গোপালগঞ্জ বাসচাপায় কলেজ ছাত্র নিহত
বাস চালক নিয়ন্ত্রণ হারালে বাসটি ফুটপাতে থাকা অংকন বিশ্বাসসহ কয়েকজনকে চাপা দেয়।
গোপালগঞ্জের কোটালীপাড়ায় নিয়ন্ত্রণ হারানো বাসের চাপায় খুলনা কৃষি ডিপ্লোমা ইনস্টিটিউটের এক ছাত্র নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় আহত হয়েছেন আরও পাঁচ জন ।
বুধবার বেলা ১১টায় গোপালগঞ্জ-পয়সারহাট সড়কের কোটালীপাড়া উপজেলার তারাশী বাসস্ট্যান্ডের পাশে এ দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছেন কোটালীপাড়া থানার এসআই মনোজ কুমার।
নিহত অংকন বিশ্বাস তারাশী গ্রামের পল্লব বিশ্বাসের ছেলে। ২২ বছরের এ তরুণ খুলনা কৃষি ডিপ্লোমা ইনস্টিটিউটের ৬ষ্ঠ সেমিস্টারের ছাত্র।
এসআই মনোজ জানান, গোপালগঞ্জ থেকে ছেড়ে আসা যাত্রীবাহী একটি বাস তারাশী বাসস্ট্যান্ডের কাছে পৌঁছালে চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। এ সময় বাসটি ফুটপাতে থাকা অংকন বিশ্বাসসহ কয়েকজনকে চাপা দেয়।
এ সময় ঘটনাস্থলেই অংকন নিহত হন, আহত হন আরও পাঁচজন। আহতদের কোটালীপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
এ ঘটনার পর থেকে বাসচালক পলাতক রয়েছে। লাশ উদ্ধার করে গোপালগঞ্জ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে বলে জানিয়েছেন এ পুলিশ কর্মকর্তা।
