Published : 22 Dec 2023, 09:40 PM
মেহেরপুর-২ আসনে নৌকার প্রার্থী আবু সালেহ মো. নাজমুল হক সাগরের নির্বাচনি কার্যালয়ে আগুন দিয়েছে দুর্বৃত্তরা।
শুক্রবার সকালে গাংনী উপজেলার রায়পুর ইউনিয়নের হেমায়েতপুর গ্রামে এ ঘটনা ঘটে বলে জানিয়েছেন গাংনী থানার ওসি মো. তাজুল ইসলাম।
এ ঘটনার পর থেকে এলাকায় উত্তেজনা বিরাজ করছে; যেকোনো পরিস্থিতি মোকাবিলায় ঘটনাস্থলে পুলিশ মোতায়েন রয়েছে।
রায়পুর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা গোলাম সাকলায়েন সেপু বলেন, “নির্বাচনী কার্যালয় পুড়িয়ে ভয়ভীতি দেখানোর চেষ্টা করছে প্রতিপক্ষ প্রার্থী। তবে ভোটাররা ব্যালটের মাধ্যমে এর সমুচিত জবাব দেবেন।”
নির্বাচনি কার্যালয়ের কর্মী শরীফুল ইসলাম বলেন, “বৃহস্পতিবার রাত ১২টার পর কার্যালয় বন্ধ করে বাড়ি চলে যাই। শুক্রবার সকালে হঠাৎ অফিসের ভেতর আগুন দেখে চিৎকার করি।
“পরে স্থানীয়দের এসে আগুন নেভায়। তবে ততক্ষণে সব মালামাল ছাই হয়ে যায়। আগুনে অফিসের বেশকিছু প্লাস্টিকের চেয়ার, টেবিল, পোস্টার ও আসবাবপত্র পুড়ে গেছে।”
তবে কে বা কারা কার্যালয়ে আগুন দিয়েছে সে ব্যাপারে নিশ্চিত করে কিছু বলতে পারেননি তিনি।
এ ঘটনা নিয়ে নৌকা প্রার্থী জেলা আওয়ামী লীগের স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক আবু সালেহ বলেন, নির্বাচনে শান্তিপূর্ণ পরিবেশ বিরাজ করছে। তবে একটি মহল এ পরিবেশকে অশান্ত করে তুলতে কার্যালয় আগুন দিয়েছে।
“কয়েকদিন আগে স্বতন্ত্র প্রার্থীর লোকজন হেমায়েতপুর গ্রামে একটি সভায় উসকানিমূলক ও কুরুচিপূর্ণ বক্তব্য দিলে এলাকায় উত্তেজনা ছড়িয়েছিল”, বলেন তিনি।
সেই বক্তব্যের পর তার কার্যালয় আগুন দেওয়া ঘটনা ঘটল বলে মন্তব্য করেন এ প্রার্থী।
গাংনী থানার ওসি মো. তাজুল ইসলাম বলেন, ঘটনার সঙ্গে জড়িতদের খুঁজে বের করার চেষ্টা চলছে। যেকোনো পরিস্থিতি মোকাবিলায় পুলিশের একাধিক টিম ও গোয়েন্দারা মাঠে নেমেছে।
মেহেরপুর-২ (গাংনী) আসনে স্বতন্ত্র প্রার্থী হিসাবে ট্রাক প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন গাংনী উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি ও সাবেক সংসদ সদস্য মকবুল হোসেন।