মেট্রো রেলের আরও ৮ কোচ, ৪ ইঞ্জিন মোংলা বন্দরে
এর মধ্য দিয়ে মেট্রো রেলের ১১তম চালান মোংলা বন্দরে এলো
রাজধানীর মেট্রো রেলের আরও আটটি কোচ ও চারটি ইঞ্জিন মোংলা বন্দরে এসে পৌঁছেছে।
পানামার পতাকাবাহী জাহাজ ‘এমভি হোসি ক্রাউন’ মেট্রো রেলের ১১তম চালানে দুই সেট ট্রেনসহ ৩৪ প্যাকেজ মেশিনারি পণ্য নিয়ে সোমবার সকাল পৌনে ১০টায় বন্দরের ৭ নম্বর জেটিতে ভিড়ে।
মোংলা সমুদ্র বন্দর কর্তৃপক্ষের সচিব কালাচাঁদ সিংহ বলেন, “গত ২৭ জুলাই জাপানের কোবে বন্দর থেকে মেট্রো রেলের ইঞ্জিন ও বগিসহ এসব মালামাল নিয়ে জাহাজটি মোংলা বন্দরের উদ্দেশে যাত্রা করেছিল।
জাহাজটি বন্দর জেটিতে নোঙড় করার পরই মালামাল খালাস শুরু হয়েছে বলেও জানান সচিব।
জাহাজটির স্থানীয় এজেন্ট এনশিয়েন্ট স্টিম শিপ কোম্পানির ব্যবস্থাপক মো. ওয়াহিদুজ্জামান বলেন, মেট্রো রেলের আটটি বগি ও চারটি ইঞ্জিনসহ ৩৪ বক্স মেশিনারি পণ্য এসেছে জাহাজটিতে। জাহাজ থেকে মালামাল বার্জে তোলা হচ্ছে। পরে নদীপথে এসব মালামাল ঢাকার উত্তরার দিয়াবাড়ী মেট্রো রেলের ডিপোতে নেওয়া হবে।
রাজধানী ঢাকায় মেট্রো রেল প্রকল্পের জন্য ২৪ সেট ট্রেন তৈরি করছে জাপানের কাওয়াসাকি-মিতসুবিশি। প্রতি সেট ট্রেনের দুই পাশে দুটি ইঞ্জিন থাকবে। এর মধ্যে থাকবে চারটি করে কোচ।
ট্রেনগুলোতে ডিসি ১৫০০ ভোল্ট বিদ্যুৎ সরবরাহের ব্যবস্থা থাকবে। স্টেইনলেস স্টিল বডির ট্রেনগুলোতে থাকবে লম্বালম্বি আসন। প্রতিটি ট্রেনে থাকবে দুটি হুইল চেয়ারের ব্যবস্থা। শীতাতপ নিয়ন্ত্রিত প্রতিটি বগির দুই পাশে থাকবে চারটি করে দরজা। প্রতিটি ট্রেনের যাত্রী ধারণক্ষমতা হবে এক হাজার ৭৩৮ জন।
এ নিয়ে মোংলা বন্দর দিয়ে মেট্রো রেলের ৭০টি কোচ ও ৩৪টি ইঞ্জিন এসেছে বলে জানান বন্দর সচিব কালাচাঁদ সিংহ।
