০৬ অক্টোবর ২০২৬, ২১ আশ্বিন ১৪৩৩

ঝিনাইদহে বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের ভাস্কর্যে জুতার মালা, ক্ষোভ

কয়েক মাস আগে নির্মাণাধীন এই ভাস্কর্যটি ভাঙচুর করা হয়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 06 Oct 2026, 08:38 PM

Updated : 06 Oct 2026, 08:38 PM

ঝিনাইদহ শহরের কেন্দ্রীয় বাস টার্মিনাল এলাকায় নির্মাণাধীন বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের ভাস্কর্যে জুতার মালা পরানোর ঘটনা ঘটেছে। এ ঘটনায় স্থানীয়দের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে।

মঙ্গলবার সকালে ভাস্কর্যের মাথায় জুতার মালা ঝোলানোর ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে দুপুরের দিকে তা সরিয়ে ফেলা হয় বলে জানিয়েছেন জেলা মুক্তিযোদ্ধা সংসদের নেতা মুক্তিযোদ্ধা কামালুজ্জামান।

ঝিনাইদহ সদর থানার ওসি মো. আসাদুজ্জামান বলেন, “আমরা ফেইসবুকে দেখে বিষয়টি জানতে পারি। এ ঘটনায় তদন্ত করছে পুলিশ।”

মুক্তিযোদ্ধা কামালুজ্জামান বলেন, “সোমবার রাতে কে বা কারা জুতা ঝুলিয়ে দেয়। দুপুরে খবর পেয়ে কয়েকজন মুক্তিযোদ্ধাকে সঙ্গে নিয়ে ঘটনাস্থলে গিয়ে তা অপসারণ করি। কয়েক মাস আগে নির্মাণাধীন এই ভাস্কর্যটি ভাঙচুর করা হয়।”

এ ঘটনায় সন্ধ্যায় ঝিনাইদহ জেলা প্রশাসক কার্যালয়ে বৈঠক হয়। পরে জেলা প্রশাসক মো. নোমান হোসেন বলেন, পুলিশকে ঘটনাটি তদন্ত করে আইনি ব্যবস্থা নিতে বলা হয়েছে।