ফরিদপুর মেডিকেলে হাজতির মৃত্যু
তিনি একটি হত্যা মামলায় গ্রেপ্তারের পর থেকে কারাগারে ছিলেন।
ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের প্রিজন সেলে চিকিৎসাধীন হত্যা মামলায় কারাগারে থাকা এক হাজতির মৃত্যু হয়েছে।
বুধবার রাত ২টা ৪৫ মিনিটের দিকে হাসপাতালের মেডিসিন ওয়ার্ডের প্রিজন সেলে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান বলে জানিয়েছেন ফরিদপুরের জেল সুপার সাখাওয়াত হোসেন।
মৃত ফজল শেখ সদর উপজেলার পূর্ব আলীয়াবাদ গ্রামের নুর প্রামাণীকের ছেলে। তিনি একটি হত্যা মামলায় গ্রেপ্তারের পর থেকে কারাগারে ছিলেন।
জেল সুপার সাখাওয়াত হোসেন বলেন, সোমবার রাত ১টার দিকে নিম্ন রক্তচাপ নিয়ে ফজল শেখকে প্রথমে সদর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। পরে তার অবস্থার অবনতি হলে দ্রুত ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার রাত পৌনে ৩টার দিকে তার মৃত্যু হয়।
তিনি বলেন, চিকিৎসকের দেওয়া তথ্য মতে, ফজল শেখের মৃত্যুর কারণ হিসেবে ‘Irreversible Cardiorespiratory Arrest’ এবং ‘Cardiogenic Shock’ উল্লেখ করা হয়েছে।
ফজল শেখের বিরুদ্ধে ২০২৫ সালের ৫ ফেব্রুয়ারি কোতোয়ালি থানায় জিআর-৬৭/২৫, দণ্ডবিধির ৩০২/৩৪ ধারায় মামলা রয়েছে।
