২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

পূজামণ্ডপ যেন ডাকভবন

প্রতি বছরই দুর্গাপূজায় রাজশাহীর রানীবাজার মোড়ে দেখা মেলে নতুনত্বের।

পূজামণ্ডপ যেন ডাকভবন

রাজশাহীতে ডাকভবনের আদলে তৈরি করা হয়েছে পূজামণ্ডপ।

রাজশাহী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Oct 2023, 09:59 PM

Updated : 21 Oct 2023, 09:59 PM

রাস্তার পাশে গোলাকার লাল-সাদা রঙা ‘ডাকভবন’, তার সামনেই ছুটছে রানার; হাতে হারিকেন, কাঁধে লাঠিতে ঝোলানো চিঠির পোটলা।

এই ‘ডাকভবনের’ ভেতর থেকেই আসছে ঢাকের শব্দ, চলছে পূজা-অর্চনা। রাজশাহী নগরীর রানীবাজার মোড়ে এমন দৃশ্য দেখে কৌতুহলে দাঁড়িয়ে যাচ্ছেন অনেকেই।

শারদীয় দুর্গোৎসবে দুর্গতিনাশিনী দেবীর কাছে এখানেই প্রার্থনা জানাচ্ছেন স্থানীয় সনাতন ধর্মাবলাম্বীরা। অশুভ শক্তির বিনাশ করে কামনা করছেন বিশ্ব শান্তির।

প্রতি বছরই দুর্গাপূজায় রানীবাজার মোড়ে এমন বৈচিত্র্য আর নতুনত্বের দেখা মেলে। শিক্ষামূলক নানা বার্তা আর ঐতিহ্য তুল ধরতে নবরূপে সাজানো হয় পূজামণ্ডপ।

কালের বিবর্তনে প্রযুক্তির উৎকর্ষতায় যোগাযোগ যখন খুব সহজ হয়েছে, সেই সময়ে স্মৃতির পাতার চিঠির দিনগুলো আর ডাক বিভাগের ঐতিহ্য ফুটিয়ে তুলেছে স্থানীয় টাইগার সংঘ।

ডাকভবনের আদলে তারা তৈরি করেছে পূজামণ্ডপ। আর তার সামনেই একটু উঁচু বেদীতে বানিয়েছে ডাকহরকরা বা রানারের প্রতিমূর্তি।

এছাড়া মণ্ডপের দেয়াল জুড়ে বিভিন্ন সাজের সঙ্গে সেঁটে দেওয়া হয়েছে জাতির পিতা শেখ মুজিবুর রহমানসহ প্রখ্যাত ব্যক্তিদের হাতে লেখা চিঠি।

এবারের বাহারি আয়োজন সম্পর্কে জানতে চাইলে টাইগার সংঘ পূজামণ্ডপ কমিটির সাধারণ সম্পাদক পার্থপাল চৌধুরী বলেন, “প্রতিবার পূজায় ভিন্ন বার্তা আমরা দিয়ে থাকি। বর্তমান যুগে মোবাইল ফোনের ভিড়ে হারিয়ে যাওয়া চিঠি আদান প্রদানের পুরনো ঐহিত্য তুলে ধরতে আমাদের এই আয়োজন।”

এর আগে বাঘ সংরক্ষণের বার্তা দিতে পূজামণ্ডপ বানানো হয়েছিল বাঘের মুখের আকৃতিতে। এছাড়া বঙ্গবন্ধু স্যাটেলাইট, প্রয়াত ব্যান্ড তারকা আইয়ুব বাচ্চুর গিটারসহ বিভিন্ন ঐতিহ্য তুলে ধরা হয়েছিল বলে জানান পার্থপাল।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, “এক সময় মানুষের চিঠি আদান প্রদানের প্রধান মাধ্যম ছিল ডাক বিভাগ। ডাকপিয়ন বা ডাক হরকরা হাতে হারিকেন, কাঁধে লাটি আর চিঠির বস্তা নিয়ে বাড়ি বাড়ি চিঠি পৌঁছে দিত। এবার সেটাই তুলে ধরা হয়েছে।

“এসব চিত্র দেখে নতুন প্রজন্ম পুরনো ইতিহাস সম্পর্কে জানতে ও শিখতে পারবে বলে আমরা মনে করি।”

দুর্গোৎসব নির্বিঘ্নে আয়োজনে রাজশাহীতে আইনশৃঙ্খলা বাহিনীও তৎপর। সকালে টাইগার সংঘের এই পূজামণ্ডপ পরিদর্শন করেন র‌্যাব-৫ এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল রিয়াজ শাহরিয়ার।

পরে সাংবাদিকদের তিনি বলেন, আগে থেকেই গোয়েন্দা নজরদারিসহ নিরাপত্তা ব্যবস্থা বাড়ানো হয়েছে। আগামী ২৫ অক্টোবর পর্যন্ত এই নিরাপত্তা থাকবে। এজন্য সাড়ে ৩০০ র‌্যাব সদস্য দায়িত্ব পালন করছেন।