২৮ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩

বছরের প্রথম দিন ঠান্ডার দাপট কুড়িগ্রামে, বিপাকে শ্রমজীবী

মঙ্গলবার সকাল ৬টায় জেলায় সর্বনিম্ন তাপমাত্রা ১২ দশমিক ২ ডিগ্রী সেলসিয়াস রেকর্ড করা হয়েছে।

কুড়িগ্রাম প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Jan 2024, 08:13 PM

Updated : 01 Jan 2024, 08:31 PM

দেশের উত্তর সীমান্তের জেলা কুড়িগ্রামে আবারও জেঁকে বসেছে শীত।

কনকনে ঠান্ডায় কাজে যেতে না পারায় সংসারের চাকা ঘোরেনি শ্রমজীবী ও নিম্ন আয়ের মানুষের। ঘন কুয়াশার কারণে দিনেও গাড়িতে জ্বালাতে হয়েছে হেড লাইট।

সোমবার সকাল ৬টায় জেলায় সর্বনিম্ন তাপমাত্রা ১২ দশমিক ২ ডিগ্রী সেলসিয়াস রেকর্ড করা হয়েছে বলে জানান কুড়িগ্রামের রাজারহাট কৃষি আবহাওয়া পর্যবেক্ষণাগারের ভারপ্রাপ্ত কর্মকর্তা সুবল চন্দ্র সরকার।

মঙ্গলবার থেকে তাপমাত্রা আরও নামতে পারে বলে আভাসও দিয়েছেন তিনি।

প্রচণ্ড ঠান্ডায় কাজে যেতে কী দুর্ভোগ পোহাতে হয়েছে, তা বলতে গিয়ে গলা ধরে আসে কুড়িগ্রাম সদর উপজেলার পাঁচগাছি ইউনিয়নের কৃষক হয়রত আলীর।

তিনি বলেন, “মানুষ তো বিছানা থেকেই উঠে নাই, আর আমরা গরু নিয়ে মাঠে যাচ্ছি। কাজ করতে গিয়ে হাত-পা বরফ হয়ে যায়, কিন্ত কি আর করার? কাজ না করলে তো আর সংসার চলবে না।”

যাত্রাপুর ইউনিয়নের মো. নুর ইসলাম বলেন, “গত দুইদিন ধরে থেকে খুবই ঠান্ডা, বাইরে তো বেরই হওয়া যাচ্ছে না। ছোট ছোট বাচ্চাদের নিয়ে সমস্যায় পড়েছি।

“যে হারে শীত পড়ছে তাতে বীজতলা নষ্ট হওয়ার সম্ভবনা আছে। দুঃশ্চিন্তায় আছি।”

এদিকে জেলার বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান গরম কাপড় বিতরণ করে শীতার্ত মানুষের পাশে দাঁড়াতে শুরু করেছে।