২৮ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩

নেত্রকোণায় টিসিবির ১৪৮ বস্তা চাল জব্দ

বারহাট্টা উপজেলার ইউএনও ফারজানা আক্তার ববির নেতৃত্বে অভিযান চালিয়ে চালগুলো উদ্ধার করা হয়।

নেত্রকোণা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Jan 2024, 07:46 PM

Updated : 17 Jan 2024, 08:54 PM

নেত্রকোণার বারহাট্টা উপজেলায় একটি বাসা থেকে টিসিবির ১৪৮ বস্তা চাল জব্দ করা হয়েছে।

বারহাট্টা থানার এসআই আবু সায়েম জানান, মঙ্গলবার রাত ৯টার দিকে অভিযান চালিয়ে উপজেলার চিরাম ইউনিয়ন পরিষদ কার্যালয় ও পাশের বামনগাঁও গ্রামের সমুজ মিয়ার বাড়ি থেকে এসব চাল জব্দ করা হয়।

বারহাট্টা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফারজানা আক্তার ববি অভিযানে নেতৃত্ব দেন। পরে জব্দ করা চাল থানার গুদামে সংরক্ষিত রাখা হয়।

অভিযানে সহকারী কমিশনার (ভূমি) মো. ফয়জুর রহমান ও বারহাট্টা থানার এসআই হারুন অংশ নেন বলে জানান সায়েম।

ইউএনও ফারজানা বলেন, “মঙ্গলবার চিরাম ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডে কার্ডধারীদের টিসিবির চাল, ডাল ও সয়াবিন তেল বিতরণ করা হয়। পরে কার্ডধারীদের কাছ থেকে এক ব্যক্তি ১১৪ বস্তা চাল (প্রতি বস্তা ৫০ কেজি) কম দামে কিনে বামনগাঁও গ্রামের একটি বাড়িতে রাখেন।

“গোপন খবরে অভিযান চালিয়ে চালগুলো জব্দ করা হয়। সেই সঙ্গে চিরাম ইউনিয়ন পরিষদে থাকা বিতরণ না হওয়া ৩৪ বস্তা চালও জব্দ করে থানায় নেওয়া হয়।”

এ ঘটনায় উপজেলা প্রশাসনের পক্ষ থেকে মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানান ফারজানা।