গৌরীপুরে স্থগিত কেন্দ্রের ভোট শনিবার
নিরাপত্তার জন্য কেন্দ্রে বসানো হয়েছে সিসিটিভি ক্যামেরা।
নির্বাচনে অনিয়মের অভিযোগে স্থগিত হওয়া ময়মনসিংহ-৩ গৌরীপুর আসনের ভালুকাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের ভোটগ্রহণ শনিবার হবে। এরইমধ্যে ভোটের সব প্রস্তুতি নিয়েছে প্রশাসন।
৭ জানুয়ারি সংসদ নির্বাচন চলাকালে ব্যালট বাক্স ছিনতাই ও হামলার কারণে গৌরীপুর উপজেলার সহনাটি ইউনিয়নের এ কেন্দ্রটির ভোট বাতিল করা হয়েছিল।
গৌরীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ নাহিদুল জানান, শনিবার সকাল ৮টা থেকে শুরু হয়ে বিকাল ৪টা পর্যন্ত ভালুকাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ভোট চলবে।
এ কেন্দ্রে মোট ভোটার ৩ হাজার ৩২ জন জানিয়ে নাহিদুল বলেন, ভোট গ্রহণের যাবতীয় প্রস্তুতি নেওয়া হয়েছে। নিরাপত্তার জন্য কেন্দ্রে সিসিটিভি ক্যামেরা লাগানো হয়েছে। ভোটাররা যাতে নির্বিঘ্নে ভোট দিতে পারেন, সেজন্য নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।
ভোটের দিন বিকালে দুই দফা এ কেন্দ্রে হামলা চালিয়ে ব্যালট বাক্স ভেঙে ব্যালট পেপার ছিনতাইয়ের ঘটনা ঘটে। পরে এ কেন্দ্রের ভোট গণনা ও ময়মনসিংহ-৩ আসনের ফলাফল ঘোষণা স্থগিত রাখে নির্বাচন কমিশন।
সেদিন ভালুকাপুর উচ্চ বিদ্যালয় কেন্দ্রের প্রিজাইডিং কর্মকর্তা নরোত্তম চন্দ্র রায় বলেছিলেন, সেখানে সুষ্ঠু ও সুন্দরভাবে ভোটগ্রহণ চলছিল। দুপুর আড়াইটার দিকে এক দুর্বৃত্ত এসে একটি কক্ষ থেকে একটি ব্যালট বাক্স ছিনতাই করে নিয়ে যায়। তার পরও ভোটগ্রহণ চলছিল।
এরপর বিকাল সোয়া ৪টার দিকে আরও লোকজন এসে কেন্দ্রে হামলা ও ভাঙচুর করে পাঁচটি ব্যালট বাক্সসহ ছিনতাই করে নিয়ে যায়। কেন্দ্র থেকে বিষয়টি সহকারী রিটার্নিং কর্মকর্তাকে জানানো হয়। পরে কেন্দ্রটির ভোট বাতিল করা হয়।
ময়মনসিংহ-৩ আসনের ৯২টি কেন্দ্রের মধ্যে ৯১টি কেন্দ্রের ফল পেয়েছে রিটার্নিং কর্মকর্তার কার্যালয়। এ আসনে নিলুফার আনজুম পপি নৌকা প্রতীকে ৫৩ হাজার ১৯৬ ভোট পেয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী সোমনাথ সাহা ট্রাক প্রতীকে পেয়েছেন ৫২ হাজার ২১১ ভোট।
সিইসি বলেন, সেখানে দুই প্রতিদ্বন্দ্বী প্রার্থীর ভোটের ব্যবধান ৯৮৫ ভোট।
ভোটে এগিয়ে থাকা নিলুফার আনজুম পপি প্রধানমন্ত্রীর সাবেক বিশেষ সহকারী প্রয়াত মাহবুবুল হক শাকিলের স্ত্রী। পপি ২০২২ সালের শেষ দিকে আওয়ামী লীগের গৌরীপুর উপজেলা সম্মেলনে সভাপতি নির্বাচিত হন। তার শ্বশুর অ্যাডভোকেট জহিরুল হক ময়মনসিংহ জেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি ও জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান।
