নওগাঁয় চালকলের বয়লার বিস্ফোরণে শ্রমিক নিহত, আহত ৪
সকালে হঠাৎ করেই বিকট শব্দে সদর উপজেলার হাঁপানিয়া এলাকার চালকলটির বয়লারে বিস্ফোরণ ঘটে। এতে চারদিক কালো ধোঁয়ায় ছেয়ে যায়।
নওগাঁয় চালকলের বয়লার বিস্ফোরণে এক শ্রমিক নিহত হয়েছেন। আরও চার শ্রমিক আহত হয়েছেন।
বুধবার সকালে সদর উপজেলার হাঁপানিয়া এলাকার হাজি ইসারত আলী চালকলে এ দুর্ঘটনাটি ঘটে বলে জানিয়েছেন নওগাঁ সদর মডেল থানা পুলিশের এসআই রেজাউল করিম।
নিহত আব্দুল খালেক (৪৫) ওই এলাকার বছির উদ্দিনের ছেলে।
স্থানীয় ও শ্রমিকদের বরাতে পুলিশ জানায়, প্রতিদিনের ন্যায় এদিনও শ্রমিকরা চালকলে ধান সিদ্ধ করার কাজ করছিলেন। সকালে হঠাৎ করেই বিকট শব্দে চালকলটির বয়লারে বিস্ফোরণ ঘটে। এতে চারদিক কালো ধোঁয়ায় ছেয়ে যায়।
এ সময় শ্রমিকরা ছোটাছুটি শুরু করে এবং আতঙ্কিত হয়ে পড়ে। পরে ধোঁয়া কিছুটা কমে গেলে শ্রমিকরা এসে দেখেন চাতালে আব্দুল খালেক পড়ে আছেন।
তাকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হলে চিকিৎসক মৃত ঘোষণা করে।
এ ঘটনায় আহত চার শ্রমিক বর্তমানে নওগাঁ ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
সেসময় চাতালে কাজ করছিলেন হামিদা বেগম। তিনি বলেন, “একসাথেই কাজ করলাম। একটু পর দেখলাম খালেক ভাই আর নেই। জীবনের ঝুঁকি নিয়ে আমাদেরকে কাজ করতে হয়। চাতালগুলোতে আমাদের জীবনের কোনো নিরাপত্তা নাই। আমরা নিরাপত্তার সাথে কাজ করতে চাই। ”
এসআই রেজাউল করিম বলেন, “তদন্ত করে দেখা হচ্ছে। তদন্ত শেষে বলা যাবে কী কারণে এই বিস্ফোরণ ঘটেছে।
নিহত আব্দুল খালেকের মরদেহ আইনগত প্রক্রিয়া শেষে পরিবারের সদস্যদের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে।
ঘটনার পর থেকে চালকল মালিক পলাতক রয়েছেন বলেও জানান এ পুলিশ কর্মকর্তা।
