শেরপুরে ধর্ষণ মামলার প্রধান আসামি ঢাকায় গ্রেপ্তার
এসআরবি পাইকপাড়ার সহায়তায় ঢাকার শাহআলী এলাকায় অভিযান পরিচালনা করে তাকে গ্রেপ্তার করে এসআরবি জামালপুরের সদস্যরা।
শেরপুর নকলা থানার একটি ধর্ষণ মামলার প্রধান আসামিকে ঢাকার শাহআলী এলাকা থেকে গ্রেপ্তার করেছে এসআরবি।
সোমবার রাত সোয়া ৯টার দিকে এসআরবি-১৪, সিপিসি-১, জামালপুর ক্যাম্পের আভিযানিক দল তাকে গ্রেপ্তার করে বলে জানিয়েছেন কোম্পানির কমান্ডার মেজর লাবিদ আহমেদ।
মোঃ সফিকুল ইসলাম (৩৮) গত ১ সেপ্টেম্বর নারী ও শিশু নির্যাতন দমন আইনে নকলা থানায় হওয়া একটি মামলার প্রধান আসামি।
মঙ্গলবার দুপুরে এসআরবির দেওয়া প্রেস বিজ্ঞপ্তিতে মামলার এজাহারের বিবরণে বলা হয়, ভুক্তভোগী নারী (৩৩) ও মো. শফিকুল ইসলাম একই এলাকার বাসিন্দা এবং পূর্বপরিচিত। সেই সুবাদে আসামি প্রায়শই ভুক্তভোগীর বাড়িতে যাতায়াত করতো এবং তাকে উত্যক্ত করে আসছিল। ভুক্তভোগী নারী আসামির এমন অনৈতিক প্রস্তাবে রাজি না হওয়ায় আসামি তার ওপর ক্ষিপ্ত হয়ে ওঠে।
এরই জেরে এ বছরের ৩ এপ্রিল রাত আনুমানিক ১১টার দিকে শফিকুল জোরপূর্বক ভুক্তভোগী নারীর ঘরে ঢুকে তাকে ধর্ষণ করে। ফলে ভুক্তভোগী নারী চার মাসের অন্তঃসত্ত্বা হয়ে পড়েন।
পরবর্তীতে, ভুক্তভোগী নারী শেরপুরের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে একটি পিটিশন মামলা করেন। পরে আদালতের নির্দেশে নকলা থানায় নিয়মিত মামলা করা হয়।
মেজর লাবিদ আহমেদ বলেন, এসআরবি গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, ওই মামলার প্রধান আসামি সফিকুল ইসলাম ঢাকার শাহআলী থানা এলাকায় অবস্থান করছেন। প্রাপ্ত তথ্যের ভিত্তিতে সোমবার রাত সোয়া ৯টার দিকে এসআরবি-৪, সিপিসি-১, পাইকপাড়ার সহায়তায় সেখানে অভিযান পরিচালনা করে তাকে গ্রেপ্তার করতে সক্ষম হয়।
পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য গ্রেপ্তার আসামিকে মামলার তদন্তকারী কর্মকর্তার কাছে হস্তান্তর করা হয়েছে বলেও জানান এসআরবির এ কর্মকর্তা।
