৩০ সেপ্টেম্বর ২০২৬, ১৫ আশ্বিন ১৪৩৩

চাঁপাইনবাবগঞ্জে ডেঙ্গুতে নারীর মৃত্যু, একদিনে হাসপাতালে ভর্তি ৪৩

বর্তমানে সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন ১০৬ জন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 30 Sep 2026, 08:11 PM

Updated : 30 Sep 2026, 08:11 PM

চাঁপাইনবাবগঞ্জে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে এক নারীর মৃত্যু হয়েছে। সেইসঙ্গে ২৪ ঘণ্টায় ডেঙ্গু নিয়ে ৪৩ জন হাসপাতালে ভর্তি হয়েছেন।

বুধবার ভোররাতে সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ওই নারী মারা যান বলে জানিয়েছেন হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) মাহবুব হাসান।

মৃত ফেরদৌসী খাতুন (৩০) জেলা শহরের শিবতলা-চাঁদলাই এলাকার আরিফুল ইসলামের স্ত্রী।

চিকিৎসক মাহবুব হাসান বলেন, মঙ্গলবার বেলা ১১টার দিকে ফেরদৌসী হাসপাতালে ভর্তি হন। পরীক্ষায় তার ডেঙ্গু পজিটিভ আসে। চিকিৎসাধীন অবস্থায় ভোররাতে তার মৃত্যু হয়।

তিনি বলেন, গত ২৪ ঘণ্টায় হাসপাতালে ৪৩ জন ডেঙ্গু রোগী ভর্তি হয়েছেন। বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন ১০৬ জন।

হাসপাতাল কর্তৃপক্ষ জানায়, চলতি বছরের জানুয়ারি থেকে বুধবার পর্যন্ত জেলা হাসপাতালে এক হাজার ২৫৪ জন ডেঙ্গু রোগী চিকিৎসা নিয়েছেন।

এর আগে ২০ সেপ্টেম্বর ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আব্দুর রাজ্জাক (২৪) মারা যান। তিনি রানিহাটি এলাকার মো. বাদল আলীর ছেলে।