০২ অক্টোবর ২০২৬, ১৬ আশ্বিন ১৪৩৩

কুষ্টিয়ায় শিশু সাংবাদিকতায় হ্যালোর দিনব্যাপী কর্মশালা

গত অক্টোবরে একই বিষয়ে তিনদিনের কর্মশালায় অংশ নেওয়া ২০ শিশুর মধ্য থেকে ১০ জনকে এবারের কর্মশালার জন্য বাছাই করা হয়।

কুষ্টিয়া প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Jan 2024, 08:46 PM

Updated : 27 Jan 2024, 01:01 PM

কুষ্টিয়ায় শিশু সাংবাদিকতার ওপর হ্যালো ডট বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার সকাল ১০টায় শহরের খেয়া রেস্তোরাঁর সম্মেলন কক্ষে হ্যালো বিডি আয়োজিত কর্মশালার সহযোগিতায় ছিল জাতিসংঘ শিশু তহবিল ইউনিসেফ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের জেলা প্রতিনিধি হাসান আলীর সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন কুষ্টিয়া সরকারি কলেজের অধ্যক্ষ শিশির কুমার রায়।

বিশেষ অতিথি ছিলেন মহিলাবিষয়ক অধিদপ্তর কুষ্টিয়ার উপ পরিচালক নুরে সফুরা ফেরদৌস।

গত অক্টোবরে একই বিষয়ে তিনদিনের কর্মশালায় অংশ নেওয়া ২০ শিশুর মধ্য থেকে ১০ জনকে একদিনের কর্মশালার জন্য বাছাই করা হয়।

এতে শিশু সাংবাদিকদের হাতেকলমে ভিজ্যুয়াল রিপোর্টিংয়ের কৌশল দেখান হ্যালো ডট বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের সহ সম্পাদক সাদিক ইভান।

কর্মশালায় মহিলাবিষয়ক অধিদপ্তরের নূরে সফুরা ফেরদৌস শিশু অধিকার ও বাল্যবিয়ে রোধে করণীয়, কৌশল ও চ্যালেঞ্জ মোকাবেলার নানা দিক তুলে ধরেন।

তিনি বলেন, “বাল্যবিয়ের কুফল বিষয়ে বেশি বেশি সংবাদ করার মাধ্যমে সামাজিক জাগরণ সৃষ্টিতে শিশু সাংবাদিকরা যুগান্তকারী ভূমিকা পালন করতে পারে।”

অধ্যক্ষ শিশির কুমার রায় বলেন, “শিশুদের মধ্যে লুকিয়ে থাকা সুপ্ত প্রতিভার বিকাশে এই শিশু সাংবাদিকদের হাতেকলমে শেখানোর আয়োজনের সঙ্গে যারা জড়িত এবং যেসব শিশু এ কর্মশালা থেকে প্রশিক্ষণ নিয়ে সমাজের নানা অসংগতি তুলে ধরে সচেতনতা সৃষ্টির কাজ করছে তাদের ধন্যবাদ জানানোর ভাষা নেই।”

আরও পড়ুন:

পুরানো খবর:

হবিগঞ্জে শিশু সাংবাদিকতায় হ্যালোর দিনব্যাপী কর্মশালা