎফুল কবির রোকনের সভাপতিত্বে এবং মো. ফরহাদ মিয়ার সঞ্চালনায় সভায় প্রধান অতিথি ছিলেন সংগঠনের প্রধান উপদেষ্টা মো. মাহ্ আলম, প্রধান বক্তা ছিলেন সভাপতি এনামূল হক পলাশ।
এতে আরও বক্তব্য দেন সংগঠনের মহাসচিব আব্দুল্লাহ আল মামুন, সাংগঠনিক সম্পাদক মো. জাহিদুল আলম, সিনিয়র যুগ্ম মহাসচিব মো. কামরুজ্জামান, যুগ্ম মহাসচিব আবুল কালাম আজাদ।
সভা শেষে মো. সিরাজুল ইসলামকে সভাপতি, মোহাম্মদ এনামুর রহমান ভূঁইয়া অপুকে সাধারণ সম্পাদক করে সংগঠনের ১১ সদস্যবিশিষ্ট জেলা কমিটি গঠন করা হয়।
সভায় সংগঠনের সভাপতি এনামূল হক পলাশ সেবার মানসিকতা নিয়ে দক্ষ ও স্মার্ট ভূমি প্রশাসন গড়ে তোলার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।
এদিন আনুষ্ঠানিকভাবে সংগঠনের ঘোষণাপত্র প্রকাশ করা হয়।