এখন সময় একটু সাশ্রয়ী হওয়ার: বাণিজ্যমন্ত্রী
‘রংপুরে বঙ্গবন্ধু’ শীর্ষক প্রকাশনা উৎসবে তিনি এসব কথা বলেন।
বৈশ্বিক সংকটের ধাক্কাই বাংলাদেশের অর্থনীতিতে লেগেছে এবং তা খুব শিগগির কেটে যাবে বলে মন্তব্য করেছেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি।
রংপুরে এক অনুষ্ঠানে তিনি বলেন, “এখন সময় হয়েছে, আমাদের প্রত্যেকের পারিবারিক জীবনে, সংসার জীবনে একটু সাশ্রয়ী হওয়ার। তবে বর্তমান সংকট, সমস্যা চিরস্থায়ী নয়।
যেভাবে শেখ হাসিনা চিন্তাভাবনা করে কাজ করছেন, তাতে বাংলাদেশ ঘুরে দাঁড়াবেই। এর জন্য খুব বেশি সময় লাগবে না।”
দুপুরে রংপুর জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে ‘রংপুরে বঙ্গবন্ধু’ শীর্ষক প্রকাশনা উৎসবে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন।
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে প্রকাশনাটি করেছে রংপুর সিটি করপোরেশন।
অনুষ্ঠানে বৈশ্বিক পরিস্থিতি তুলে ধরে টিপু মুনশি বলেন, “বলা হচ্ছে, জিনিসপত্রের দাম বেড়েছে। অবশ্যই আমাদের দেশে দাম বেড়েছে। কিন্তু আমরা তো বিশ্বের একটা অংশ। সয়াবিনসহ আমাদের শতকরা ৯০ ভাগ খাবার তেল আমদানি করতে হয়। সারা পৃথিবীতে দামটা কত? যারা আনবেন তারা কী দামে বিক্রি করবেন? এসবও আমাদের ভাবতে হবে।”
টক-শো আলোচকদের প্রতি ইঙ্গিত করে বাণিজ্যমন্ত্রী বলেন, “কতগুলো টেলিভিশন চ্যানেল খুললেই দেখবেন, যেন বাংলাদেশ শ্রীলঙ্কা হয়ে গেল। এরা (বিএনপি) বারবার যখন বিপদ আসে তখন কিন্তু এই সুরে গান ধরে। এরা কিন্তু সেই শক্তির উত্তরাধিকার, যারা এই দেশটাই চায়নি।”
এ সময় রংপুরে বঙ্গবন্ধুর বিভিন্ন সময়ের সফরের স্মৃতিচারণ করে বীর মুক্তিযোদ্ধা টিপু মুনশি বলেন, “আমরা বঙ্গবন্ধুকে ভুলতে পারি না। বঙ্গবন্ধু রংপুরে এসেছিলেন। এই বিভাগে এসেছিলেন। সাত মার্চের ঐতিহাসিক ভাষণে তিনি শংকু সমজদারের স্মরণে রংপুরের কথা বলেছেন।”
প্রকাশনা উৎসবের আলোচনা পর্বে সভাপতিত্ব করেন রংপুর সিটি করপোরেশনের মেয়র মোস্তাফিজার রহমান মোস্তফা। উপস্থিত ছিলেন রংপুর বিভাগীয় কমিশনার সাবিরুল ইসলাম, পুলিশের রংপুর রেঞ্জ ডিআইজি মোহাম্মদ আবদুল আলীম মাহমুদ, রংপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার নুরে আলম মিনা, জেলা প্রশাসক আসিব আহসান, জেলা পুলিশ সুপার ফেরদৌস আলী চৌধুরী, জেলা পরিষদ প্রশাসক ছাফিয়া খানম, সাবেক জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মোছাদ্দেক হোসেন বাবলু, জেলা আওয়ামী লীগের সভাপতি মমতাজ উদ্দিন আহমেদ, মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তুষার কান্তি মণ্ডল।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন ‘রংপুরে বঙ্গবন্ধু’ প্রকাশনা কমিটির প্রধান উপদেষ্টা ও সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা রুহুল আমিন মিঞা, কমিটির আহ্বায়ক ও ২০ নং ওয়ার্ড কাউন্সিলর তৌহিদুল ইসলাম, যুগ্ম আহ্বায়ক ও প্যানেল মেয়র মাহমুদুর রহমান টিটু।
প্রকাশনা অনুষ্ঠানের আলোচনা পর্ব শেষে বঙ্গবন্ধু স্মরণে শোকের গান ও কবিতা পরিবেশন করেন বিভিন্ন সংগঠনের শিল্পী।
