২৬ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

সাবেক স্ত্রী দ্বিতীয় বিয়ে করায় ছেলেকে হত্যা: আদালতে বাবার জবানবন্দি

নোয়াখালীর সুবর্ণচরের একটি ধান ক্ষেতের পাশ থেকে ১৪ বছরের কিশোরের লাশ উদ্ধার করে পুলিশ।

সাবেক স্ত্রী দ্বিতীয় বিয়ে করায় ছেলেকে হত্যা: আদালতে বাবার জবানবন্দি

নোয়াখালী আদালত থেকে আসামিকে কারাগারে নিয়ে যাচ্ছে পুলিশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 25 Sep 2026, 11:36 PM

Updated : 26 Sep 2026, 12:05 AM

নোয়াখালীর সুবর্ণচর উপজেলায় সাবেক স্ত্রী দ্বিতীয় বিয়ে করায় ক্ষোভে কিশোর ছেলেকে শ্বাসরোধ করে হত্যা করার কথা স্বীকার করে আদালতে জবানবন্দি দিয়েছেন এক বাবা।

শুক্রবার সন্ধ্যায় ১৬৪ ধারায় আসামির স্বীকারোক্তিমূলক জবানবন্দি রেকর্ড করেন নোয়াখালীর সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. হামিদুল ইসলাম।

মামলার তদন্ত কর্মকর্তা চরজব্বার থানার এসআই শাহ আলম বলেন, রাতে নোয়াখালীর চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত থেকে আসামিকে কারাগারে পাঠানো হয়েছে।

আসামি মো. ইব্রাহীম খলিল লক্ষ্মীপুরের কমলনগর উপজেলার চর জঙ্গালিয়া গ্রামের প্রয়াত তোফাজ্জল হকের ছেলে। শুক্রবার ভোরে নিজ এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে চরজব্বার থানা পুলিশ।

Image

নিহত মো. নাঈম।

নিহত কিশোরের নাম মো. নাঈম (১৪)। সোমবার সকালে সুবর্ণচর উপজেলার মধ্য বাগ্যা গ্রামের একটি ধান ক্ষেতের পাশ থেকে তার মৃতদেহ উদ্ধার করে পুলিশ।

এ ঘটনা বৃহস্পতিবার নাঈমের মা ফাতেমা আক্তার সুমি বাদী হয়ে ইব্রাহীম খলিলকে আসামি করে হত্যা মামলা করেন।

নাঈমের নানা এবায়েদ উল্যাহ বলেন, প্রায় তিন বছর আগে নাইমের মা-বাবার মধ্যে বিচ্ছেদ হয়। এরপর থেকে নাঈম সুবর্ণচরে নানা বাড়িতে থেকে স্থানীয় দারুল উলুম মাদানী নগর মাদ্রাসার নাজেরা বিভাগে পড়াশোনা করতো।

তিনি বলেন, রোববার রাতের খাবার খেয়ে নানা বাড়ির একটি কক্ষে ঘুমাতে যায় নাঈম। পরদিন সোমবার ফজরের নামাজ পড়ার জন্য তাকে ডাকাডাকি করে পাওয়া যায়নি। পরে সকালে বাড়ির অদূরে একটি ধান ক্ষেতের পাশ থেকে তার লাশ উদ্ধার করে পুলিশ।

মামলার এজাহারে করা হয়, তিন বছর আগে ইব্রাহিমের সঙ্গে সুমির বিবাহ বিচ্ছিন্ন হয়। এরপর থেকে তাদের নাঈম নানার বাড়িতে থেকে মাদ্রাসায় পড়াশোনা করছিল। কয়েকদিন আগে সুমি দ্বিতীয় বিয়ে করেন। এরপর থেকে সুমির ওপর ক্ষুব্ধ হয়ে ছেলের আয়-রোজগার খেয়ে দেবেন না বলে হুমকি দেন ইব্রাহীম খলিল।

আরও পড়ুন:

নোয়াখালীতে সাবেক স্ত্রীর বিয়ে, কিশোর সন্তানকে হত্যার অভিযোগে বাবা গ্রেপ্তার