যশোরে বিদ্যুৎস্পৃষ্টে ভাই-বোনের মৃত্যু
তারা গ্রামের বাড়ি বেড়াতে এসেছিল
যশোরের বাঘারপাড়া উপজেলায় বিদ্যুৎস্পৃষ্টে ভাই-বোনের মৃত্যু হয়েছে।
শুক্রবার সকাল সাড়ে ১১টার দিকে উপজেলার ভদ্রডাঙ্গা গ্রামে এ ঘটনা ঘটে বলে বাঘারপাড়া থানার ওসি ফিরোজ উদ্দিন জানান।
নিহতরা হলো- গ্রামের কবির হোসেনের ছেলে যশোর জিলা স্কুলের সপ্তম শ্রেণির ছাত্র আবু হুসাইন আকাশ (১৪) এবং মেয়ে জান্নাতুল সামিরা (৫)। কবির হোসেন যশোর সেনানিবাসে ল্যান্স করপোরাল হিসেবে কর্মরত আছেন।
স্বজনদের বরাত দিয়ে ওসি ফিরোজ উদ্দিন বলেন, কবির হোসেন যশোর শহরেই পরিবার নিয়ে থাকেন। বৃহস্পতিবার তিনি পরিবার নিয়ে গ্রামে আসেন।
“সকালে দুই ভাই-বোন বাড়ির ছাদে ওঠে। এ সময় হয়তো পাশের বিদ্যুতায়িত সাইনবোর্ড স্পর্শ করে।”
ওসি আরও বলেন, পরিবারের লোকজন তাদের খুঁজে না পেয়ে ছাদে উঠে পরষ্পরকে স্পর্শ করা অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখে। এরপর যশোর জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক দুজনকে মৃত ঘোষণা করেন।
যশোর জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক শুভাশীষ রায় বলেন, বেলা ১২টার দিকে ভাই-বোনকে হাসপাতালে আনা হয়। আবু হুসাইন আকাশ ছিল মৃত। জান্নাতুল সামিরা ১২টা ২০ মিনিটে মারা যায়।
মৃতদের চাচা সাজ্জাদ হোসেন বাচ্চু বলেন, “ধারণা করা হচ্ছে, সাইনবোর্ড স্পর্শ করে তারা বিদ্যুৎস্পৃষ্ট হয়।”
